মুখোমুখিলাইফস্টাইললিডসফলতার গল্প

সাংবাদিক সমাজ আর সাধারণ মানুষের কাছেই আমার সব ঋণ: শুকলাল দাশ

জালালউদ্দিন সাগর :: অবাক করা গল্প। তবে অবাক হওয়ার মতো কিছুই নেই। জীবনে সন্তুষ্টি অর্জনের মধুর মুহূর্তটি একদিন আসেই- শুধু মন থেকে চাইতে হয়। কর্তব্য কর্মের প্রতি নিবিষ্টতা-একাগ্রতা-মগ্ন চৈতন্যে সমর্পিত থাকার পাশাপাশি সৃজনশীলতা অপরের প্রণোদনায় জীবনে সফলতা আসে- নন্দিত হয় জীবন- তা একান্তভাবেই বিশ্বাস করেন সাংবাদিক মহলের প্রিয় মুখ, রাজনৈতিক-সাংস্কৃতিক সামাজিক সংগঠনের প্রিয়জন- লেখালেখির ভুবনের কুশলী লেখক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুদর্শন ব্যক্তিত্ব শুকলাল দাশ।

জীবনকে দেখেছেন তিনি সত্যনিষ্ঠার মধুরতম প্রিয় প্রাঙ্গণ থেকে। বোধ-জ্ঞানের সৌকর্মে নিজেকে সঞ্জীবিত করে পথ চলেছেন পেশাগত জীবনে। যাপিত জীবনে। যার ফলশ্রুতিতে সাংবাদিক শুকলাল দাশ ইতোমধ্যে অর্জন করেছেন সবার প্রশ্নাতীত আস্থা- বহুল জনপ্রিয়তা এবং সবার কাছের মানুষ হিসেবে খ্যাতি-পরিচিতি।

সমাজসেবক-শিক্ষানুরাগী-নন্দিত জনপ্রতিনিধি রনজিত দাশ ও মাতা শচী প্রভা দাশের সন্তান শুকলাল দাশের জন্ম আনোয়ারা উপজেলার শিলালিয়া গ্রামে। পটিয়া সরকারি কলেজে ও সরকারি সিটি কলেজে পড়াশুনা করেন।

’৯২ সালের কথা। কলেজে পড়াকালীন পটিয়ার সৃজনশীল সাহিত্যগোষ্ঠী মালঞ্চের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েন। সে সময় থেকেই লেখালেখির আগ্রহ দারুণভাবে পেয়ে বসে তাঁকে। এর পাশাপাশি ‘স্বকাল শিশু সাহিত্য সংসদ’সহ বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে সম্পৃক্ত হলে লেখালেখি তখন ধ্যানে রূপ নেয় শুকলাল দাশের। পরবর্তীতে চট্টগ্রামের সকল স্থানীয় দৈনিক, পাক্ষিক, লিটল ম্যাগসহ জাতীয় দৈনিকে লেখা প্রকাশিত হতে থাকে তাঁর। মূলত সেই থেকে উৎসাহ উদ্দীপনা নিয়ে লেখার ভুবনে নিজেকে জড়িয়ে ফেলেন তিনি।

এরপর নিজ উদ্যোগে আনোয়ারার গড়ে তুলেন ‘বীণাপানি সাহিত্য সংসদ’ একটি সাহিত্য সংগঠন। লক্ষ একটাই- লেখালেখি। মধুরতম সঙ্গী জীবনের অলিগলি হাতড়ে সুখ-দুঃখের নির্যাস কিংবা বিরহ-বেদনা, প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব নিকেশ কাগজ ও কলমের মাধ্যমে নিরলস প্রকাশ যাঁর ধ্যান-জ্ঞ্যান হয়ে ওঠে তিনি কী করে লুকিয়ে থাকবেন গাও-গেরামের অলি-গলিতে।

সেই শুরু শুকলাল দাশের। লেখালেখির সৃষ্টিশীলতা তথা সত্যপ্রকাশের প্রণোদনা শুকলাল দাশকে নিয়ে আসে জনমানুষের নিশ্চিন্ত আবাসস্থল সংবাদপত্রের সত্যনিষ্ঠ জগতে। দায়বদ্ধতার জগতের সাথে তাঁর যে রাখীবন্ধন, সময়ের সাথে পাল্লা দিয়ে আজ জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছে।

জাতীয় দৈনিক ‘মাতৃভূমি’ দিয়ে শুরু করা সাংবাদিকতার পথচলা ‘বীর চট্টগ্রাম মঞ্চ’ হয়ে ২০০৪ সালে শুরু করে আজ অবধি চট্টগ্রামের প্রাচীনতম ‘দৈনিক আজাদী’তে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।সত্য অনুসন্ধানে থেকেছেন সচেষ্ট। শান্তি রেখেছেন পেশাগত জীবনে নির্মোহ অবলোকনকে। এর বাইরেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন নানা সংগঠনিক-সাংস্কৃতিক পরিম-লে। তাঁর বিচরণ-সখ্য রয়েছে শিল্পাঙ্গনেও।

