ফ্যাশনবিউটি

বৈশাখি সাজে, মনে আনন্দের সুর বাজে…

ক্লিক প্রতিবেদক:: কখনো রোদ কখনো বৃষ্টি -এই হলো বৈশাখ। এখনই মাথার ওপর গনগনে রোদ তো কিছুক্ষণ পরই রূপ পাল্টে আকাশ কালো করে নামছে ঝুম বৃষ্টি। রোদ-বৃষ্টির মিষ্টি আবেশ নিয়ে আসছে এই বৈশাখ। চারদিকে পাওয়া যাচ্ছে বাহারি সব ফলের মো মো গন্ধ।এমন বোশেখি আবহাওয়ায় না সাজলে কি হয়? কিন্তু ভাবছেন, কেমন হবে এবার পয়লা বৈশাখের সাজগোজ? উত্তরটা সাজিয়ে নিন নিজেই।

সকালে কিংবা বিকেলে লাল-সাদার পাশাপাশি যেকোনো উজ্জ্বল রঙের পোশাক পরতে পারেন আপনি। গায়ের রঙের সঙ্গে মিলিয়ে হালকা গোলাপি বা বাদামি ব্লাশন ব্যবহার করতে পারেন।

বিউটি বিশেষজ্ঞদের মতে, দিনে বাইরে বের হলে খুব চড়া মেকআপ আপনাকে বেমানান লাগবে। মেকআপ নিন ম্যাট। চোখে রংচঙে শেড না দিয়ে বেছে নিতে পারেন নিউট্রাল রঙ।

প্রশ্ন জাগতে পারে তাহলে কি বৈশাখের সাজে লালের ছোঁয়া থাকবে না? হ্যাঁ, ঠোঁটও রাঙাতে পারেন লাল রঙে। শাড়ির সঙ্গে ঐতিহ্যবাহী সাজ দিতে চাইলে কপালে লাল একটি টিপ না থাকলে সাজটা আপনার কিন্তু একমদই জমে ওঠবে না।

বিশেষ এই দিনটিতে মেয়েরা দল বেঁধে ঘুরতে বের হয়, সাজপোশাকে তাই উৎসবের আমেজ ফুটে তো ওঠবেই, সঙ্গে আরামের কথাও ভাবতে হবে। কুর্তা, ফতুয়া, স্কার্ট ও ধুতি-পায়জামার সঙ্গে চুল সামনে একটু পাফ করে নিয়ে পনিটেল বা স্টাইলিশ কোনো বেণি করে নিতে পারেন। বৈচিত্র্য আনা যেতে পারে গয়নাতেও। রঙিন পুঁতি বা কাপড়ের মালা কেউ চাইলে মাথায়ও ব্যবহার করতে পারেন। সাদামাটা শাড়ির সঙ্গে রঙিন গয়না পরে সামঞ্জস্য আনা যেতে পারে।

শাড়িটি যদি হয় রংচঙে, তাহলে মেকআপ ও গয়নার রং হালকা হলেই ভালো দেখাবে। তবে, সারা দিন ঘুরে বেড়াতে চাইলে চুল বাধতে হবে আপনাকে। চুলে ফুল লাগাতে চাইলে এমন ফুল বেছে নেবেন, যা অনেকটা সময় তাজা থাকে। সুন্দর একটি খোঁপায় নেতিয়ে পড়া ফুল দেখতে মোটেই ভালো লাগবে না আপনার।

আবার আপনার সাজে ঐতিহ্য ও হাল ফ্যাশনের ধারার সমন্বয় থাকতে পারে। শাড়ি বা কামিজে দেশি নকশা থাকলেও চুলটা ছিমছাম ও ট্রেন্ডি ধাঁচে বেঁধে নিতে পারেন।

এইদিনে তো সব বয়সীর পোশাকেই উজ্জ্বল রঙের ছোঁয়া থাকবে। পার্থক্যটা থাকে মূলত মেকআপ ও অনুষঙ্গে। তরুণীরা নানা ঢঙে শাড়ি পরতে পারেন। কুচি দিয়ে শাড়ি পরতে পারেন মাঝ বয়সী রমণীরা। সঙ্গে একটি হাতখোঁপা আর কপালে গোল টিপে ছিমছাম সৌন্দর্য ফুটে উঠবে।
তবে কেউ চাইলে এক প্যাঁচেও শাড়ি পরতে পারেন এই দিনে। এর সঙ্গে টিকলি বা নথও লাগাতে পারেন। পুরোপুরি দেশি ঢঙে সাজতে পারেন। দেখবেন নিজেকে অসাধারণ লাগছে।