সন্তানের জন্য দুধ কিনতে পারেননি যিনি হাজার মানুষের অন্ন জোগান তিনি!
জালালউদ্দিন সাগর: ৭৫’র মাঝামাঝিতে ঢোকেছিলেন সরকারি চাকরিতে। স্বাস্থ্য বিভাগে। ১০ম স্কেলে। ১৪শ টাকা বেতনের লোভনীয় চাকরি। পাবলিক হেলথ ডিপার্টমেন্টে কক্সবাজার অঞ্চলে পোস্টিং ছিলো তাঁর। অনৈতিক প্রস্তাবে সমঝোতা করলে হয়তো উপরিও পেতেন তার চেয়েও বেশি। কিন্তু না অন্যায়ের সাথে আপস করার মানুষ তিনি নন। তাই চাকরিটাও ভাগ্যে জোটেনি বেশি দিন।
অসাধু কিছু কর্মকর্তার অনৈতিক প্রস্তাবে সাড়া না দেয়ায় উল্টো তার বিরুদ্ধেই অভিযোগ পড়ে মন্ত্রণালয়ে। পরিণামে রাগে,কষ্টে, অভিমানে চাকরি থেকে নিজেই ইস্তফা দেন তিনি। এরই মধ্যে জন্ম নেয় প্রথম সন্তান সহিদুল। ১৯৭৬ সালে।
দুই বছরের সন্তানের জন্য গুঁড়ো দুধ নিয়ে আসতে চিঠি লিখেছিলেন সহধর্র্মিণী সারোয়ারা আক্তার। কিন্তু চাকরি থেকে সদ্য ইস্তফা দেওয়া মানুষটির কাছে সন্তানের জন্য দুধ কেনার টাকা ছিলো না তখন। সন্তানের জন্য নতুন জামা ছাড়া, মুখে দেওয়ার জন্য দুধের কৌটা ছাড়া কষ্ট ভারাক্রান্ত, ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরেন একজন বাবা। ৪২ বছর আগে ঘর আলো করা সদ্য ভূমিষ্ঠ সন্তানের মুখে তুলে দেয়ার জন্য এক কৌটা দুধ কেনার সামর্থ্য ছিলো না যার তিনি আজ আহার তুলে দেন প্রায় ৫০ হাজার মানুষের মুখে।
কী পাঠক চমকে গেলেন ? হুম, চমকাবারই কথা। দেশের স্বনামধন্য বেকারি খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান মধুবন, বনফুল এবং কিষোয়ান যার হাতে প্রতিষ্ঠিত-কোনো একসময় তারও সামর্থ্য ছিলো না সন্তানের জন্য এক কৌটা গুঁড়ো দুধ কেনার! অথচ নিজ চেষ্টা, অধ্যবসায় আর পরিশ্রমের ফলে তিনি আজ দেশের ব্যবসায়ীদের শীর্ষস্থানে। বলছিলাম, এম এ মোতালেব,সিআইপি’র কথা। যিনি একাধারে বনফুল ও কিষোয়ানসহ একাধিক গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। একই সাথে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক।
চট্টগ্রামের সাতকানিয়া চিববাড়ি গ্রামের অছিয়র রহমান ও হাফেজা বেগমের ৬ সন্তানের মধ্যে তৃতীয় এম এ মোতালেব। চিববাড়ি প্রাইমারি স্কুলে প্রাথমিকের হাতেখড়ি। পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৮ সালে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। এরপর ১৯৭০ সালে সাতকানিয়া কলেজ থেকে এইচএসসি এবং ১৯৭৩ সালে চট্টগ্রাম কলেজ থেকে বিএসসি সম্পন্ন করেন। পারিবারিক জীবনে এম এ মোতালেব ৫ সন্তানের পিতা বলেও জানান তিনি।
শিক্ষক হিসেবে পেশাগত জীবন শুরু হয় এম এ মোতালেব’র। ১৯৭৪ সালে সাতকানিয়া সমাদরপাড়া হাইস্কুলের ম্যাথের শিক্ষক হিসেবে নিজেকে যুক্ত করেন তিনি। কিন্তু বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করতে গিয়ে ১৯৭৭ সালে স্কুলের চাকরি হারান। ’৭৭ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকারের পাবলিক হেলথ বিভাগে চাকরিতে যুক্ত হন তিনি।
এর পর চাকরি করা নয়-চাকরি দেয়ার নেশায় ঘর ছাড়লেন মোতালেব। বাবার দেয়া মাত্র ৫ হাজার টাকা হাতে নিয়ে গ্রাম ছেড়ে শহরে আসেন ওঠেন ছোট বোন সফুরা বেগমের বাসায়। এম এ মোতালেব জানান, ছোট বোনের জামাই লাল মিয়া কসমেটিকস এর পাইকারি ব্যবসা করতেন। শহরে এসে ছোটবোনের জামাইয়ের কসমেটিক ব্যবসায় দেখাশোনা শুরু করি।
