মুখোমুখিলাইফস্টাইলসফলতার গল্প

চট্টগ্রামের আলোকিত মুখ ক্রীড়া সংগঠক আলী আব্বাস

হাকিম মোল্লা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাংবদিক নেতা আলী আব্বাস ও চট্টগ্রাম একই সুতোয় গাঁথা। চট্টগ্রাম থেকে সাংবাদিকরা যখনই গণভবনে যায় তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিজ্ঞেস করেন ‘আমার আব্বাস ভাই’ কই ? না থাকলে তাঁর সম্পর্কে জানার চেষ্টা করেন। জানান ক্রীড়া সংগঠক ও সাংবাদিক নেতা আলী আব্বাস। তিনি বলেন, এই যে আমার মতো অতি নগণ্য একজন মানুষকে প্রধানমন্ত্রী স্মরণ করে খোঁজখবর নেন-এই দীর্ঘজীবনে এটাই আমার প্রাপ্তি-অর্জন।

আলহাজ আলী আব্বাস। একসময় রাজনীতির মাঠে ছিলেন তুখোড় নেতা। ৭৫-পরবর্তী বিরুদ্ধ সময়ে ছাত্রলীগ করেই উত্থান হয়েছিল রাজনৈতিক অঙ্গনে। এখনো স্বাচ্ছন্দ্যেই বলেন, রাজনীতিই তাঁকে সংবাদমুখী করেছে। বানিয়েছে পুরোদস্তুর সংবাদকর্মী। ছাত্রনেতা থেকে একনিষ্ঠ সংবাদের ফেরিওয়ালা হয়ে ওঠার গল্পটা আসলেই অন্যরকম।

চট্টগ্রাম শহরে এক অনন্য মানুষ আলী আব্বাসের জীবনের আখ্যান। খবরের সাথে যাঁর দীর্ঘ সময়ের বসতি। গণমাধ্যমকে সাথি করে যিনি পাড়ি দিয়ে চলেছেন সফলতার দীর্ঘ পথ।

জন্ম ১৯৬০ সালের ১ এপ্রিল। চট্টগ্রাম শহরের আগ্রাবাদ মৌলভীপাড়ায়। মা, হালিমা খাতুন, পিতা আলহাজ¦ মোহাম্মদ সেকান্দর। আলী আব্বাস জানান, ছোটবেলা থেকেই খেলাধুলার ঝোঁক ছিল বেশি। শৈশবে সেই ক্রীড়ামুখিতা এখনো প্রবহমান শিরাতে।

প্রায় পাঁচ দশক ধরে চট্টগ্রামের স্টেডিয়াম পাড়ার অনবদ্য মুখ আলী আব্বাস। খেলাধুলার প্রতি দ্বিধাহীন এই ভালোবাসার হাত ধরেই ১৯৭৬ সাল থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক। দক্ষ সংগঠক হিসেবে তাঁর মতো একনিষ্ঠ কাউকে খুঁজে পাওয়া দুষ্কর বটে। দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির সদস্য সচিব হিসেবেও।
এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি তিনি।

তিনি বলেন, আগেই বলেছিলাম রাজনীতিকে আশ্রয় করেই কেটেছে জীবনের বড় একটা সময়। ছাত্রাবস্থায় সরকারি সিটি কলেজে জড়িয়েছিলেন বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগে। ১৯৮৪ থেকে ১৯৮৯ পর্যন্ত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি। রাজনীতি করতে করতেই এই শহরের প্রতিশ্রুতিশীল তরুণ নাম লেখান সাংবাদিকতায়।

১৯৮২ সালে সে সময়কার আলোচিত পত্রিকা ‘বাংলার বাণী’তে কাজ শুরুর মধ্য দিয়ে সাংবাদিকতার পাঠ শুরু আলী আব্বাসের। এরপর টানা তিন দশক ছিলেন সেখানে। ২০০৫ সালে যোগ দেন দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলায়। এখনো কর্মরত আছেন এটিএন বাংলার সংবাদ বিভাগের চট্টগ্রাম বিভাগীয় প্রধান হিসেবে।

আজন্ম সংগঠনপ্রিয় আলী আব্বাস সংবাদকর্মী সাংগঠনিক চর্চায়ও রেখেছেন কৃতিত্বের ছাপ। দেশের অন্যতম সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম প্রেস ক্লাবে ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে সাংগঠনিক কার্যক্রমে যিনি আলো ছড়িয়েছিলেন। এরপর বিভিন্ন সময় তিন বার নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি। এছাড়া টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের গত কার্যনির্বাহী কমিটির সভাপতি ছিলেন তিনি।