মউ নেই, তবু থাকুক সেই মউয়ের দোয়ান…
সুকান্ত মিত্র :: পাঁচ দশকের গর্বিত ইতিহাস আর ঐতিহ্যময় বসন্তের রাজসাক্ষী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই রেলস্টেশনের কাছাকাছি রাস্তার পাশেই দেখা মিলবে ছোট একটি খাবারের দোকান। দোকানের উপরের সাইনবোর্ডে বড় হরফে লেখা ‘মউর দোয়ান’।স্বাধীনতার পর থেকে প্রায় চার দশকেরও বেশি সময় ধরে দোকানটা চালিয়ে আসছেন গুরা মিয়া সওদাগর। তবে, ক্যাম্পাসে সবার কাছে মউ (মামা) নামে পরিচিত তিনি।
বিশ্ববিদ্যালেয়ের ভিসি, প্রোভিসি কিংবা নিজের অনুষদের শিক্ষকদের নাম জানে না এমন শিক্ষার্থীর সংখ্যা হয়ত অনেক পাওয়া যাবে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সাবেক, বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর যারা না ‘মউকে’ চিনেন না এবং এই মউয়ের দোকানের সাথে পরিচিত নন।
সারাদিনের ক্লাস, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা শেষে বন্ধুবান্ধবরা সবাই এসে মিলিত হয় এই মউয়ের দোয়ানে। মউয়ের হাতের তৈরি গরম সিংগারা, খিচুড়ি আর ধোঁয়া উঠা চায়ের কাপের উষ্ণতার সাথে জমে উঠে আড্ডা, গান, হৈচৈ। ক্যাম্পাসে এ দোকান যেন শিক্ষার্থীদের জন্য এক মিলনমেলার তীর্থস্থান।
চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল, শহীদ মিনার, জারুল তলা, প্যাগোডার মতো মউয়ের দোকানও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্যের একটা অংশ। তাইতো গত বছর চবির সুবর্ণ জয়ন্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বানানো ডকুমেন্টারিতে মউয়ের দোয়ানকে বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে। তাছাড়া গতবছর বাংলা বিভাগের পরীক্ষার প্রশ্নেও বিষয়বস্তু হিসেবেও মউয়ের দোয়ান জায়গা করে নিয়েছে।
মান্না দের ‘কফি হাউজ’ কিংবা ঢাবির ‘মধুর ক্যান্টিন’ হয়ত চবিতে নেই, কিন্তু মউয়ের দোয়ান স্থান করে নিয়েছে সে জায়গায়। এখানেও শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে ধোঁয়া উঠা চায়ের কাপের উষ্ণতার সাথে আড্ডা জমে ওঠে। সোনালী বিকেলে মউয়ের হাতের বানানো নাস্তার সাথে গলা বেসুরা বাউল।
চার দশকেরও বেশি সময় ব্যবসা করে অর্থ সঞ্চয়ের চেয়ে হাজারো গুণ বেশি করেছেন মানুষের ভালোবাসা সঞ্চয়। কিন্তু গত ১৫ সেপ্টেম্বর-২০১৭ শুক্রবার ভোরে হৃদরোগের কারণে চট্টগ্রাম মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকলের শ্রদ্ধাস্পদ মউ। অনন্য জীবন দর্শনের এক সার্থক মনের মানুষ এই মউ (মামা)। রক্তের বন্ধন না থাকা সত্ত্বেও যিনি ব্যবসায়িক মনোভাবের ঊর্ধ্বে গিয়ে হাজার হাজার ভাগিনা-ভাগ্নির সাথে গড়ে তুলেছিলেন নিবিড় এক আতœার বন্ধন। তিনি চলে গেলেন সেদিন না ফেরার দেশে।
৭০ এর কাছাকাছি বয়সেই জীবন নামক অধ্যায়ের ইতিচিহ্ন টানেন তিনি। ৫ ঘণ্টার ব্যবধানে স্বর্গবাসি হন স্ত্রীও। ভালোবাসার মায়াজালের সুতোয় আবদ্ধ থাকা দুজন স্বামী-স্ত্রী মৃত্যুপথেও একজন আরেকজনের সঙ্গী হয়েছেন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আবারো এক হলেন দুই অভিন্ন আতœা।
বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনের পাশে সেই বিখ্যাত মউয়ের দোয়ান আছে, থাকবে আরও শত বছর। প্রতিদিন নিয়ম করে হয়তো প্লাটফর্মে শাটল আসবে, যাবে। নবীন শিক্ষার্থীদের আগমন ঘটবে সবুজ চত্ত্বরে, বিদায় নিবে প্রবীণরা। টেবিল চাপড়িয়ে গান হবে, আড্ডা হবে, কিন্তু ওই বিখ্যাত দোকানের চেয়ারটাতে আর বসবেন না মউ।
হাজারো সাবেক আর বর্তমান শিক্ষার্থীর ভালোবাসায় সিক্ত ‘মউ’ আর ‘মউয়ের দোয়ান’ দুটোই শক্তপোক্ত ভিত হয়ে সকলের হৃদয়ের গহীনে গেঁথে থাকুক আজীবন স্মৃতির ফলক হয়ে…।