ভ্রমণলিডসাহিত্য

ছেলেটির গালে তখনো অশ্রুর শুকনো দাগ ছিলো…

প্লেনে যে ছেলেটি আমাকে ডিঙ্গিয়ে ভেতরের সিটে আমার পাশে বসল তার দিকে খুব একটা নজর দেয়া হয়নি। আকাশযাত্রায় কতজনই তো বসে, সবাইকে তো আর গভীর চোখে দেখা সম্ভব হয় না।
তাছাড়া অনাবশ্যক গলা বাড়িয়ে ভাব জমানোর বাতিক আমার নেই। কিন্তু না চাইলেও এই ছেলেটির সাথে খুব দ্রুত একটা মাখামাখি হয়েই গেল!

সামনের টাচস্ক্রিনে একটা ছবি দেখার চেষ্টা করছিলাম। নাম- Manchester by the Sea, স্ক্রীন ডানে-বায়ে টিপেও যুৎ করতে পারছিলাম না। সে সময় ছেলেটি হাত বাড়িয়ে আমার স্ক্রীন টিপে ছবিটি চালু করে দিল। হেসে বললো,‘ভাইয়া এবার দেখুন।’ তখন ধন্যবাদ দিয়ে তার দিকে ভাল করে তাকালাম। কত আর বয়স হবে? ছেলেটির বিশ-বাইশ। ওর যা বয়স তাতে আমাকে ভাইয়া না বলে আংকেল বললেও পারতো।

ছবি শুরু হয়ে গেছে। কানে আমার হেডফোন। তার মাঝেই আবার কথা, ‘ভাইয়া কোথায় যাবেন?’
-ইস্তাম্বুল হয়ে বামাকো। আপনি?
আমি এভাবে পাল্টা প্রশ্ন করবো হয়তো ছেলেটি ভাবতে পারেনি। কিছুটা নিঃশ্বাস নিয়ে উত্তর দিলো সে।
-আমি ভিয়েনা। ইস্তাম্বুলে চার ঘণ্টার ব্রেক।
জিজ্ঞেস করলাম, ভিয়েনায় কি করেন আপনি ?
-আগে পড়াশুনা করতাম, এখন চাকরি। পড়াটা শেষ করতে পারিনি।’
ভাবলাম কথা শেষ। ছবিতে চোখ আমার। আবার প্রশ্ন।
– ভাইয়া বামাকো কোথায়? এমনভাবে প্রশ্ন যেনো বামাকা নামে কোনো দেশ থাকতে নেই।
– পশ্চিম আফ্রিকার দেশ। মালির রাজধানী। প্রশ্ন আসতে পারে ভেবে আরও কিছু কথা আমি নিজেই যোগ করি।
-শান্তিরক্ষী হিসেবে কাজ করি। ইউএন পিসকিপিং মিশনে। দেশে পুলিশে আছি। সেখানে এক বছরের জন্য কাজ করতে গেছি। ছুটিতে এসেছিলাম দেশে। এখন কাজে ফিরছি।
আমার উত্তর দেয়ার ঢং দেখে ছেলেটি চুপ হয়ে গেলো। সে ভাবতেই পারেনি আমার মতো বয়সি কোনো মানুষ এতো সহজে এমন উত্তর দিতে পারে।

ছবি দেখায় আবার মন দেই। ঢাকা-ইস্তাম্বুল যাত্রা প্রায় ৮ ঘণ্টা, বেশ বোরিং। টার্কিস এয়ারের ঢাকা ছাড়ার সময়টাও বেশ বিদঘুটে, ভোর সাড়ে ৬ টা। রাতের শান্তির ঘুমের ব্যাঘাত ঘটিয়ে কেনো যে ওরা এতো ভোরে প্লেন ছাড়ে আল্লাই জানে।

প্লেনে দূরের যাত্রায় আমার ঘুম হয় না। অগত্যা বই পড়া বা সিনেমা দেখাই শেষ ভরসা। বই পড়তে গেলে খুলির উপর লাইট জ্বালানোয় ঝামেলা।সামনের চারকোণা কৃষ্ণকায় পর্দাই এখন ভরসা। ছেলেটি সত্যিই আর প্রশ্ন করলো না। নিজের স্ক্রিন কিছুক্ষণ চাপলো কিন্তু কোথাও স্থির হল না তার চাহনি। বসে রইল চুপচাপ।

