ইবিতে চাকরিপ্রত্যাশীদের ধর্মঘট, অবরুদ্ধ ভিসি
ক্যাম্পাস ডেস্ক :: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চাকরির দাবিতে উপাচার্য (ভিসি) কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছেন চাকরি প্রত্যাশীরা। এতে নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন ভিসি অধ্যাপক আবদুল হাকিম সরকার।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইবির সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা চাকরির দাবিতে ভিসির সঙ্গে দেখা করতে যায়। তবে চাকরির আশ্বাস না পেয়ে দুপুর ১২ টার দিকে প্রশাসন ভবন থেকে সকল কর্মকর্তা-কর্মচারীকে বের করে দেয় তারা।
এদিকে, চাকরির দাবি ও ১১ মার্চ সিন্ডিকেট বন্ধের দাবিতে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নেয় চাকরি প্রত্যাশী ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে ভিসিসহ ইবির কর্তাব্যক্তিরা বিকেল ৪টা পর্যন্ত ৪ ঘণ্টা অবরুদ্ধ থাকেন। অবস্থান ধর্মঘটের সময় চাকরি প্রত্যাশীদের মাথায় কাফনের কাপড় পরতে দেখা গেছে।
অপরদিকে, বিকেল ৪টার দিকে ইবি প্রশাসন ১১ মার্চের সিন্ডিকেট সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়ায় চাকরিপ্রত্যাশীরা ধর্মঘট প্রত্যাহর করে নেয়।
জানতে চাইলে চাকরিপ্রত্যাশী মাহবুবুর রহমান বলেন, ‘আমরা জানতে পেরেছি ১১ মার্চের সিন্ডিকেটে আমাদের চাকরির কোনো এজেন্ডা নেয়া হয়নি। ফলে আমরা উপাচার্যের কার্যালয়ে অবস্থান নিতে বাধ্য হই। পরে সিন্ডিকেট স্থগিত করায় আমরা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করি।’
ভিসি অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, ‘চাকরিপ্রত্যাশীদের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ১১ মার্চের সিন্ডিকেট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’