রূপসী বাংলার আদুরে কন্যা সেন্টমার্টিন !
মুনির ফারুক :: সেন্টমার্টিন নামে পরিচিত হলেও এর আরেকটি নাম নারিকেল জিনজিরা। রূপসী বাংলার রূপে ভরা আরেকটি অঙ্গ। বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ থেকে ৩৮ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত এই দ্বীপ।
বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। যেটি ১৯৮৩ সালে ইউনিয়ন হিসেবে উন্নীত হয়। আট কিলোমিটার আয়তন বিশিষ্ট সেন্টমার্টিনের দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার আর প্রস্থ দুই কিলোমিটার। পূর্বে এর নাম ছিল নারিকেল জিনজিরা। ৭ম-৮ম শতাব্দীতে সুদূর মধ্যপ্রাচ্য থেকে আরব বণিকরা জাহাজযোগে আকিয়াব ও রেঙ্গুন যাতায়াতের সময় এ দ্বীপে সাময়িক বিশ্রাম নিতো। এ দ্বীপে প্রচুর নারিকেল গাছ রয়েছে, রয়েছে কেয়াবন। যা ঝড় জলোচ্ছ্বাস থেকে দ্বীপবাসীর প্রাকৃতিক সুরক্ষা।
চারদিকে নীল জলরাশি পরিবেষ্টিত সেন্টমার্টিন দ্বীপটি বর্তমানে দেশি-বিদেশি পর্যটকদের কাছে অপূর্ব সুন্দরী পর্যটন এলাকা হিসেবে দিনে দিনে জনপ্রিয়তা পাচ্ছে। পর্যটকদের আবাসনের জন্য কক্সবাজার জেলা পরিষদ নির্মান করেছে রেস্টহাউজ। এছাড়া উপন্যাসিক হুমায়ুন আহমেদের ‘সমুদ্র বিলাস’ ছাড়াও ব্যক্তি মালিকানাধীন অনেক রিসোর্ট রয়েছে।
ক্রাউন সার্ভে যেটি সিএস খতিয়ান নামে পরিচিত, সেই সিএস খতিয়ান প্রস্তুত করার সময় তৎকালীন বৃটিশ কর্তা বৃটেনের এক ধর্মযাজক ‘সেন্টমার্টিন’ এর নামে এই মৌজার নাম করণ করেন। সেন্টমার্টিন নামে এলাকাটি বহুল প্রচার হলেও সরকারি কাগজপত্র, রেকর্ডপত্র, মানচিত্র ও দলিল দস্তাবেজে নারিকেল জিনজিরা লিপিবদ্ধ রয়েছে। এখানে একটি লাইট হাউস রয়েছে যা গভীর সমুদ্রে চলাচলরত জাহাজ, নৌকা ও নাবিকদের দিক নির্দেশনা দিয়ে আসছে।
এক সময় টেকনাফ হতে সেন্টমার্টিন যেতে হতো কাঠের নৌকা কিংবা রেসকিউ বোটের মাধ্যমে। ২০০২ সালে পর্যটকদের কথা বিবেচনা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (ইওডঞঈ) টেকনাফ হতে সমুদ্র পথে ‘খিজির-৩’ নামে দ্বিতল বিশিষ্ট একটি সী ট্রাক চালু করে। এরপর ব্যক্তিমালিকানায় একাধিক সী-ট্রাক চালূ হয়। তারপর কেয়ারী সিন্দাবাদ, ঈগল, এলসিটি কুতুবদিয়া, সী-ট্রাক, কাজল, সোনারগাঁ নামে ছয়টি জাহাজে করে পর্যটকরা টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে যাতায়াত করছেন। এর পাশাপাশি ‘কেয়ারী ক্রুজ এন্ড ডাইন’ পর্যটকদের আন্তর্জাতিক মানের সেবা দিয়ে যাচ্ছে।
জোৎস্না রাতে সেন্টমার্টিন দ্বীপে অবস্থান করার মজাই আলাদা। সমুদ্রের কুল ঘেঁষে নির্মিত কটেজসমূহের জানালার স্বচ্ছ কাঁচ থেকে সাগরের টালমাটাল ঢেউ সহজে অবলোকন করা যায়। ব্যক্তি মালিকানাধীন রিসোর্টগুলো আপনার ভ্রমণ আরামদায়ক করতে সব চেষ্টাই করে। রেস্টুরেন্টগুলো হরেক রকম মাছের স্বাদ দিবে আপনাকে। যেটা ভুলে যাওয়া প্রায় অসম্ভব।
মাংসের পাশাপাশি গভীর সমুদ্র থেকে শিকার করা তরতাজা সলোমন, রূপচাঁদা, বিভিন্ন জাতের কোরাল, লাক্ষ্যাসহ অসংখ্য মাছের মধ্যে কোন রেখে কোনটা খাবেন সিদ্ধান্ত নিতেও কষ্ট হবে! জীবন্ত মাছ পছন্দ করে দিবেন আপনি, একটু পরে ফ্রাই কিংবা বারবিকিউ হয়ে আপনার সামনে হাজির হবে।
ছেঁড়াদ্বীপ সেন্টমার্টিনের আরেক আকর্ষণ। জোয়ারে এটি সেন্টামার্টিনের মূল ভূ-খন্ড থেকে আলাদা হয়ে সাগরে ভাসে! দেখে মনে হয় দুষ্টু কন্যা তার মায়ের সাথে অভিমানে সাগর জলে, ঢেউয়ের তালে তালে ভাসছে। এই বুঝি ডুবে গেল। এই বুঝি ভেসে গেল!
এতদিন আমরা ডিসকভারী বা অন্য চ্যানেলে বিদেশী সমুদ্রের নীচের মনমাতানে দৃশ্য দেখতাম। সুখবর হলো ‘সেভ আওয়ার সী’ নামের একটি সংগঠন সেন্টমার্টিন নিয়ে ইতোমধ্যে গবেষণা করছে। তারা ইতোমধ্যে সমুদ্রে লুকিয়ে থাকা প্রবাল, নানা রঙের মাছ তাদের প্রতিবেশ ইত্যাদি নিয়ে ডকুমেন্টারী তৈরী করেছে।
আড়াই ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে টেকনাফ হতে সেন্টমার্টিনে পৌঁছা যায়। যাওয়ার পথে হাতের ডানে পাহাড়ী ঢাল বেয়ে প্রবাহমান নাফ নদীর অন্য পাড়ে মিয়ানমার সীমান্ত, আর আপনাকে অতিথি হিসেবে বরণ করে নেয়ার জন্য ঝাঁকে ঝাঁকে পাখির কল-কাকলী আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তবে সতর্কতা হলো বর্ষা মৌসুমে কোন অবস্থাতে এ দ্বীপে যাওয়া নিরাপদ নয়।