লিডসফলতার গল্প

সাহিত্যে রোকেয়া পদক পেলেন বেগম মুশতারী শফী

জালালউদ্দিন সাগর: সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্র তৈরী করায় ২০২০ সালে রোকেয়া পদক পেলেন চট্টগ্রামের মেয়ে শহীদ জায়া ও শহীদ ভগিনী, বাংলা সাহিত্যের কালজয়ী লেখিকা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনন্য ত্যাগী-সাহসী-সংগ্রামী সংগঠক বেগম মুশতারী শফী। ঘর থেকে যুদ্ধক্ষেত্র, নারী নেতৃত্ব থেকে গণআন্দোলনের নেতৃত্ব, শিক্ষা থেকে সাহিত্য ক্ষেত্রের বিশাল বিস্তৃৃত পরিসরে ব্যাপ্ত তাঁর কর্মযজ্ঞ।

আজ ৯ ডিসেম্বর, বুধবার সকাল ১০টায় ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেগম রোকেয়া পদক ২০২০ তুলে সংগ্রামী এই নারীর হাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে অনলাইনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এ বছর পাঁচ জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদকের জন্য মনোনীত করেছে সরকার। এর মধ্যে তিনজনই বৃহত্তর চট্টগ্রামের। এরা হলেন বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফি, চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, রাঙামাটির মঞ্জুলিকা চাকমা। এর বাহিরে আরও পদক পেলেন, পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কর্নেল (ডা.) নাজমা বেগম, নারী অধিকারে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার।

মুশতারী শফী ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ফরিদপুর জেলায়।

মুশতারী শফী-মুক্তিযুদ্ধ ও বাংলা সাহিত্য জয় করা কালজয়ী একটি নাম। বসবাস করেন চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায় ‘মুশতারী লজ’ নামের বাড়িতে। যে বাড়িকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের অনন্য ইতিহাস জড়িয়ে আছে পরম মমতায়।

চট্টগ্রামের এনায়েতবাজারের ডাক্তার শফীর ‘মুশতারী লজ’ নামের বাড়িটি ছিল ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূতিকাগার।’ এই বেতার কেন্দ্রের প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা বেলাল মোহাম্মদ তার কতিপয় সহকর্মীসহ এ বাড়িতে থেকে মুক্তিযুদ্ধের প্রথম রণাঙ্গন চট্টগ্রামের কালুরঘাট ট্রান্সমিটার ভবন থেকে প্রচার কাজ চালিয়েছিলেন ২৯ মার্চ পর্যন্ত।

প্রতিবেশী অবাঙালিদের অভিযোগ এবং পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ১৯৭১ সালের ৭ই এপ্রিল ‘মুশতারী লজ’-এ পাক বাহিনী অপারেশন চালিয়ে ধরে নিয়ে যায় স্বামী ডাক্তার মোহাম্মদ শফী ও কলেজ পড়–য়া ভাই খন্দকার এহসানুল হক আনসারীকে।

তখন তিনি সাত সন্তানের জননী। সাত সন্তানের কারণে সে সময় বেঁচে যান হায়েনাদের হাত থেকে। শিশু সন্তানদের কান্নার চিৎকার শুনে তাকে রেখে যায় পাকিস্তানি সেনারা।

৭টি শিশু সন্তান নিয়ে শরণার্থীদের মিছিলে পায়ে হেঁটে ভারতের আগরতলায় আশ্রয় গ্রহণ করেন তিনি। মুক্তিযুদ্ধের বিভিন্ন কাজে অংশগ্রহণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য- ফার্স্ট এইড ট্রেনিং নিয়ে হাসপাতালে আহত যোদ্ধাদের সেবা করা, মনোবল অটুট রাখার জন্য মুক্তিবাহিনীর ট্রেনিং ক্যাম্প ও শরণার্থী শিবিরে উদ্দীপকমূলক বক্তৃতা দেয়া এবং মাস্টার রোল করে শরণার্থীদের মধ্যে রিলিফের গুঁড়ো দুধ বিতরণ করা।

মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, আগস্ট মাসে কলকাতায় গমন ও ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ এর শব্দসৈনিক ও নাট্যশিল্পী হিসেবে আমি পুনঃ যোগদান করি উম্মে কুলসুম নামে এ ছাড়াও আকাশবাণীতে ডালিয়া মোহাম্মদ ছদ্মনামে ‘জানেন ওদের মতলব কী?’ শিরোনামে স্বরচিত কথিকা ও মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প প্রচার করি এবং বিভিন্ন পত্র-পত্রিকায় মুক্তিযুদ্ধের গল্প।

যুদ্ধ শেষে স্বাধীনতার গর্ব বুকে নিয়ে ২০ জানুয়ারি মুশতারী শফী চট্টগ্রামে নিজ বাড়িতে ফেরেন। বিভীষিকাময় শংকা, শূন্যতা আর অনিশ্চয়তার অতল অন্ধকারের মধ্যে স্বামী আর ভাইকে ফিরে পাওয়ার আশা তখনকার মতো ত্যাগ করে বাচ্চাদের কাছে ফিরে এসে বাঁচার তাড়নায় মুশতারী শফীকে নতুন যুদ্ধের সিদ্ধান্ত নিতে হয়েছিল। এই যুদ্ধ জীবনেরই বর্ণনা বিধৃত হয়েছে তাঁর ‘স্বাধীনতা আমার রক্ত ঝরা দিন’ গ্রন্থটিতে।