লিডসফলতার গল্প

‘রোকেয়া পদক’ পেলেন পাহাড়ি মেয়ে মঞ্জুলিকা চাকমা

নিজস্ব প্রতিবেদক: নারী উন্নয়নে অবদানের জন্য  ‘বেগম রোকেয়া পদক’  পেলেন মঞ্জুলিকা চাকমা । আদবাসী তাঁত শিল্পের বিপ্লব এবং নারী উন্নয়নের জন্য তাকে এই পদকে ভূষিত করা হয়েছে। সংগ্রামী নারী মঞ্জুলিকা চাকমার মেধা এবং কঠোর অধ্যাবসায়ের জন্য আদিবাসী তাঁত শিল্প দেশে-বিদেশে বেশ সুপরিচিত এবং সমাদৃত লাভ করেছে।

আজ ৯ ডিসেম্বর, বুধবার সকাল ১০টায় ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেগম রোকেয়া পদক ২০২০ তুলে দেয়া হয় সংগ্রামী এই নারীর হাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে অনলাইনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এ বছর পাঁচ জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদকের জন্য মনোনীত করেছে সরকার। এর মধ্যে তিনজনই বৃহত্তর চট্টগ্রামের। এরা হলেন বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফি, চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, রাঙামাটির মঞ্জুলিকা চাকমা। এর বাহিরে আরও পদক পেলেন, পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কর্নেল (ডা.) নাজমা বেগম, নারী অধিকারে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার।

মঞ্জুলিকা চাকমা ১৯৬৫ সালে শিক্ষকতার পাশাপাশি আদিবাসী বস্ত্রশিল্পের উন্নয়নে ‘বেইন টেক্সটাইল’ নামে আদিবাসী তাঁত বস্ত্র প্রতিষ্ঠান গড়ে তোলেন। ১৯৭৬ সালে শিক্ষকতা পুরোপুরি ছেড়ে দিয়ে ব্যবসায়ে মনোযোগ দেন। ১৯৬৮ সালে তিনি ও তার স্বামীর সাথে আরো একজন কর্মী নিয়োগ করেন। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে দুটি কারখানা গড়ে তোলেন। সেখানে  ৫০-৬০ জন কর্মী কাজ করত।

১৯৪৪ সালের ২৬ অক্টোবর তিনি রাঙ্গামাটিতে জন্মগ্রহণ করেন। চার বোন ও তিন ভাইয়ের মধ্যে মঞ্জুলিকা ছিলেন তৃতীয়। তার পিতা কালী রতন খীসা এবং মাতা পঞ্চলতা খীসা। কালী রতন সরকারি চাকরিজীবী ও পঞ্চলতা একজন তাঁত শিল্পী ছিলেন। তার মাতা ‘অল পাকিস্তান উইমেনস অ্যাসোসিয়েশনের’ সদস্য ছিলেন।

তিনি স্থানীয় সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষ করে রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেন। দশম শ্রেণীতে পড়াবস্থায় তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে উচ্চ মাধ্যমিক ও বিএ সম্পন্ন করেন।১৯৬১ সালে রাঙ্গামাটি শাহ বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। এ সময় তিনি তৎকালীন পার্বত্য চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবেও স্বীকৃতি লাভ করেন।

জানতে চাইলে তিনি বলেন, ৫০০ টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এখন তো সব মিলিয়ে ধরতে গেলে কোটি টাকার মতো হয়ে যাবে! তিনতলা বিল্ডিং করেছি, তাঁত করেছি, দোকান করেছি। একেবারে শুরুতে কর্মী বলতে ছিলাম আমি আর আমার স্বামী। তারপর ১৯৬৮ সালের দিকে এক চাকমা মেয়েকে কাজে নিয়েছি। পুনর্বাসনকেন্দ্র থেকে তাঁত বোনা শিখে এসেছিল সে। সেই বুনত। আমি আর আমার স্বামী রং করতাম, তাঁতে টানা দিতাম। এরপর এক মারমা মেয়েকে নিয়ে এলাম। সে-ও তাঁত দিতে ও টানা দিতে জানত। এই মেয়েটি যোগ দেওয়ার পর অনেক মারমা মেয়ে কারিগর পেয়ে গেলাম। তারপর সেই দুজন বাঙালিকে নিয়ে এসেছিলাম, গামছা-লুঙ্গি বোনার জন্য। ১৯৮০-৯০ এই দুই দশকে আমার কারখানায় পুরোদমে কাজ চলেছে। তখন দুটি কারখানায় ৫০-৬০ জন কর্মী কাজ করত। এর মধ্যে শহরের কলেজগেটের দিকের কারখানাটিতে শুধু চাকমা মেয়েরাই কাজ করত। ২০০০ সালের দিকে অন্যরাও এ ব্যবসা শুরু করল। এরা আসলে আমার কাছ থেকেই শিখেছে। তার আগে বলতে গেলে একচেটিয়া ব্যবসা ছিল আমার! ‘কারিকা’, ‘আড়ং’ ইত্যাদি শোরুমে আমার প্রডাক্ট বিক্রি করা হতো।

মঞ্জুলিকা চাকমা ১৯৬৫ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত রাঙ্গামাটি সমবায় সমিতির প্রথমে সভাপতি পরে সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম জাতীয় মহিলা সংস্থার সম্পাদক ছিলেন। তিনি রাঙ্গামাটির রোটারি ক্লাবের সভাপতি, বাংলাদেশ ন্যাশনাল ক্রাফট কাউন্সিলের সহ-সভাপতি, বাংলাদেশ ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের রাঙ্গামাটি শাখার সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সম্পাদক,

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর চট্টগ্রাম পাহাড়ী ট্রাস্ট উন্নয়ন ফ্যাসিলিটির জেলা কমিটির সদস্য, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, চিটাগাং ওম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সমবায় ব্যাংকের পরিচালকসহ বিভিন্ন সময় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে যুক্ত ছিলেন।