এই বয়সের শিক্ষিত ছেলেরা তো প্রযুক্তিপ্রেমী হয়। ছেলেটি ওসব বেশ জানেও, আমার মনিটরটা ঘটঘট করে ঠিক করে দিলো মিনিটেই। আমি ভলিয়্যুম বাড়িয়ে দেই। মনকে আরও টেনে আনি ছবিতে।
একসময় দেখলাম ছেলেটি পকেট থেকে মোবাইল ফোন বের করে টিপছে। মোবাইলে তোলা কিছু ছবি দেখছে স্ক্রিন আপ-ডাউন করে। হয়তো পরিবার-পরিচিতজনদের ছবি।

আমার চোখে চোখ পড়ে যাওয়ায় সে আবার একটুখানি হাসল। বললো- 
‘ভাইয়া, আপনি পুলিশের অনেক বড় অফিসার?’
এমন প্রশ্ন আমার কাছে স্বাভাবিক। চাকুরি জীবনে লাখোবার দিয়েছি।
-বড় নই মাঝারি। বয়স দিয়ে বড়-ছোট মাপা যায় না।
-সে হাসল। বললো, ‘আচ্ছা আমার যদি ঢাকায় খুব দরকার হয় একটি সাহায্য করতে পারবেন?
একটু চিন্তায় পড়ে গেলাম। কী সাহায্য করতে হতে পারে! অনেক ছোটখাট ব্যাপারেও আজকাল অনেকে তদবির করে। তদবির ছাড়াই যে কাজটি হওয়ার কথা সেরকম ব্যাপারেও সাহায্য চাই অনেকের। মনে-মনে ভাবলাম হয়তো প্রেম ঘটিত হতে পারে। এই বয়সি ছেলে-মেয়েদের প্রেমঘটিত সমস্যা সবচেয়ে বেশি।
-আচ্ছা বলেন, কি করতে পারি।
-এখন লাগবে না। আমি আপনার ফোন নম্বর নেব, যদি দরকার হয় অস্ট্রিয়া থেকে আপনাকে ফোন করবো- ওর সহজ উত্তর।
আপাতত চিন্তার অবসান হল, এতো সিরিয়াস কিছু নয়। ফোন হাতে নিয়ে বলল, নম্বরটি বলুন ভাইয়া, সেভ করে রাখি।
ছেলেটি ভাইয়া বলছে কেনো! ওর বয়সি আমার একটা ছেলে আছে। এই বয়সি ছেলের কাছ থেকে ভাইয়া ডাক শোনা কেমন জানি লাগে!
আমি নম্বরটি দিলাম। সে মূহুর্তেই সেভ করে নিল। আমি জিজ্ঞেস করলাম, -আমার নাম জিজ্ঞেস করলে না ?
-লিখেছি, পুলিশ ভাইয়া।
বলেই আবার হাসতে শুরু করলো।
বললাম,তাতেই চলবে?
-খুব দরকার না হলে ফোন করবো না। এমনভাবে বললো যেনো আমার নাম্বার নিয়ে মহা কোনো অপরাধ করে ফেলেছে সে। তারপর আবার চুপ। আমি আবার ছবিতে চোখ বসালাম। অনেকক্ষণ কথা নেই।

ছবির নায়কের বড় ভাই মারা যায়। মরার আগে তার নাবালক ছেলের অভিভাবকত্ব দিয়ে যায় ছোট ভাইকে। এই অভিভাবকত্বের উইলে চাচা-ভাতিজার দু’জনেরই আপত্তি। সেই তেতো আপত্তিই কিভাবে একদিন অনিবার্য সুন্দর একটা সম্পর্ক দ্বারা প্রতিস্থাপিত হয় তা নিয়েই এগিয়েছে ছবির গল্প। হাসি-কান্নার মিশেল।

