খেলাধুলা

হঠাৎ আইপিএল ছাড়লেন ভারতীয় আম্পায়ার

ওয়াহিদ বিন আবির : বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়ের পর চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে এবার সরে দাঁড়ালেন দুই আম্পায়ার।

ভারত ও অস্ট্রেলিয়ার দুই শীর্ষ আম্পায়ার নিতিন মেনন ও পল রাইফেল ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএলের বাকি অংশ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দু।

এই দুই আম্পায়ারের হঠাৎ আইপিএল থেকে সরে যাওয়ার কারণ হিসেবে জানা গেছে, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নিতিন মেননের মা ও স্ত্রী। যে কারণে মানসিকভাবে ম্যাচ পরিচালনার জন্য ফিট নন তিনি। তা ছাড়া মা-দাদি আইসোলেশনে চলে যাওয়ায় পরিবারের ছোটদের দেখভালের দায়িত্ব এখন নিতিনের কাঁধেই। যে কারণে আইপিএলে আর সময় দিতে পারছেন না তিনি।

পল রাইফেলের বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক শীর্ষকর্তা জানিয়েছেন, দেশে ফেরার ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে দেখে নিজের নাম সরিয়ে নিয়েছেন পল রাইফেল।

আইসিসি এলিট প্যানেলের দুই আম্পায়ার সরে দাঁড়ানোয় এখন তাদের জায়গায় দুই স্থানীয় আম্পায়ারকে নেওয়া হবে বলে জানিয়েছে বিসিসিআই।