লাইফস্টাইললিড

সুস্বাদু সুজির রসবড়া বানাবেন যেভাবে

ওয়াহিদ বিন আবির : বাঙালি মানেই মিষ্টির প্রতি একটা আলাদা দুর্বলতা আছে । মিষ্টি খেতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি। পুজো থেকে বিয়ে, জন্মদিন থেকে গৃহপ্রবেশ, পরীক্ষার রেজাল্ট বেরোনোর দিন থেকে নতুন পাওয়া চাকরি। বাঙালির কোনো অনুষ্ঠানই মিষ্টি ছাড়া সম্পূর্ণ হয়না। আর রসে ডোবানো মিষ্টির প্রতি বাঙালির আকর্ষণ তো সর্বজনবিদিত। আজ রইলো সুস্বাদু সুজির রসবড়া বানানোর রেসিপি।

এই মিষ্টি দেখতে শুধু সুন্দর নয়। খেতেও দারুন। বাড়ির ছোটো থেকে বড় সবারই ভালো লাগবে। সুজির রসবড়া বানাতে খুব বেশি সময় লাগে না, তাই খুব সহজেই আপনার বাড়িতে কোনো অতিথি এলে তাকে বানিয়ে খাওয়াতে পারেন সুস্বাদু এই মিষ্টি। আসুন এখন দেখে নেওয়া যাক কি ভাবে সহজেই বানানো যায় সুজির রসবড়া।

উপকরণ: সুজির রসবড়া বানানোর জন্য লাগবে ১ টেবিল চামচ ঘি, হাফ কাপ সুজি, পরিমাণ মতো চিনি, ১ কাপ তরল দুধ, ২ টেবিল চামচ গুড়ো দুধ।

কীভাবে বানাবেন: গ্যাস জ্বালিয়ে কড়াইতে দিয়ে দিন ১ টেবিল চামচ ঘি। এবার দিয়ে দিন হাফ কাপ সুজি। তারপর ঘিয়ের সাথে এই সুজি একটু সময় নিয়ে ভাজতে হবে। এই সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখতে হবে। কারণ অল্প আঁচে না ভাজলে সুজি পুড়ে যেতে পারে। সুজি ভাজা হয়ে গেলে দিয়ে দিন ১ কাপ তরল দুধ। এবার ক্রমাগত নেড়ে যেতে হবে। এবার সুজিটা কিছুক্ষণ পড়েই ঘন হয়ে একদম দলা পাকিয়ে যাবে। এবার নামিয়ে একটি প্লেটে নিয়ে নিন। এবার ২ টেবিল চামচ গুড়ো দুধ দিয়ে ভালো করে মেখে নিন। এবার মিশ্রণটি থেকে ছোট ছোট লেচি নিয়ে হাত দিয়ে চেপে বড়ার মত বানিয়ে নিতে হবে। এবার গ্যাস জ্বালিয়ে একটি প্যান বসিয়ে দিয়ে দিন ১ কাপ চিনি ও এক কাপ জল। আর সঙ্গে কয়েকটি এলাচ দিয়ে দিন। এবার একটু ফুটিয়ে জাল দিলেই রস ঘন হয়ে আসবে। এবার মিষ্টি ভেজে নেওয়ার পালা। তেল গরম করে সুজির বড়া গুলো ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে মিষ্টি গুলো তুলে নিয়ে রসেতে দিয়ে দিন। এবার ২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। ২ ঘণ্টা পর দেখবেন মিষ্টিগুলো রসে একদম ফুলে উঠেছে। তৈরী সুজির রসবড়া। পরিবেশন করুন।