আড়মোড়া ভাঙ্গার জন্য এক সময় ঘাড় বাঁকিয়ে ছেলেটিকে দেখি। হাতের মোবাইলে একের পর এক ছবি দেখছে সে। ছবি দেখে দেখে কাঁদছে। চোখে জলের ধারা। আমি হেডফোন খুলে তার দিকে একটু ঝুঁকে বসি। বিমানের যাত্রীদের অধিকাংশ তখন ঘুমে। সব জানালা বন্ধ করে বিমানকর্মীরা যাত্রীদের ঘুমের ব্যবস্থা করে দিয়েছে। বাইরে তখন সকালের নরম আলো। আমি তার মাথায় হাত রাখি তার।
– কি হয়েছে আপনার?
সে আমার দিকে তাকায়, চোখের জল আরও বেগবান হয়, যোগ হয় দ্রুতলয়ের শ্বাস। জিজ্ঞেস করি- কোনো সমস্যা?
-আমার মায়ের ভীষণ অসুখ। বিছানায় শুয়ে থাকতে হয়। আসার সময় মা খুব কাঁদছিল। কিন্তু কি করবো, না এসে উপায় নেই।
-আর ক’টা দিন থেকে গেলে পারতেন।
-এক বছরে দুবার এসেছি। এবার দেরি করে ফিরলে চাকরিটা থাকবে না। ইউরোপে এখন চাকরির বাজার মন্দা। হুটহাট পাওয়া যায় না।
-কোন চিন্তা করবেন না। মা ঠিক ভাল হয়ে যাবেন। বিয়ে করেছেন? পরিবার আছে ?
– না বিয়ে করিনি। অনেক দেরি আছে। ছোট বোনকে বিয়ে দিতে হবে আগে। মাকে সুস্থ করতে হবে।
চোখ মুছতে মুছতে জানালো ছেলেটি।
আরও বললো, দেশে বাবা চাকরি করতেন। এখন রিটায়ার্ড। বড় বোনের বিয়ে হয়েছে। থাকে আমেরিকা। ছোট বোনটা আছে দেশে। বাবাও অসুস্থ থাকেন প্রায়ই। ছোটবোনটাই কলেজে পড়াশুনার পাশাপাশি বাবা-মাকে দেখে।
সান্ত¦না দেয়ার জন্য এর চেয়ে বেশি কিছু বলা ঠিক হবে না ভেবেই বললাম- চিকিৎসা চলছে তো, ভাল হয়ে যাবেন তিনি।
কান্নার গতি কেবলই বাড়ছে ছেলেটির। লাজ-লজ্জাহীন কান্না! মাথা নিচু করে নরম গলায় বললো, আমার খালি মনে হয় পরের বার এসে মাকে আর পাব না।
আমি মাথায় হাত বুলাই ছেলেটির। বলি, তোমার বয়সি আমার একটি ছেলে আছে। কান্নার মাঝেই সে চোখ তুলে আমাকে আরও ভাল করে দেখে।
– তুমি করে বললাম, কিছু মনে করনি তো?
– না, একদম না।
আরষ্ঠ কণ্ঠস্বর তার। এবার আর আমাকে সে ভাইয়া বলে ডাকলো না আঙ্কেলও না। ভাবনার সময় নিচ্ছে হয়ত।
আমিই বললাম- দেশে চলে এলেই পার।
আমার প্রশ্ন শুনে বিস্মিত হলো ছেলেটি। যেনো এমন প্রশ্ন করা দ-নীয় কোনো অপরাধ।
-দেশে কি করবো? আমাকে কে চাকরি দিবে? সেখানে একটা প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে চাকরি করি। আমি এখন যা আয় করি সেটা কি দেশে এলে পাব? গ্রাজুয়েশনটাও শেষ করতে পারিনি। প্রতিমাসে টাকা পাঠাতে হয় বাড়িতে। আমি তো দেশেই থাকতে চাই। দেশের জন্য, মায়ের জন্য খারাপ লাগে! ছেলেটির কথা শুনে মনটা আমারই খারাপ হয়ে গেল। আমিও পরিবার-পরিজন রেখে এলাম। আমার প্রবাস অবস্থান দীর্ঘ না হলেও আপনজনদের ছেড়েতো থাকতে হয়। বুকের মধ্যে খানিক ভার। শুনেছি দেশের এক কোটিরও বেশি লোক প্রবাসে থাকে। ছড়িয়ে ছিটিয়ে থাকা এই বাঙালির অধিকাংশেরই অন্তর পড়ে থাকে দেশের মাটিতে।

