ভ্রমণ

দূরকে কাছে আনার গল্প…

হাসান আকবর :: বেশ কয়েকবার ধাক্কা খেল তার্কিশ এয়ারের বিশাল বোয়িং। কলজেটা মুচড়ে উঠলো। না, টাল সামলে নেয়ার মতো অবস্থা। বোয়িংটি ছুটতে লাগলো। কোমরে বেল্ট লাগিয়ে হেলান দিয়ে বসে আছি আমি। পুলিশ ভ্যানের আসামির মতো। বিমান ভ্রমণটাই এমন। কষ্টকর। নানা বিড়ম্বনা যেন লেগে থাকে।

সুন্দরী বিমানবালার চোখে চোখ রেখেছেন। দেখবেন আপনার গায়ের ওপর গরম কফির কাপটি উল্টে দিয়েছে। এয়ারহোস্টেজ যতই ‘সরি’ বলুক না কেন, এই ‘সরি’ না পারে কাপড়ের দাগ তুলতে, না পারে মনের। আবার কখনো বা দেখবেন পাশের সিটে বসা ‘আসামি’ পানির গ্লাস বা খাবারের প্লাস্টিকের প্লেটই উল্টে দিয়েছে। চামুচ আর কনুইয়ের গুঁতোগুতি যেন অনেকটা স্বাভাবিক ব্যাপার! অবশ্য সব সময় যে এমনটি হবে এমন কোন কথা নেই। হয়ও না। হঠাৎ হঠাৎ হয়। হয়ে যায়। এই হয়ে যাওয়াটা চোখ মুখ বন্ধ করে মেনে নিতে হয়। পৃথিবীর জঘন্যতম যাত্রার একটি হচ্ছে বিমানযাত্রা! এর থেকে ট্রাকে চড়া অনেক ভালো। অবশ্য আমি বলছি ইকোনমি ক্লাসে ভ্রমণের কথা। ফার্স্টক্লাস বা বিজনেস ক্লাসে ভ্রমণের ব্যাপার-স্যাপারই আলাদা। আমাদের মতো সাধারণ মানুষ যারা ইকোনমি ক্লাসে চড়ি তাদের জন্য বিমানযাত্রা আসলেই কঠিন একটি ব্যাপার। আর আমার মতো মোটা মানুষের জন্য কষ্টটা যেন একটু বেশিই। পা রাখার জায়গাটিই যেন দয়া করে দেয়া হয় শুধু।

দু’জনের হাত রাখার জন্য হাতলের যেই অবস্থা তা না লিখাই ভালো। আর মাঝের সিটে বসলেতো কপাল পুড়লোই! তবুও বিমানে চড়ি। চড়তে হয়। দূরকে কাছে এনে দেয়ার যেই আয়োজন একমাত্র বিমানছাড়া তাতো সম্ভব নয়। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলার এই যে আনন্দ তাতো বিমানই মানুষকে দিয়েছে। এতে করে আকাশের তেত্রিশ হাজার ফুট উঁচুতে মধ্যাকর্ষণ শক্তির যতই প্রেসারই থাকুক না কেন, কানের ভিতরটা যতই কড়কড় করুক না কেন, মানুষ বিমানে চড়ে। চড়তে হয়। পরকে আপন করতে বুঝি এভাবে সহ্য করতে হয় কষ্ট।

আসলে, যাচ্ছিলাম বার্লিনে। জার্মানির রাজধানী। বছর তিনেক আগে জার্মানি গিয়েছিলাম। ওই বছর জার্মানির হামবুর্গ ঘুরে নেদারল্যান্ড চলে গিয়েছিলাম। হামবুর্গ বন্দর দেখা হয়েছিল। কিন্তু বার্লিন দেখতে না পারার একটি কষ্টও ছিল ভিতরে। বার্লিনের সাথে আমার আত্মীয়তা অনেক দিন আগের। দৈনিক আজাদীর সাবেক চিফ রিপোর্টার চট্টগ্রামের খ্যাতনামা সাংবাদিক মরহুম ওবায়দুল হক সাংবাদিকতায় লেখাপড়া করতে বার্লিন গিয়েছিলেন। নয় মাস ছিলেন ওখানে।

