আলোকিত ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন
জালালউদ্দিন সাগর : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অন্যতম ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন। ব্যক্তি ইমেজ, সামাজিক দায়িত্ববোধ আর রুচিশীলতার কারণে খুব অল্প দিনের মধ্যেই নগরবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ১৯৭৫ সালে চট্টগ্রামের জামালখানে জন্ম নেয়া এই তরুণ জামালখান এলাকার সৌন্দয বর্ধনে শৈল্পিক কারুকাজ করার মাধ্যমে আলোচনায় আসেন গ্রিনসিটি বাস্তবায়নের রূপকার হিসেবে।
চট্টগ্রামকে নান্দনিকভাবে সাজাতে পাইলট কর্মসূচির পরীক্ষায় শত ভাগ সফল তরুণ এই জনপ্রতিনিধি। খুব অল্পদিনে তিনি বদলে দিয়েছেন নগরীর হেলদি ওয়ার্ড নামে পরিচিতি জামালখানকে।
রাস্তার পাশে-ওয়ালে ইতিহাসনির্ভর ম্যুরালের চিত্র। আইলান্ডে সবুজারণ্য আর নান্দনিক কারুকাজ প্রতিনিয়ত মুগ্ধ করে পথচারীদের। চলতি পথে যে পথচারীই এই কারুকাজ দেখেন অজান্তেই সে পথচারীই বলে ওঠেন, সাবাস, শৈবাল সাবাস! হোক তিনি অন্য মতাদর্শের মানুষ। এই যে মতাদশের উর্ধ্বে ওঠে মানুষ আমাকে ভালোবাসে;এই ভালোবাসাই আমার অর্জন-বলেন, শৈবাল দাশ সুমন। চসিকের জামালখান ওয়ার্ডের কাউন্সিলর।
শৈবাল দাশ সুমনের বর্তমান আবাসস্থল নগরীর রাজাপুকুর লেন হলেও পৈতৃক বাড়ি বাঁশখালীর জলদী গ্রামে। বাবা সঞ্জীব দাশ ছিলেন সরকারি চাকরিজীবী আর মা বীণা দাশ গৃহিণী। বড়ভাই ব্যবসায়ী রাজীব দাশ বিকেএমইএ’র পরিচালক।
১৯৯০ সালে এসএসসি পাস করেন কদম মোবারক হাইস্কুল থেকে। ইসলামিয়া কলেজ থেকে ১৯৯২ সালে এইচএসসি ও ৯৪ সালে বিকম পাস করেন কৃতিত্বের সাথে।
২০০০ সালের ৯ ডিসেম্বর পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন রুমা দাশ’র সাথে। পারিবারিক জীবনে এক মেয়ে ও এক ছেলের গর্বিত পিতা তিনি। মেয়ে অন্বেষা দাশের জন্ম ২০০৮ সালে এবং ছেলে অর্থ দাশের জন্ম ২২ নভেম্বর ২০১০সালে। জানান শৈবাল দাশ সুমন।
আলাপচারিতায় হাসতে হাসতে বলেন, যে কেউ তাঁর বাবাকে অনুসরণ করেন। কিন্তু আমার বেলায় ঠিক তেমনটি হয়ে ওঠেনি। আমার জীবনের পাঠশালা আমার বড়ভাই স্টিচটোন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিকেএমইএ’র পরিচালক, রাজনীতিবিদ রাজীব দাশ। বলেন শৈবাল।
তিনি আরও বলেন, আমি রাজনীতি শিখেছি আমার বড়ভাইয়ের কাছে। বড় ভাই যখন ওমরগণি এমইএস কলেজ ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলো তখন তিনি আমাকে রাজনীতিতে আনেন।
১৯৯১ ও ৯২ সালে ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ১৯৯৪ সালে জামালখান ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক ছিলেন শৈবাল দাশ সুমন। ব্যবসায়িক কারণে রাজনীতি থেকে দূরে ছিলেন কিছুটা সময়। ২০০৭ সালের দিকে আবারও রাজনীতিতে সক্রিয় হন তিনি। ২০১৫ সালে নির্বাচিত হন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে।
রাজনীতির শুরুটা বড়ভাই রাজীব দাশের হাত ধরে হলেও আমার রাজনৈতিক শিক্ষাগুরু আ.জ.ম নাছির। রাজনীতির পাশাপাশি মানুষের কাছে যাওয়া, মানুষকে ভালোবাসার উদ্দীপনা পেয়েছি তাঁর কাছ থেকেই। বলেন শৈবাল।
বর্তমান রাজনীতির নীতির সাথে দ্বিমত পোষণ করে শৈবাল দাশ সুমন বলেন, রাজনীতি হবে মানুষের জন্য। মানুষের কল্যাণের জন্য। এখন সে রাজনীতি কই? সেবাধর্মী রাজনীতি ছাড়া মানুষের হৃদয়ে স্থান পাওয়া অসম্ভব। সেকারণে আমাদের রাজনীতির নীতি পরিবর্তন জরুরি। বলেন শৈবাল।
বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী চসিকের জনপ্রিয় এই কাউন্সিলর জানান, আওয়ামী লীগকে জনগণের জন্য কাজ করতে হবে। যারা আওয়ামী লীগের নাম বহন করে স্বার্ধ উদ্ধারের রাজনীতি করে তাদের চিনহিত করে আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত করতে হবে। আওয়ামী লীগ বাঁচলে আমি বাঁচবো;আমার মতো হাজারো কর্মী বাঁচবে।
রাজনীতিকে সেবা করার হাতিয়ার ভাবেন শৈবাল। বলেন, ‘মানুষের সেবা করতে রাজনীতিতে এসেছি। আখের গোছাতে নয়।’ তিনি বলেন, সৃষ্টিকর্তা সুযোগ দিয়েছেন তাই মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে চাই।’
তিনি আরও বলেন, সুযোগ পেয়েছি জামালখান ওয়ার্ড বদলে দিয়েছি। যদি কখনো সুযোগ হয় গোটা দেশ বদলে দেওয়ার তাও পারবো ইনশাআল্লাহ।
কথা প্রসঙ্গে তিনি জানান, গত দেড় বছর ধরে জামালখান ওয়ার্ডেও ২৫টি পরিবারকে নিজ তহবিল থেকে প্রতিমাসে কাউকে এক হাজার আবার কাউকে দুই হাজার টাকা সাহায্য করেন তিনি। এ ছাড়া একটি মাদ্রাসায় ৫ হাজার টাকা, একটি এতিমখানায় ৩ হাজার, একটি অনাথ আশ্রমে ৩ হাজার টাকা করে প্রতি মাসে সাহায্য করেছেন তিনি। আলাপচারিতায় তিনি আরও জানান, আমি রমা দি’র (রমা চৌধুরী) ভক্ত। দিদি কখনো সাহায্য দিলে সাহায্য নিতেন না। সে কারণে প্রতিমাসে রমা দি’র বই কিনে মানুষকে উপহার দিতাম।
শৈবাল দাশ সুমন রাজনীতি ও চসিকের বাইরে বিভিন্ন সেবামূলক সংগঠনের সাথে দীর্ঘ দিন ধরে জড়িত। যাঁর মধ্যে উল্লেখযোগ্য সাইন কমিটির সদস্য, লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মহানগর’র সহ-সভাপতি, মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পূজা উৎযাপন পরিষদের সভাপতি’র দায়িত্ব ছাড়াও বেশ কয়েকটি পূজা উৎযাপন কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন শৈবাল দাশ সুমন।