শুল্কমুক্ত বন্ড সুবিধার আড়ালে সিগারেট আমদানি
ওয়াহিদ বিন আবির: মিথ্যা ঘোষণায় রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল ‘পলিয়েস্টার পিইটি স্ট্র্যাপ’র বদলে বিদেশি সিগারেট আমদানি করেছে ঈশ্বরদী ইপিজেডের ফুজিয়ান এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শতভাগ রফতানিমুখী শিল্পের কাঁচামাল আমদানির ঘোষণা দিলেও কোম্পানিটি শুল্কমুক্ত বন্ড সুবিধার আড়ালে দেশে নিয়ে এসেছে পাঁচ কোটি টাকার সিগারেট। চালানটি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) চালানটির কায়িক পরীক্ষায় প্রায় তিন হাজার ৭৪৯ কেজি ওজনের ৪৮ লাখ ২৮ হাজার শলাকা সিগারেট পাওয়া গেছে বলে জানান চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা।
চট্টগ্রাম কাস্টম হাউজ সূত্র থেকে জানা যায় ,পাবনার ঈশ্বরদী এক্সপোর্ট প্রসেসিং জোন (ঈশ্বরদী ইপিজেড) এলাকার প্রতিষ্ঠান ফুজিয়ান এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি শতভাগ রপ্তানিমুখী কাঁচামাল “পলিয়েস্টার পিইটি স্ট্র্যাপ” ঘোষণায় বিদেশি সিগারেট আমদানি করছে বলে গোপন সংবাদ পায় কাস্টমস গোয়েন্দা বিভাগ। এরই প্রেক্ষিতে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম থেকে প্রতিষ্ঠানের চালানটির আইজিএমটি ব্লক করা হয়। একই সঙ্গে কাস্টমস গোয়েন্দার অনাপত্তি ছাড়া চালানটি খালাস না করার জন্য চট্টগ্রাম কাস্টম হাউস ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়।
আজ ১৭ ফেব্রুয়ারি, বুধবার প্রতিষ্ঠানের কন্টেইনারটি ফোর্স কিপ ডাউন এর মাধ্যমে কাস্টমস গোয়েন্দার প্রতিনিধিরা শতভাগ কায়িক পরীক্ষা করেন। ইনভেন্ট্রি করে ঘোষণা বর্হিভূত ন্যানো ওরিস, ব্লাক, ডানহিল, ডেভিডোফ ব্র্যান্ডের ৪৮ লাখ ২৮ হাজার শলাকা (৩৭৪৮.৭ কেজি) বিদেশি সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
চট্টগ্রাম কাস্টম হাউস’র ডেপুটি কমিশনার মো.আল আমিন সিটিজি নিউজকে বলেন, মিথ্যা ঘোষণায় রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল ‘পলিয়েস্টার পিইটি স্ট্র্যাপ’র বদলে বিদেশি সিগারেট আমদানি করেছে ঈশ্বরদী ইপিজেডের ফুজিয়ান এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শতভাগ রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল পরির্বতে সিগারেট আমদানি করে কোম্পানিটি শুল্কমুক্ত বন্ড সুবিধার আড়ালে পাঁচ কোটি টাকা ফাঁকি দিয়েছে । এ বিষয়ে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা এবং এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তারা।