শিশু সাহিত্যের কুশলী লেখক-শিশু অন্ত:প্রাণ শুকলাল দাশ আগামী দিনের সুনাগরিক তথা শিশুদের দেশগঠনে আত্মনিবেদনে ২০০১ সালে প্রতিনিধিত্বশীল শিশু সংগঠন ‘শিশুদের পাঠশালা’ গড়ে তোলার সুমহান দায়িত্ব পালন করেন।

‘শিশুদের পাঠশালা’ প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বৎসর জমজমাট ‘শিশু উৎসব’ শিশুদের মেধা বিকাশে বিশাল ব্যাপ্তিতে ‘মেধাবৃত্তি পরীক্ষা প্রবর্তন’ ও শিশু সাহিত্যিকদের সাহিত্যকৃতির স্বীকৃতি স্বরূপ ‘শিশু সাহিত্যিক সম্মাননা’ প্রদান করে ইতোমধ্যে সুধী-সমাজ-সুশীল সমাজের ভুয়র্সী প্রশংসা অর্জন করেছেন।

তিনি স্বাক্ষর রেখেছেন অনাবিল দায়িত্ববোধের। চট্টগ্রাম প্রেসক্লাবের পাশাপাশি সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক হাউজিং সোসাইটি, চট্টগ্রাম একাডেমির সদস্য। এছাড়াও প্রবর্তক সংঘ, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এর আজীবন দাতা সদস্য তিনি।

একজন সাংবাদিকের সৃজনশীল ভাবনা প্রসঙ্গ টেনে শুকলাল দাশ বলেন, যখন নিজকে বুঝতে শিখেছি তখন থেকেই কিছু-কিছু সুন্দর স্বপ্ন আমাকে হাতছানি দিয়ে ডাকতো। জন মানুষের কথা-আমাকে ভাবাতো, সৃজনশীল ভাবনা আমাকে তাড়িত করতো। একসময় আমার জন্ম জনপদ নিবিড়ি পল্লী শিলালিয়াতে একান্ত উদ্যোগে একটি স্টুডেন্টস লাইব্রেরি প্রতিষ্ঠা করি। যা স্কুল-কলেজ পড়–য়া ছেলে-মেয়েদের সেখানে বসে বই পড়তে সহযোগিতা করতো। যা ছেলে-মেয়েদের বই পড়ার দিকে টেনে এনেছিলো। পরবর্তীতে আবদুল্লাহ আবু সাঈদ স্যারের বিশ্বসাহিত্য কেন্দ্রের শাখা স্থাপন করে আনোয়ারার শিক্ষার্থীদের বই পড়ায় প্রেরণাকে আরও ঊর্ধ্বে তুলে ধরি।তিনি আরও বলেন, এই সব কাজ একান্ত নিজের ভাবনা অনুসৃত। কিশোর বয়সের এবং আজকের তারুণ্যের এই মহৎ ছোট-ছোট কাজ এবং অর্জনগুলো সম্ভব হয়েছে মানুষের ভালোবাসার কারণে।

আলাপচারিতায় তিনি জানান, মানুষের ভালোবাসা অর্জন করা যেমন কঠিন, তেমনি সবাই সবাইকে ভালোবাসতে পারাটাও কঠিন। তবে এক্ষেত্রে আমি কিছুটা ব্যতিক্রম এই কারণে যে, জীবনে সকল ক্ষেত্রে সহকর্মী-সহযোদ্ধা সবার ভালাবাসা পেয়েছি। এতে আমার পথচলা সহজ হয়েছে। সে তাড়না থেকে আমি গড়ে তুলি ‘স্টুডেন্টস্ লাইব্রেরি’। মূলত সৃজনশীল ভাবনাকে বাস্তবতায় পরিণত করতে আমি এই উদ্যোগ নিয়েছিলাম।

পেশাগত জীবনের ব্যাস্ততার পাশাপাশি চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব কেমন উপভোগ করছেন- এমন প্রশ্নের উত্তরে সাংবাদিকদের এই নেতা বলেন, যেহেতু চট্টগ্রামের সাংবাদিক সমাজের সবার সাথে আমার আন্তরিক সৌহার্দ্য রয়েছে- সেহেতু সবার পরামর্শ নিয়ে আমি আমার দায়িত্ব পালন করছি।

এই তরুণ বয়সে চট্টগ্রাম প্রেসক্লাবের মতো একটি সৃজনশীল প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া এবং দায়িত্ব পালন নিয়ে তাঁর অনুভূতি জানতে চাইলে শুকলাল দাশ বলেন, কিছু স্বপ্ন মানুষকে লালন করতে হয়, যা ভবিষ্যতে একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে সহযোগিতা করে। তরুণ বয়সে এ ধরনের সৃজনশীল স্বপ্ন আমি লালন করতাম বলেই আজকে আমাকে তারুণ্যের কা-ারি হিসেবে অবহিত করছেন।

