চট্টগ্রামের খবরব্যক্তিগত বায়োগ্রাফিমুখোমুখিলাইফস্টাইললিড

বঙ্গবন্ধুকে যখন কবর দেওয়া হয় তখন পরিবারের কোনো সদস্য ছিলো না এমন কি পাড়া-পড়শীও না !

জালালউদ্দিন সাগর: ‘সময় তখন বিকেল ৩টা-৪টার মতো হতে পারে। হেলিকপ্টার চলে যাওয়ার পর আমি ক্লান্তি অনুভব করি। শরীর যেন অবশ হয়ে আসছিল। আমি ও ম্যাজিস্ট্রেট আবার কবরের পারে যাই। অল্পক্ষণ আগেই বাঙালি জাতির জনক, মুক্তিযুদ্ধের মহানায়ক, দেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দাফন শেষ হয়েছে। ইতিহাস কাঁপানো এ করুণ এবং মর্মান্তিক ঘটনার শেষ পর্বে কবরের পারে পরিবারের কোনো সদস্য বা নিকট আত্মীয় এমন কি পাড়া-পড়শী কেউ উপস্থিত নেই! নেই কোনো শুভাকাঙক্ষী চোখের জল ফেলে স্বজন হারানোর বেদনা নিয়ে দু’হাত তুলে আল্লাহর কাছে মাগফেরাত প্রার্থনার। অথচ তরবারিবিহীন যে বীরের হুংকারে প্রতিটি বাঙালির শিরা-উপশিরায় রক্তকণাগুলো টগবগ করতো, যাঁর আঙুলের ইশারায় সাগরের ডেউয়ের মতো গণজোয়ার ফুলে-ফেঁপে উঠতো, যাঁর আহবানে রক্তঝরা মার্চে মাতৃভূমিকে হায়েনা মুক্ত করার জন্য আমার মতো হাজার হাজার যুবক অস্ত্র হাতে নিয়েছিলো’-বঙ্গবন্ধুকে দাফন করার পরমুহূূর্তের অনুভূতির কথা এভাবেই বর্ণনা করেছেন অই সময়ের গোপালগঞ্জ মহকুমা পুলিশ অফিসার (এসডিপিও) মো.নুরুল আলম।

তাঁর লেখা ‘বঙ্গবন্ধুর দাফন,প্রত্যক্ষদর্শীর বিবরণ’ গ্রন্থে তিনি আরও উল্লেখ করেন, ১৬আগস্ট ‘ দুপুর দেড়টা হবে, হঠাৎ হেলিকপ্টারের আওয়াজ। কয়েক সেকেন্ডের মধ্যে টুঙ্গিপাড়ার আকাশে হেলিকপ্টার দেখা গেল।’ তিনি আরও উল্লেখ করেন, ‘খোলা উঠান, কোনো খাটিয়া বা চৌকি নেই যার উপর লাশ রেখে গোসল হবে। লাশ আড়াল করার জন্য কোন পর্দার ব্যবস্থা নেই। গরু ঘরের মাচা হতে ২টি হোগলার চাটাই এনে লাশের একপাশ আড়াল করা হয়।’

বাংলাদেশ পুলিশের সাবেক এই উর্ধ্বতন কর্মকর্তার (অতিরিক্ত আইজিপি) সাথে সম্প্রতি এই প্রতিবেদকের কথা হয় তাঁর ঢাকাস্থ রমনার বাসভবনে। বঙ্গবন্ধুর শেষবেলা সম্পর্কে তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর লাশের গোসল হয়নি এবং তাঁর জানাজাও পড়ানো হয়নি-এমন সন্দেহ থেকে আমি লাশের সাথে আসা ক্যাপ্টেন মহিউদ্দিনকে অনুরোধ করে লাশের গোসল ও জানাজা পড়ানোর ব্যবস্থা করি।

নুরুল আলম আরও বলেন, তার পর খুব দ্রুততার সাথে মাটি দেওয়ার কাজ শেষ করতে হয়। কবরের মাটি পারের সমান হলেই আর্মিরা উইথড্র সংকেত দিয়ে হেলিকপ্টারের দিকে রওয়ানা দেয়। যাবার সময় মেজর হায়দার আমাকে বলে ‘লুক এসডিপিও কবর হতে লাশ তুলে কেউ যেন মিছিল করতে না পারে।’