ফিরে এসে তিনি ‘বার্লিন প্রবাসে’ নামে একটি বই লিখেছিলেন। উনার হাত ধওে দৈনিক আজাদীতে যোগ দেয়ার পর ওবায়দুল হক সাহেব আমাকে বইটি উপহার দিয়েছিলেন। ওই বইটি পড়ে আমি প্রথম বার্লিনের প্রেমে পড়েছিলাম। বার্লিনের সুন্দরীদের প্রেমেও। কিন্তু বার্লিনতো বার্লিন। ইচ্ছে করলে তো আর বার্লিন যাওয়া যায় না যখন তখন। বার্লিন সুন্দরীতো দূর অস্ত!

জার্মানী ঘুরে গিয়েও বার্লিন দেখতে না পারার কষ্টের দারুণ এক সমাপ্তি হতে চলেছে। এবারকার আমার ভ্রমণটি বার্লিনকে ঘিরেই। সপ্তম গ্লোবাল সোশ্যাল বিজনেস সামিট অনুষ্ঠিত হচ্ছে বার্লিনে। শান্তিতে নোবেলজয়ী খ্যাতনামা অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহম্মদ ইউনূস স্যার সম্মেলনে উপস্থিত থাকবেন।

থাকবেন বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশের এক হাজারেরও বেশি প্রতিনিধি। বাংলাদেশ থেকে কয়েকজন সাংবাদিক সম্মেলনে যোগ দিচ্ছেন। চট্টগ্রাম থেকে আমি এবং আমার প্রিয় এডিটর স্যার (দৈনিক আজাদী সম্পাদক) এম এ মালেক। চট্টগ্রামের সোশ্যাল বিজনেস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আমীর হুমায়ূন মাহমুদ চৌধুরী, ইস্টডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মু. সিকান্দর খান স্যার, মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীরপ্রতীকসহ একটি প্রতিনিধিদলও জার্মানি যাওয়ার কথা রয়েছে।

আমি এবং এডিটর স্যার সবকিছু গোছালেও শেষতক এডিটর স্যার যেতে পারলেন না। ম্যাডামের হঠাৎ অসুস্থতায় এডিটর স্যার জরুরি ভিত্তিতে ভারতের চেন্নাই যাওয়ায় জার্মানির পথে আমি একা হয়ে গেলাম। এডিটর স্যারের সাথে পৃথিবীর নানা দেশে ঘুরেছি। উনার সাথে পথ চলা যে কত আনন্দময় তা লিখে বুঝানো শুধু কঠিনই নয়, অসম্ভব। তিন বছর আগে স্যারের সাথে ইউরোপের বিভিন্ন দেশে ঘুরেছিলাম। এবারও ইউরোপ চষে বেড়ানোর স্বপ্ন দেখেছিলাম। মনে মনে অনেক আশাও করে রেখেছিলাম। কিন্তু উপরে বসে যিনি সব হিসেব-নিকেশ চূড়ান্ত করেন তিনি বুঝি আমার অবস্থা দেখে মনে মনে হেসেছিলেন।

ভোর চারটায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছি। সকালে ফ্লাইট ধরার উত্তেজনায় রাতভর ঘুমও হয়নি। ফ্লাইটে উঠে ঘুমানোর একটি ইচ্ছে ছিল। কিন্তু পুলিশ ভ্যানের আসামির মতো বসে থাকলে কি নিদ্রাদেবীর দেখা মেলে? ইস্টডেল্টা ইউনিভার্সিটির ভিসি প্রফেসর মু. সিকান্দর খান স্যার, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল, প্রথম আলোর ডেপুটি এডিটর (বিজনেস) সুজয় মহাজন, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার ফজলুর রহমান এবং আমি অনেকটা ধারে কাছের সিটে। ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল থেকে সকলেই ভোর চারটায় বিমানবন্দরে পৌঁছেছি।