তিনি বলেন, সাংবাদিক বন্ধুদের অকৃত্রিম ভালোবাসা আমার দায়িত্ব পালনের ক্ষেত্রকে সহায়ক করে তুলেছে। সে ভালোবাসায় ২০১২ সালে ৩১ ডিসেম্বর আমি প্রথমবারের মতো চট্টগ্রাম প্রেসক্লাবের অর্থ সম্পাদক পদে নির্বাচিত হই বিপুল ভোটের মাধ্যমে। ২০১৪ সাল পর্যন্ত এই দায়িত্ব সততা ও দক্ষতার সাথে পালন করি।

একাগ্রতা-নিয়মনিষ্ঠ জবাবদিহিতার স্বচ্ছতা, সর্বোপরি সবার সাথে আন্তরিক হয়ে পথ চলার সৌকর্য যে মানুষের জীবনে কাঙ্খিত সাফল্য এনে দেয়- তার যথাযথ সাক্ষ্য মেলে স্পষ্টভাষী সাংবাদিক শুকলাল দাশের পেশাগত সমাজ জীবনে যথাযথ প্রাপ্তির অনুষঙ্গে।

সাংবাদিক শুকলাল দাশকে কখনো পিছু ফিরে তাকাতে হয়নি। পেশাগত ব্যস্ততার পাশাপাশি সাংবাদিক সমাজ আর চট্টগ্রাম প্রেসক্লাবের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েন তিনি। হয়ে ওঠেন পরিপূরক। শুরু হয় তার মধুর এক পথচলা। যার প্রাপ্তিতে সার্থক-সফলতায় খুব কম বয়সেই সাফল্য ধরা দেয় শুকলাল দাশের সাংবাদিক জীবনে।

শুকলাল দাশ চট্টগ্রামের সাংবাদিক সমাজের নিরঙ্কুশ সমর্থনে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর নির্বাচিত হন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ পদে।সেই থেকে কাজ করে চলেছেন নিষ্ঠার সাথে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখার নিমিত্তে। এখনও চট্টগ্রাম প্রেসক্লাবের সামগ্রিক উন্নতি অগ্রগতিতে সচেষ্ট থেকে নিরলস শ্রম দিয়ে কাজ করে চলেছেন তিনি।

কথনে চমৎকার ও সপ্রতিভ বাচনভঙ্গির অধিকারী, সদা হাস্যোজ্জ্বল অনন্য বক্তা শুকলাল দাশের লেখালেখির পথচলাও ঈর্ষণীয় সাফল্যে ভরা। দীর্ঘদিন লেখালেখিতে সম্পৃক্ত থেকে সফলতা পাওয়া লেখক শুকলাল দাশের ইতোমধ্যে প্রকাশিত হয়েছে কিশোর কবিতা গ্রন্থ-‘মেঘের কোলে রোদ হেসেছে’ (২০০২), ভালবাসার কবিতা গ্রন্থ ‘ভালোবাসার শীত বসন্ত’ (২০০৪), কিশোর কবিতা সংকলন-‘জলকদরের জলপায়রা’ (২০০৬), কিশোর গল্পগ্রন্থ-‘জলের দেশের রাজকন্য’ (২০০৯) এবং ২০১৬ সালের একুশে বইমেলায় বেরিয়েছে লেখক পাঠক নন্দিত কাব্যগ্রন্থ ‘তোমার জন্যে ভালোবাসা’ ও আলোচিত ব্যতিক্রমী পত্রোপন্যাস-‘আকাশ ছোঁয়া সুবর্ণলতা’। সহধর্মিনী বিদিতা চৌধুরী ও কন্যা উদিতি দাশ মুমুকে নিয়ে সুখের সংসার সাংবাদিক-লেখক শুকলাল দাশের। মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-পরিজন নিয়ে বেশ ভালই আছেন তিনি।

শুকলাল দাশ সাংবাদিক, লেখক, সংগঠক আড্ডারু, কথক ইত্যাাদি নানা পরিচিতিতে পরিচিত একজন সফল মানুষ। কাজ করে চলেছেন নানান দিকবলয়ে। সবার হাতে হাত রেখে-সবাইকে যথাযথ মর্যাদায় অভিষিক্ত করে সবার সহমর্মী হয়ে এবং জীবনের সাফল্যকে মধুরভাবে উপভোগ করতে চান তিনি। শুকলাল দাশ আরও অনেক দূর যেতে চান এবং এ যাত্রায় কাছে পেতে চান সবাইকে-সবার আন্তরিকতাকে।

চট্টগ্রামের সাংবাদিকদের প্রতি দায়বদ্ধতা সম্পর্কে তিনি বলেন, চট্টগ্রামের সাংবাদিক জগতের সবার সাথে আমার মধুর সম্পর্ক রয়েছে। সাংবাদিক সমাজ আর সাধারণ মানুষের কাছেই আমার সব ঋণ। আমি সব সময় তাঁদের মঙ্গলের জন্য- কল্যাণের জন্য কাজ করে যেতে চাই। সবার সাথে একাত্ম হয়ে পথ চলতে চাই।