সম্পাদকীয়: পোশাকে অশ্লীলতা নয়, চাই নান্দনিকতার ছোঁয়া

পোশাকে অশ্লীলতা নয় চাই নান্দনিকতার ছোঁয়া-এমন স্লোগানকে ধারণ করে গত চার বছর ধরে চট্টগ্রামের পোশাক শিল্প নিয়ে কাজ করছে চট্টগ্রাম থেকে প্রকাশিত প্রথম লাইফস্টাইল অ্যান্ড বিজনেস ম্যাগাজিন ক্লিক ও ক্লিক পরিবার। কাজ করছে, দেশিয় কৃষ্টি ও সংস্কৃতিকে সমুন্নত রেখে এই শিল্পের বিকাশে। একই সাথে এই শিল্পে জড়িত নতুন উদ্যোক্তা ও ডিজাইনারদের ক্রেতাদের কাছাকাছি পৌছে দিতে নিয়েছে নানান উদ্যোগ। পাশ্চাত্য ধ্যানধারণার কুরুচিপূর্ণ পোশাকের মোহ থেকে বেরিয়ে এসে কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে ক্লিক।
ক্লিক পরিবার বিশ^াস করে, পোশাক শিল্পে আমাদের রয়েছে শত বছরের ঐতিহ্য। রয়েছে বাঙালিয়ানা। সেই ঐতিহ্যকে লালন করে এই শিল্পকে এগিয়ে নেয়া সম্ভব।
ভিনদেশি সিরিয়ালে অনুরক্ত হয়ে পোশাক ডিজাইনে যা ইচ্ছে তাই করার সময় শেষ। আমাদের মনে রাখতে হবে আমরা বাঙালি, আমাদের নিজস্বতা রয়েছে।
পোশাকের শিল্প এবং নান্দনিকতায় তাই আজও বাঙালির বিশ্বজোড়া খ্যাতি কারও অজানা নয়। আজও আমাদের মসলিন বা জামদানি বিনা প্রতিদ্বন্দিতায় রাজত্ব করে বিশ্ব জুড়ে। তবে অপসংস্কৃতি নামক এক আগ্রাসনে পোশাকের ক্ষেত্রেও অন্ধকার সময় পার করেছি আমরা।
বহুযুগের পরিশীলিত ও নান্দনিক ইতিহাস গ্রাস হয়ে যেতে বসেছিলো বিরূপ হাওয়ায়। অশ্লীলতা এবং রুচিহীনতার পরগাছা তার প্রভাব বিস্তার করে এবং কিছু অসাধু শ্রেণির ব্যবসায়ীরা তথাকথিত ফ্যাশনের নামে মানুষকে উদ্বুদ্ধ করে এসব পোশাক গ্রহণ করতে। পৃথিবীর ইতিহাসের সব থেকে মিহি সুতার শিল্পসম্ভার যাঁদের তাঁদেরই দেশে বাজার ভরে ওঠে বাহারি নামধারী মানহীন, রুচিহীন পোশাকে। অশ্লীলতার প্রচারে ঢাকা পড়ে যায় আমাদের নান্দনিক শিল্প।
সবাইকে মাহে রমজানের মোবারকবাদ এবং ইদের আগাম শুভেচ্ছা। ইদ মোবারক।
জালালাউদ্দিন সাগর, সম্পাদক