এতে করে সকলেরই শরীর কমবেশি কাহিল হয়ে রয়েছে। প্রায় আট ঘণ্টা আকাশে উড়ে আমরা তুরস্কের ইস্তান্বুল কামাল আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে নামবো। আমাদের ফ্লাইটটি নামার আগে মেঘের রাজ্যে বারকয়েক ধাক্কা খেলো। আকাশে মেঘের সাথে বিমানের ধাক্কা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। বিমানটি নড়ে চড়ে উঠে। পাইলট সিট বেল্ট বাঁধার তাগাদা দেন। আবারো সব ঠিক হয়ে যায়। ভয় পেলে চলে না। তবে ভয়কে একেবারে উড়িয়েও দেয়া যায় না। অঘটনতো যখন তখনই ঘটতে পারে। বিমান দুর্ঘটনার পাশাপাশি বিমান নিখোঁজের ঘটনাও পৃথিবীতে বৃদ্ধি পেয়েছে। বোমা মেরে বিমান উড়িয়ে দেয়ার কথাও শোনা যাচ্ছে। এই অবস্থায় আফগানিস্তান বা পাকিস্তানের উপর দিয়ে যাওয়ার সময় কলজেটা একটু আধটু মোচড়তো মারতেই পারে!

যাক ভালোয় ভালোয় আমাদের ফ্লাইটটি কামাল আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলো। তুরস্ক আমি ইতোপূর্বে ঘুরে গেছি। ইস্তান্বুল শহরটি খুবই সুন্দর। বসফরাস প্রণালীতে নৌকা ভ্রমণ যেন চোখের মাঝে ভাসছে। চমৎকার একটি দেশ। ইউরোএশিয়ার এই দেশটি অত্যন্ত সমৃদ্ধ। ইসলামী ঐতিহ্যের নানা অমূল্য সম্পদ রয়েছে এখানকার টপকাফি প্যালেসে। অসাধারণ নানা আয়োজন রয়েছে শহরজুড়ে। সিনেমার পর্দার মতো সবকিছু আমার চোখের সামনে দিয়ে ভেসে যাচ্ছিল।

বিমানবন্দর থেকে বেরুলেই চমৎকার রাস্তা। রাস্তার পাশে রকমারি ভবন। চারশ’ বছরেরও আগেকার শহর রক্ষা দেয়াল। পাহাড়ের উপর বসতি। বসফরাস প্রণালি। সবই যেন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিলাম। ইচ্ছে করলে একদিন আগে এসে তুরস্ক ঘুরে বার্লিন যেতে পারতাম। অথবা ইস্তান্বুলে একদিন থেকে পরের দিন বার্লিনের ফ্লাইট ধরা যেতো। কিন্তু বার্লিনের সামিটের ব্যাপারটি চিন্তা করে তা করিনি। সরাসরি বার্লিন চলে যাচ্ছি।

আমাদের সাথের সকলেই একইভাবে বিমানের টিকেট করেছেন। কেউ ইস্তান্বুলে থাকছেন না। আমরা ইস্তান্বুল বিমানবন্দরে ঘণ্টা চারেক চক্কর মেরে আবারো বার্লিনের ফ্লাইট ধরবো। সকাল সাতটায় ঢাকা থেকে যাত্রা করে সন্ধ্যা সাতটায় আমাদের বার্লিনে হোটেলে পৌঁছার কথা রয়েছে। অবশ্য পাঁচ ঘণ্টার সময়ের ফারাকটিও এর ভিতরে ঢুকে বসে আছে। পৃথিবীর সাথে সূর্যের দিকে আমরাও ছুটছি। এতে করে আমাদের দিনটি বারো ঘণ্টার পরিবর্তে সতের ঘণ্টা হয়ে গেছে। বিজ্ঞান বুঝি এভাবেই মানুষকে গতি দিয়েছে। সূর্যকে তাড়া করার গতি।

যাই হোক, এমন সব অভিজ্ঞতা নিছেই অবশেষে আবার ফিরে আসলাম চট্টগ্রামের মাটিতে। আমার প্রিয় মানুষদের সাণিœধ্যে। কিন্তু সেই স্মৃতি যেন এখনো অমলিন হয়ে আছে।