যেমন আছে চট্টগ্রামের বধ্যভূমিগুলো…
মুনির ফারুক :: বধ্যভূমি, একটি শব্দ। যে শব্দটি শোনার সাথে সাথে শরীর হিম হয়ে যায়। অন্তর জ্বলে উঠে দ্রোহে। হৃদয়ের মনিকোঠায় ভেসে উঠে স্বজন হারানোর বেদনা। অবশ্য তাদের কথা ভিন্ন যারা নাপাক পাকি প্রেতাত্মা।
বধ্যভূমির শাব্দিক অর্থটা ঠিক এরকমই- ‘যে ভূমিতে জান বধ করা হয়েছে’। বধ্যভূমি নিয়ে উইকিপিডিয়াতে কোনো সংজ্ঞা নেই। নেই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত কোনো সংজ্ঞাও। এমনটিই জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, গেরিলা যোদ্ধা লেখক ডা. মাহফুজুরর রহমান।
তিনি জানান- এখনো ঠিক হয়নি কারা মুক্তিযোদ্ধা! অর্থাৎ মুক্তিযোদ্ধারও নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই! আগেতো মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারিত হবে, তারপর বধ্যভূমি।
সে যাই হোক, আমরা ফিরছি বধ্যভূমি নিয়ে। ১৯৭১ সালে সারা দেশটাই ছিল একপ্রকার বধ্যভূমি। কারণ এমন কোন গ্রাম নেই, নেই পাড়া মহল্লা যেখানে হানাদার আর তার দোষর মিলে নির্বিচারে হত্যাকা- চালায়নি। তবে ডা: মাহফুজ জানান, বধ্যভূমি বলতে বাঙালিদের বিভিন্ন জায়গা থেকে ধরে এনে যেখানে হত্যা করা হতো এবং লাশ ডাম্পিং করা হতো তাকেই বুঝি। এই হিসেবে চট্টগ্রাম শহরের পাহাড়তলী ঝাউতলা (সিটিভি’র বিপরীতে), ফয়’জ লেক, বন্দর এলাকা, বিমান বন্দর এলাকা, নৌ-বাহিনী এলাকা, পতেঙ্গা এলাকা, ইবিআরসিকে বধ্যভূমি বলা যাবে। ইবিআরসি সেনানিবাসের ভিতরে অবস্থিত। ইবিআরসিতে ৭০০-এর বেশি সেনাকর্মকর্তা ও সৈনিক হত্যা করা হয়েছিল বলে এই গবেষক জানান।
যদিও ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রাম’ গ্রন্থে সুনির্দিষ্টভাবে ১৫টি বধ্যভূমির তালিকা দেয়া হয়েছে। যার মধ্যে ১০টিই চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থান। যেমন- ১. পাহাড়তলী বনাঞ্চল, ফয়’স লেক, ঝাউতলা; ২. অয়্যারলেস কলোনি, পাহাড়তলী; ৩. দামপাড়া পুলিশ লাইন; ৪. পাঁচলাইশ ডাম্পিং মার্কেট; ৫. ষোলশহর সিডিএ মার্কেট ৬. গরীবুল্লাহ শাহ মাজার; ৭. ইবিআরসি, চট্টগ্রাম সেনানিবাস; ৮. পোর্ট ও নেভাল এলাকা; ৯.পতেঙ্গা এবং ১০. নাথপাড়া, হালিশহর।
নাথপাড়ায় ১৩ জন হিন্দু, দামপাড়ায় ৮৬ জন পুলিশ কর্মকর্তা-সিপাহী, গরিবুল্লাহ শাহ মাজার এলাকায় ৪০ হাজার বাঙালিকে নির্মমভাবে হত্যার উল্লেখ আছে উক্ত গ্রন্থে।
তবে গবেষক মাহফুজ জানান- পতেঙ্গা এলাকায় বিমান বন্দরের পাশে ১৪টি কঙ্কাল পাওয়া গিয়েছিল বছর দশেক আগে। মুক্তিযোদ্ধাদের দাবি ছিল কঙ্কালগুলো মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষণের। তৎকালীন সিটি মেয়র নিজের হেফাজতে নিয়েছিলেন কঙ্কালগুলো। যা এখনো জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হয়নি।
‘মুক্তিযুদ্ধে চট্টগ্রাম’ গ্রন্থে উল্লেখিত বধ্যভূমিগুলোর মাঝে-পাহাড়তলী, ফয়’স লেক, দামপাড়া, ইবিআরসি ছাড়া কোথাও কোন স্মৃতি ফলক নেই, নেই কোন সংরক্ষিত স্থানও। সংশ্লিষ্ট মুক্তিযুদ্ধরা বলছেন, স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের ৪৪ বছর পরও যদি সবক’টি বধ্যভূমিতে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ করা না যায়- তবে আগামি প্রজন্ম কীভাবে শহীদদের আত্মত্যাগকে সম্মান করবে? এর মাশুল একদিন আমাদের দিতেই হবে।
মহান মুক্তিযুদ্ধে স্বজন হারানো আরেক মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন বলেন- ১৯৮৮ সাল থেকে বধ্যভূমি নিয়ে লিখছি। বধ্যভূমি সংরক্ষণের পক্ষে জনমত তৈরী হয়েছে। আজ থেকে ১২ বছর পূর্বে পাহাড়তলী বধ্যভূমির উপর একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থাপনা নির্মাণ শুরু করলে নিজ খরচে মামলা করি। মামলার চূড়ান্ত রায়ও আমাদের হাতে পৌঁছেছে।
মৃত্যুর পূর্বে পাহাড়তলী বধ্যভূমির উপর নির্মিতব্য অবৈধ স্থাপনা উচ্ছেদ পূর্বক বধ্যভূমিটি সংরক্ষিত দেখে যেতে পারলে শান্তি পাবেন প্রবীন এই সমাজকর্মী।
এই ব্যাপারে চট্টগ্রাম জেলা প্রশাসক জানান- “বর্তমান সরকার এ ব্যাপারে আন্তরিক। জেলা প্রশাসনের মাধ্যমে চট্টগ্রাম জেলা এই বছর ৭০ কোটি টাকা মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হয়েছে। সেটা আগামী বছর ৯০ কোটি টাকায় উন্নীত হবে। প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণ হবে। স্মৃতি ফলক কোথায় আছে কোথায় নেই বা যেটা আছে সেটা কী অবস্থায় আছে? এ সংক্রান্ত ফাইল আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সরকার দ্রুততম সময়ে একটা ব্যবস্থা গ্রহণ করবে বলে আমার বিশ্বাস।”
ছবি : আকমল রাউয়ী ও দূর্জয় বড়–য়া