তিনি বলেন, ৭৯ সালে হাজী মোহাম্মদ আলী নামে একজনের সাথে যৌথভাবে ‘পূরবী’ নামে একটি ফাস্টফুডের দোকান শুরু করি স্টাগ রোড নতুন রেলস্টেশন এলাকায়। ১৯৮০ সালে নিউমার্কেট এলাকার উজালা সিনেমা হলের পিছনে বেকারি খাদ্য সামগ্রী উৎপাদনে কারখানা চালু করি। তিনি জানান, ১৯৮৩ সালে যৌথ মালিকানায় মধুবন বেকারির উৎপাদন শুরু করি হাজী সোলায়মানের সাথে।
১৯৮৮ সালে মধুবন ছেড়ে দিয়ে ৮৯ সালে বনফুলের শো রুম ও কারখানা চালু করি নগরীর শেখ মুজিব রোডে। এরপর ২০০২ সালে ভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কিষোয়ান প্রতিষ্ঠা করি। বর্তমানে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ, কুমিল্লা, নাটোর, চট্টগ্রাম জেলার পটিয়া ও সিলেটে কিষোয়ানের কারখানা রয়েছে বলেও জানান তিনি।
আলাপচারিতায় ভোগ্যপণ্য উৎপাদনকারী এই উদ্যোক্তা জানান বনফুল, কিষোয়ান গ্রুপ অব কোম্পানি ছাড়াও ইউনাইটেড ফ্লাওয়ার মিলস,তাহিয়া প্যাকেজ অ্যান্ড প্রিন্টিংস, পানামা কার্গো সার্ভিসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে প্রায় ২০ হাজার মানুরের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং যার ওপর নির্ভর করে প্রায় ৫০ হাজার মানুষের জীবিকা।
তিনি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য। জীবনের শুরুতে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেয়া মানুষটি কালের বিবর্তনে এখন সফল ব্যবসায়ী।
শিক্ষানুরাগী এই ব্যক্তি প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার হার ও মান বৃদ্ধি করতে প্রতিষ্ঠা করেন চিববাড়ী এম এ মোতালেব কলেজ। সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে সহজে কলেজে যাতায়াত করতে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে গাড়ির ব্যবস্থা করেছেন তিনি।
গৃহহীন অনেক পরিবারকে স্যানেটিশন ব্যবস্থাসহ পাকাঘর নির্মাণ করে দেওয়া, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, মন্দির, বৌদ্ধমন্দির নির্মাণ ও পুনঃনির্মাণে সহায়তা করেছেন সিআইপি এম এ মোতালেব।
অছিয়র রহমান ট্রাস্ট ও সাতকানিয়া ডায়াবেটিক হাসপাতালে চক্ষু বিভাগ প্রতিষ্ঠাসহ অনেক সামাজিক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মানবিকতায় অনন্য এই গুণী ব্যক্তি। । অসহায় গরিব অনেক রোগীর চিকিৎসা,বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়ার ব্যবস্থাও রয়েছে সাতকানিয়া ডায়াবেটিক হাসপাতালে।
একই সঙ্গে বেকারত্ব দূরীকরণে দুই উপজেলার প্রায় ১৫হাজারেরও অধিক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে তাঁর পরিচালিত প্রতিষ্ঠান বনফুল- কিষোয়ানসহ অন্যান্য প্রতিষ্ঠানে।
তিনি এ অঞ্চলে প্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শিক্ষাবৃত্তি চালু করেন। একই সাথে সাথে সতেরটি ইউনিয়ন ও একটি পৌরসভায় পাঁচ শতাধিক গরিব ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেন।
এ সম্পর্কে এম এ মোতালেব বলেন, আমার কোনো চাওয়া-পাওয়া নেই, সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও করবো। আধুনিক শিল্পনগরী গড়ার মাধ্যমে সাতকানিয়া-লোহাগাড়ার বেকার যুবকদের কর্মসংস্থানে আরও শিল্পকারখানা গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন এম এ মোতালেব।