ইউরোপ ছেড়ে যাওয়া সাদা চামড়ার লোক যারা আমেরিকা অস্ট্রেলিয়াতে পাড়ি জমিয়েছে, সেই সময়, তারা যেমন করে প্রবাসের মাটিকে দ্রুত আপন করে নিয়েছিল, বাঙালিরা সেরকমটি পারেনি। জন্ম আর বেড়ে উঠার যে মাটি তার সোঁদা গন্ধ বুকের কোণায় ভারি বাতাস হয়ে আটকে থাকে।

ইউকে’র নর উইচ নামের এক শহরে একবার গিয়েছিলাম। পথের পাশে খোলা রেঁস্তোরায় চা খেতে খেতে এক যুবকের সাথে পরিচয় হয়েছিলো। বাংলাদেশি বংশোদ্ভুত সে। তৃতীয় প্রজন্ম। খুব একটা বাংলা জানে না। দু’য়েকটা শব্দ মজা করে বলতে পারে শুধু। সে কখনো বাংলাদেশে আসেনি। তারও আবার ইচ্ছে বিয়ানীবাজারে তার দাদার গ্রামটি দেখার। টাকা জমাচ্ছে সে। একবার আসবেই।
চোখের পাতায় কষ্টের ছায়া। সুদানের দারফুরের প্রত্যন্ত ছোট্ট যুদ্ধবিধ্বস্থ হলো আলজেনিনা। অনেক দুর্গম। কাজ উপলক্ষ্যে সেখানও দেখা পেলাম বরিশালের বিত্তহীন এক যুবকের। ঘুরতে-ঘুরতে পৃথিবীর প্রায় অচেনা এক কোণে তার জায়গা হয়েছে। সেও দেশে আসবে। আরও কিছু টাকা জমলেই সে প্রথম ইতালিতে যাবে। সেখান থেকে দেশের মাটিতে।

একবার ওয়াশিংটন ডিসিতে পেন্টাগন বিল্ডিং ছাড়িয়ে শহরের বাইরে এক বনঘেরা বিশাল বাংলোয় এক বাঙালি যুবকের সাথে দেখা হলো। বসার ঘরে দেশে থাকা বৃদ্ধ বাবা-মার ঢাউস ছবি। নদী আর মাঝির ছবি।
বুয়েটের ছাত্র ছিল সে। এখন এই প্রবাসে বিশাল বিত্তের মালিক। এক শিশু সন্তান আর স্ত্রী নিয়ে বিশাল এই বাড়িতে থাকেন।
তারও দুঃখ।
বিদেশে আসতে না চাওয়া বাবা-মাকে সাথে এনে রাখতে না পারার দুঃখ। লোভী-আত্মীয়দের দেশে থাকা সম্পদ গ্রাস করার অপচেষ্টার দুঃখ। দেশের জন্য কিছু করতে না পারার দুঃখ। লনের ঘাস কাটা থেকে শুরু করে রান্না, ছেলেকে স্কুলে নেয়াসহ সব করতে হয় নিজেকেই। কেউ কোথাও নেই। প্রতিবেশিদের ভাল করে চেনেন না। কথাও হয়না তেমন। দুঃখ এখানেও। সারাবিশ্বে ছাড়ানো ছিটানো শেকড়-বিচ্ছিন্ন বাঙালি আর ছড়ানো ছিটানো দুঃখ। মাটির টানের দুঃখ। আপনজনদের হাতের স্পর্শ না পাবার দুঃখ। নিজের সংস্কৃতি-কৃষ্টি হারিয়ে যাওয়ার দুঃখ, পরবর্তী প্রজন্মের অচেনা পথে হাটা আটকাতে না পারার দুঃখ। দেশের উৎসবে-পার্বনে শরিক না হতে পারার দুঃখ। শোক-অন্তেষ্ট্যিতে থাকতে না পারার দুঃখ। অঘোষিত সংখ্যালঘুর তকমার দুঃখ। শেষ জীবনে কি হবে সে শংকার দুঃখ। দেশের মাটিতে শেষ নিঃশ্বাস ফেলার আকুতির দুঃখ। স্মৃতির ভারি পসরা বয়ে বেড়ানোর দুঃখ। এমন হাজারো দুঃখ বুকে চেপে রেখে বেড়ে উঠছে প্রবাসে নিজের মা-মাটি-মানুষকে দূরে রেখে সে ভালো থাকবে কি করে?
ভারি মনকে একটু হালকা করার ইচ্ছেয় ছেলেটিকে বললাম, দেশে পুলিশকে কেন তোমার দরকার-বললে না তো?
ছেলেটি আমার কথা শুনে কিছুটা ভরকে গেলো। তারস্বরে বললো, না মানে…বোনটা প্রায় নানান কাজে বাইরে যায়। কলেজে যায়। বাবা বাইরে যেতে পারে না। হঠাৎ যদি মাকে হাসপাতালে নিতে হয়! পুলিশে আপনার পরিচিত কেউ যদি থাকে, কোনো অফিসার, তাকে যদি একটু বলে দেন, দরকার হলে মাকে হাসপাতালে নিয়ে যেতে…