চারজন ব্যাংক কর্মচারী , গোপালগঞ্জ হতে আসা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের ও টুঙ্গিপাড়া থানার ওসি আব্দুল জলিল শেখসহ কবর খননকারী, মরদেহ বহনকারী ও জানাজা পড়ানোর ইমাম,টুঙ্গিপড়া থানার পুলিশসহ ২০/২৫জন লোক ছিলাম বঙ্গবন্ধুর দাফনের সময়।
কথা বলতে, বলতে একসময় তিনি কেঁদে উঠেন। বয়সের ভারে কিছুটা ক্লান্ত হওয়া এই মানুষটি কিছুটা হাঁফাতে হাঁফাতে বলেন, যার কারণে এই বাংলাদেশের জন্ম, বাঙালি জাতিসত্তার জন্ম-সে মহানায়কের শেষবেলাতে কেউ ছিলো না তাঁর পাশে। না স্বজন না প্রতিবেশী ! টুঙ্গিপাড়ার শেখ সায়রা খাতুন রেডক্রিসেন্ট হাসপাতালের স্টোর রুমে থাকা রিলিফের সাদা শাড়ির পাড় কেটে সে শাড়ি দিয়ে জাতির জনকের শরীরের কাফন পরানো হয়! বলেন, সে নুরুল আলম।
বাঙালি জাতির পথপ্রদর্শক, মহান নেতা, জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতের অন্ধকারে নৃশংসভাবে হত্যা করার পর ১৬ আগস্ট তাঁর লাশ দাফন করতে পাঠানো হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সে সময় গোপালগঞ্জের মহকুমা পুলিশ কর্মকর্তা হিসেবে দাফনের নামে ‘যেনতেন’ ভাবে বঙ্গবন্ধুর লাশ মাটির নিচে চাপা দেয়ার দায়িত্ব পড়ে মো.নুরুল আলম’র ওপর।

বঙ্গবন্ধুর প্রতি দুর্বলতা ও ভালোবাসার কারণে লাশ বহনকারী সেনাদের রক্তচক্ষু উপেক্ষা করে প্রখর বুদ্ধিমত্তায় বঙ্গবন্ধুর লাশের গোসল ও জানাজা পড়ানো ব্যবস্থা করেন। সেই সাথে মুসলিম রীতিনীতি অনুযায়ী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের দাফনের ব্যবস্থা করেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সন্তান বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজি) মো.নুরুল আলম।

মো. নুরুল আলম ১৯৪৬ সালের ফেব্রুয়ারি মাসে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার খিলমোগল গ্রামে জন্মগ্রহণ করেন। আলহাজ মাস্টার আবদুল গনি তালুকদার ও মিসেস নুরুন্নাহার বেগমের প্রথম সন্তান তিনি। রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।

চট্টগ্রাম কলেজে অধ্যয়নের সময় তিনি ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। রাজশাহী গভর্মেন্ট কলেজে ছাত্রলীগ প্রতিষ্ঠা করে সেখানের সভাপতি হন। রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি নবাব আব্দুল লতিফ হল ছাত্রসংসদের সহ-সভাপতি এবং রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক ছিলেন মো.নুরুল আলম।

৭১ এর মুক্তিযুদ্ধের সময় তিনি রাঙ্গুনিয়া থানা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। ১৯৭৩ সালে প্রথম শ্রেণির অফিসার হিসেবে পুলিশ ক্যাডারে যোগ দেন। গোপালগঞ্জ মহকুমা পুলিশ অফিসার হিসেবে কর্মজীবন শুরু করে ঢাকা মেট্টোপলিটন পুলিশ এর ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি১,এডিশনাল ডিআইজি ঢাকা ও বরিশাল, ডিআইজি ঢাকা ও এডিশনাল পুলিশ কমিশনার ডিএমপি, এডিশনাল আইজি পুলিশ হেডকোয়ার্টার (অর্থ) এবং পুলিশ স্টাফ কলেজের প্রতিষ্ঠাতা রেক্টর ছিলেন।

বিসিএস পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেন। ঢাকা অফিসার্স ক্লাবের নির্বাচিত সহ-সভাপতি ছিলেন। ঢাকা মেট্রোপলিটন ফুটবল অ্যাসোসিয়েশনের ডিসিপ্লিন কমিটির সভাপতি, বাংলাদেশ রোয়িং ক্লাবের সভাপতি ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের নির্বাচিত সহ-সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি বিসিএস পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি হিসেবে (১২বছর) দায়িত্ব পালন কালে ‘অ্যাডভান্সড পুলিশ টাউন’ আবাসিক প্রকল্প প্রতিষ্ঠা করেন।

তিনি উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ, আব্দুল গনি-মনির আহমদ ফোরকানিয়া মাদ্রাসা এবং আলমশাহ্ পাড়া বায়তুর রহমত জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১ গঠনে তিনি অগ্রণী ভূমিকা রাখেন এবং বর্তমানে সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০০৩’র ফেব্রুয়ারিতে তিনি অতিরিক্ত আইজিপি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

মো.নুরুল আলম ‘বঙ্গবন্ধুর দাফন, ‘হিউমান রাইটস ট্রেনিং ম্যানুয়াল ফর বাংলাদেশ পুলিশ’ এবং ‘ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ-রাঙ্গুনিয়া ’ ৭১- নামের তিনটি গ্রন্থের লেখক।