মুখোমুখিলাইফস্টাইললিডসফলতার গল্প

রিস্ক নিতে না জানলে জীবনের সেরা অর্জনগুলো সম্ভব হয় না: জাকারিয়া জ্যোতি

জালালউদ্দিন সাগর :: গাজী জাকারিয়া জ্যোতি। সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করেন তিনি। পোশাকব্যকসায়ী। পেশাগত ধারাবাহিক উন্নতির মাধ্যমে পোশাকখাতে বিপ্লব ঘটানোর স্বপ্ন দেখেন তিনি। মনে করেনÑ একমাত্র তারুণ্যই পারে নিজের যোগ্যতা ও সঠিক লিডারশিপের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে।

বাবা আর্মি কমান্ডার মেজর মৃত গাজী সোলায়মান। পিতার মৃত্যুর পর পারিবারিক দায়বদ্ধতা থেকেই সি এন্ড এ টেক্সটাইলের হাল ধরেছেন তরুণ এই শিল্পোদ্যোক্তা। বলেন, পরিবারের প্রতি দায়বদ্ধতা না থাকলে সামাজিক দায়বদ্ধতা বাড়ে না।

তারুণ্য সম্পর্কে তিনি বলেন, আমাদের দেশে জন্মের পর থেকে বাবা-মা- ছেলে-মেয়ের ভবিষ্যত নির্ধারণ করে স্বপ্ন দেখেন তাদের সন্তান ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার হবেন। কিন্তু, ক’জন বাবা-মা চান যে তাঁদের সন্তান ব্যবসায়ি হোক। তিনি বলেন, এই দেশে এমন কোনো বাবা-মা পাবেন না যিনি তার সন্তানকে একজন ব্যবসায়ি হিসেবে দেখতে চান? কিন্তু কেনো ? কারণ একটাই। আর তা হলো- ব্যবসার অনাকাঙ্খিত অনিশ্চিয়তার ঝুঁকি (রিস্ক) নিতে চান না কেউ। সবাই থাকতে চান ‘কমফোর্ট জোনে’। কেউ রিস্ক নিতে চান না। কিন্তু আমি বিশ্বাস করি- রিস্ক নিতে না জানলে জীবনের সেরা অর্জনগুলো সম্ভব হয় না।

জ্যোতি বলেন, তাই সবার আগে ঝুঁকি নিতে শিখতে হবে। সেজন্য সবার আগে নিজেকে তৈরি করতে হবে। শারীরিকভাবে তৈরি হওয়ার (সুস্থ থাকার) পাশাপাশি মানষিকভাবেও তৈরি হতে হবে।

তিনি বলেন, আমাদের দেশের প্রায় সব ব্যবসায়িই শূন্য থেকে উঠে এসেছেন শুধুমাত্র তাদের লক্ষ্য ঠিক ছিলো বলেই। সামাজিক পরিবর্তনের জন্য তরুণদের মানোন্নয়ন জরুরি জানিয়ে তরুণ এই ব্যবসায়ি বলেন, সবার আগে আমাদের লক্ষ্য ঠিক করতে হবে। একজন উদ্যোক্তা হয়ে মানুষকে চাকরি দিবেন নাকি জীবিকার প্রয়োজনে নিজেই চাকরি করবেন- সেটি নির্ভর করে আপনার উপর।

সিঙ্গাপুর থেকে পড়ালেখা শেষ করে ২০১৪ সালে হাল ধরেন পারিবারিক রপ্তানিমুখী গার্মেন্টস প্রতিষ্ঠান ‘সিএন্ডএ টেক্সটাইলে’-এর। তিনি বলেন, সিএন্ডএ টেক্সটাইল ২০০১ সালে যাত্রা শুরু করলেও ২০০৩ সালে পুরোপুরি উৎপাদনে যেতে সক্ষম হয় আর ২০১৩ সালে এসে প্রতিষ্ঠানটি পাবলিক কোম্পানিতে রূপ নেয়।

তিনি বলেন, সিএন্ডএ টেক্সটাইল সম্পূর্ণ রপ্তানি নির্ভর একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের তৈরি করা বিভিন্ন প্রকারের আরএমজি যেমন, টি শার্ট, পলো শার্ট, ট্যাংস টপস, সর্টস, স্যুট শার্ট, বক্সার স্কির্ট, লেগগিন, ফ্লিস জ্যাকেট ইত্যাদি রয়েছে। এসব পোশাক আমেরিকা, কানাডা, ইউকে, ইতালি এবং জার্মানিতে রপ্তানি হয়। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি সিএসই ও ২০১৫ সালে ডিএসসিতে তালিকাভুক্ত হয়।

আমাদের পোশাক কারখানার সাথে আন্তর্জাতিক বাজারের ভাবমূর্তি জড়িত জানিয়ে জ্যোতি বলেন, পণ্যের গুনগত মানের ক্ষেত্রে সচেতন থেকে আমরা ক্রেতার সন্তুষ্টি অর্জন করতে চাই। সেজন্য পণ্য উৎপাদনের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি।

তিনি বলেন, সবার আন্তরিক সহযোগিতায় এ পোশাক কারখানা একদিন পোশাকখাতের ঈর্ষণীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে- এটা আমার আত্মবিশ্বাস।
পারিবারিক জীবনে এক ছেলে জুলকার নাঈন জাকারিয়া (৮) ও এক মেয়ে লামিয়া জেনিফার রেশমিন-এর জননী তিনি। সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় হত দরিদ্র শিশুদের পাশে দাঁড়াতে পছন্দ করেন জ্যোতি। সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে দান করেন বিভিন্ন এতিমখানায়। একই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও নিয়মিত অনুদান দেন তিনি।

বলেন, মানুষের জন্য কিছু করতে পারা আমার কাছে আনন্দের ব্যাপার। এ আনন্দ যে পায় সেই বুঝেÑ বলে বোঝানো যাবে না। কারণÑ যে আনন্দ স্বর্গীয় তা প্রকাশ করা যায় না।

ছবিওয়ালা : আকমল রাওয়ী