কথা শেষ করেনি ছেলেটি। স্বরটা ভারি হয়ে আসছিলো। অনাহুত শঙ্কা থেকে মুক্ত করতে বললাম, আচ্ছা আমি বলে দিবো।
-বিদেশে পুলিশকে অনুরোধ করলে অনেক সাহায্যই করে। আমাদের দেশে সম্ভব না ? প্রশ্ন তার।
আমি বলি, সম্ভব। অন্য কারো জন্য সম্ভব না হলেও তোমার জন্য সম্ভব। আমি তোমার জন্য এই কাজটি করে দিবো। যখনই সাহায্য চাইবে কাউকে না কাউকে তোমার মা পাশে পাবে।
আবার সে ফোনে ছবি দেখে। আমি দেখি তাকে। তার চোখের জলের রেখা, মুখে দুঃখের উত্তাপ। সব দেখি।
-আচ্ছা আমি কিন্তু প্লেন নামার সাথে-সাথে দৌড়ে বেরিয়ে যাব। আপনি আস্তে ধীরে আসুন। বললো ছেলেটি।
-কেন দৌড়ে যাবে? তোমার তো চার ঘণ্টা ট্রানজিট। অনেক সময়। জানতে চাই আমি। সে বলে, আমি এয়ারপোর্টে ওয়াই-ফাই জোনে যাব। সব জায়গায় নেই। ভিআইপি এরিয়াতে আছে। জায়গাটা চিনি। ফোনে চার্জও শেষের দিকে।

ট্রানজিট শেষ হওয়ার আগে, ফোনের চার্জ শেষ হওয়ার আগে, মায়ের সাথে কথা বলতে চাই।

ছেলেটি আবারও কাঁদতে শুরু করে। আমি চুপ করে থাকি। সব কান্না থামাতে নেই।

চক্কর খেতে খেতে টার্কিস এয়ারের ৭৩৭ জাহাজ এসে থামলো টারমাকে। সাথে সাথে ছেলেটি উঠে দাঁড়াল হন্ত-দন্ত হয়ে। ভেতরের সারিতে বসা ছিল সে, আমাকে টপকে প্যাসেজের দিকে হাটা শুরু করলো। একবার শুধু বলল- আসি আংকেল।

যাত্রীদের ডিঙ্গিয়ে এরওর ফাঁক গলে সে দ্রুত এগুচ্ছে ওয়াই-ফাই জোনের দিকে। অনেকটা চিৎকার করেই বললাম, দরকার হলে ফোন করো কিন্তু।

তার গালে তখনো অশ্রুর শুকনো দাগ। সে কি শুনেছে আমার কথা। জানি না…

 লেখক, আনসার উদ্দিন খান পাঠান, এসপি
কমান্ডার, বাংলাদেশ ফরমড পুলিশ