আমাদের কাছে তাঁরাই চট্টগ্রামের অগ্রদূত, চট্টলার বীর।

বিরোধীতা থাকতে পারে, থাকতে পারে মতের পার্থক্য। এবং থাকাটাই স্বাভাবিক। কেউ হয়তো একধাপ এগিয়ে ভাবনাটাকে ভিন্নভাবে ঘুরিয়েও ফেলতে পারেন। বলতে পারেন, ‘চট্টলার বীর’ কী, কারা ও কেনো?
আমি বলতে চাই, ‘চট্টলার বীর’ যেনো-তেনো কিছু নয়। নয় কোনো প্রপঞ্চ। এই শব্দবন্ধ অনেকগুলো বিজয়ী মানুষের সংগ্রামের স্বীকৃতির নাম। ‘চট্টলা’ ও ‘বীর’ শব্দ দুটির সাথে জড়িয়ে আছে শত বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য। জড়িয়ে আছে প্রীতিলতা, সূর্যসেন। জড়িয়ে আছে মহান একাত্তর।
তবু অতো দূরে যেতে চাই না আমরা। আমাদের ভাবনায় শুধু তাঁরাই যাঁরা একাত্তর পরবর্তি সময়ে আমাদের চট্টগ্রাম- আমার চট্টলাকে এগিয়ে নিয়ে যেতে নিরলস পরিশ্রম করছেন, লড়াই করছেন প্রতিকূলতা ও নানান প্রতিবন্ধকতার সাথে। একজন সাধারণ মানুষ থেকে যিনি নিজ প্রচেষ্টায় হয়ে উঠছেন অসাধারণ ও অনন্য- আমাদের কাছে তাঁরাই চট্টগ্রামের অগ্রদূত, চট্টলার বীর।
ক্লিক পরিবার সে সব সংগ্রামী, লড়াকু সৈনিককে শ্রদ্ধাভরে সম্মাননা জানাতে চায়। কৃতজ্ঞচিত্তে দিকেদিকে জানান দিতে চায় তাঁদের অর্জনকে। যাতে স্বপ্নপিপাসু মানুষের মনে কোনোদিনও হতাশা কাজ না করে। ক্লিক ‘চট্টলার বীর’ সম্মাননা তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানোর একটি প্রয়াস মাত্র।
ক্লিক পরিবার মনে করে- এই চট্টগ্রামকে আজকের চট্টগ্রামে রূপান্তরিত করতে একজন কৃষকের যেমন অবদান রয়েছে ঠিক তেমনি অবদান রয়েছে রাজনীতিবিদ, ব্যবসায়ী, চাকুরীজীবী, সাংবাদিক, আইনজ্ঞ, লেখক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিদের। যিনি এই নগরে ঠেলাগাড়ি চালিয়ে জীবন-যাপন করেন তিনিও কিন্তু পরোক্ষভাবে এই চট্টগ্রামকে ঠেলে নিয়ে যাচ্ছেন সামনের দিকে। ভিন্ন-ভিন্ন পেশার ভিন্ন-ভিন্ন মানুষের ব্যক্তি ও সমষ্টিগত উদ্যোগ আজকের চট্টগ্রামের কপালে সেঁটে দিয়েছেন সাফল্যের রাজটিকা। যার অগ্রভাগে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২০১৫ সালের ১৫ জনু থেকে চট্টগ্রামে পূর্ণাঙ্গ লাইফস্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন হিসেবে নিয়মিত প্রকাশিত হচ্ছে ক্লিক। ওই বছর থেকেই প্রতি ডিসেম্বর মাসে চট্টগ্রামের অগ্রযাত্রার সৈনিকদের ‘চট্টলার বীর’ আখ্যায়িত করে তাঁদের এগিয়ে যাবার গল্প পাঠকের জন্য প্রকাশের উদ্যোগ নিয়েছে ক্লিক পরিবার। সেই সাথে সে সব গুণী ও সংগ্রামী মানুষকে সম্মানিত করে আসছে ক্লিক। একই সাথে যে সব তরুণ আমাদের চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যেতে নানানভাবে অবদান রাখছেন তাঁদেরকে ‘তারুণ্যের কা-ারি’ হিসেবে আখ্যায়িত করে তাঁদের জীবনের গল্পও পাঠকদের জন্য তুলে ধরার চেষ্টা করছি। সেই সাথে তাদেরও সম্মাননা জানাচ্ছে ক্লিক পরিবার।
দুই প্রজন্মের লড়াকুদের এক মঞ্চে এনে সম্মাননা জানাতে পেরে চট্টগ্রামের ক্লিক পরিবারের একজন সদস্য হিসেবে গর্ববোধ করছি।
আমি আশাকরি, সবার সহযোগিতা ও অকুণ্ঠ সমর্থন থাকলে ক্লিক পরিবার এই উদ্যোগের ধারাবাহিতা রক্ষা করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। সবাইকে মহান বিজয়ের শুভেচ্ছা।
জালালউদ্দিন সাগর, সম্পাদক