“চট্টলবীর সম্মাননা ও বিজয় উৎসব চট্টগ্রামকে ভালোবাসায় ক্লিকের বড় প্রমাণ”
ক্লিক প্রতিবেদক:: সন্ধ্যা সাড়ে ছয়টা। হঠাৎ বেজে উঠলো জাতীয় সংগীত। লাল সবুজের পোশাক পরে ইমরান, নির্ঝর, স্বরলিপি, নওশিন, রুণাসহ মঞ্চে দাঁড়িয়ে ১০ মডেল আর ‘অনিরুদ্ধ মুক্ত মঞ্চ’র সামনে দাঁড়িয়ে হাজারো দর্শক। পাঁজর ছুঁয়ে সবার বুকেই হাত।
চট্টগ্রাম থেকে প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ লাইফ স্টাইল ও ফ্যাশন ম্যাগাজিনের উদ্যোগে অনুষ্ঠিত ‘বিজয় উৎসব ও চট্টলার বীর সম্মাননা’ অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে দেশ ও মাটি রক্ষায় নতুন করে এভাবেই শপথ নিয়েছিলেন উপস্থিত দর্শকরা।
গত বছর ২০ ডিসেম্বর রোববার সন্ধ্যায় নগরীর শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে চট্টগ্রামের সাত বীর কৃতিমানকে সম্মাননা জানায় লাইফ স্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন ‘ক্লিক’।
মুক্তিযুদ্ধের পর চট্টগ্রামকে সম্বৃদ্ধ করতে যাঁরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন তাঁদের মধ্য থেকে চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, একুশে পদক প্রাপ্ত সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন সহ সাতজনকে চট্টলবীর উপাধি দিয়ে সম্মাননা জানায় ক্লিক পরিবার।
ক্লিকের সম্পাদক জালালউদ্দিন সাগরের সভাপতিত্বে ও সহ-সম্পাদক আরাফাত রূপকের সঞ্চালনায় চট্টলার বীর সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) সারোয়ার জাহান, বিশেষ অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লিকের উপদেষ্টা ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাধব দীপ, ফ্যাশন ডিজাইনার শাহতাজ মুনমুন, নূজহাত নূয়েরী কৃষ্টি, প্রকৌশলী মোজাম্মেল ঘোষ এবং সাংবাদিক ফারুক হাসান ও মুনির ফারুক।
চট্টলার বীর স্বীকৃতি পাওয়া অপর কৃতিমান ব্যক্তিরা হলেন, চট্টগ্রামের প্রথম নারী যুগ্ম সচিব ড. জয়নাব বেগম, শিল্পোদ্যোক্তা মো. খলিলুর রহমান, সমাজ সেবক ও রোটারিয়ান প্রকৌশলী মোহাম্মদ আলী, গীতিকার ও শিল্পী আব্দুল গফুর হালি, চিত্রশিল্পী ও সংগঠক আহমেদ নেওয়াজ।
একই অনুষ্ঠানে তারুণের ‘কাণ্ডারী’ হিসেবে শিল্পোদ্যোক্তা নাফিদ নবী, গাজী জাকারিয়া জ্যোতি, রাকিবুল আলম চৌধুরী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদা বেগমকেও সম্মাননা জানায় ক্লিক। এই ধরনের আয়োজন মানুষকে কৃতিমান হতে সাহায্য করে জানিয়ে প্রধান অতিথি সারোয়ার জাহান বলেন, ভালো কাজের স্বীকৃতি না থাকলে ভালো মানুষের জন্ম হবে না। তিনি বলেন, আজকে যাদের সম্মানিত করা হয়েছে তাদের বিশ্বব্যাপী কাজের স্বীকৃতি রয়েছে। এ ধরনের উদ্যোগ চট্টগ্রামকে ভালোবাসার বড় প্রমাণ।
বিশেষ অতিথি জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ক্লিক পরিবারের এই মহতি উদ্যোগকে আমি স্বাগত জানাই। তিনি বলেন, প্রকাশনা জগতে ক্লিকের বয়স কম হলেও তাদের উদ্যোগটা অনেক বড়। আরো বলেন, চট্টলার বীর হিসেবে যাঁদের সম্মাননা জানানো হয়েছে চট্টগ্রামকে বিশ্বব্যাপী পরিচিত করতে তাঁদের অনেক অবদান রয়েছে।
চট্টলার বীর হিসেবে সম্মাননা প্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, চট্টগ্রাম প্রাকৃতিকভাবেই সম্বৃদ্ধ একটি অঞ্চল। তিনি বলেন, পরিকল্পিতি উদ্যোগ চট্টগ্রামকে আরও বেশি সমৃৃদ্ধ করতে পারে।
চট্টলার বীর হিসেবে চট্টগ্রামের সাত কৃতিমানকে সম্মাননা দেয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে শিল্পী আহমেদ নেওয়াজ বলেন, যে কোনো স্বীকৃতি ভালো কাজ করতে উৎসাহ যোগায়।
মানুষের প্রয়োজনে মানুষকেই এগিয়ে আসতে হবে জানিয়ে তারুণ্যের ‘কাণ্ডারী’ হিসেবে স্বীকৃতি পাওয়া সিএমপির সিনিয়র সহকারী কমিশনার মাহমুদা বেগম বলেন, দেশ ও মানুষের প্রতি ভালোবাসা না থাকলে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এজন্য মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ জাগ্রত করতে হবে, মানুষ হিসেবে মানুষকে ভালোবাসতে হবে।
চট্টলার বীর শিরোনামে ক্লিকের সম্মাননা প্রদানের উদ্যোগকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাধব দীপ বলেন, জালালউদ্দিন সাগর একজন স্বপ্নবান মানুষ। যিনি শুধু নিজে স্বপ্ন দেখেন না অন্যের স্বপ্ন পূরণে সাহায্য করতে এগিয়ে আসেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ছোট আয়োজন হলেও চট্টলা বীর শিরোনামে চট্টলার কৃতিসস্তানদের সম্মানিত করার যে উদ্যোগ ক্লিক পরিবার গ্রহণ করেছে তা প্রশংসার দাবি রাখে।
ক্লিকের সম্পাদক জালালউদ্দিন সাগর বলেন, মুক্তিযুদ্ধের পর গত ৪৪ বছরে চট্টগ্রামকে আজকের চট্টগ্রামে পরিণত করতে যাঁরা প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছেন তাদেরকে সম্মানিত করতে পেরে ক্লিক পরিবার ধন্য।
চট্টলার বীর শিরোনামে প্রতিবছর ডিসেম্বর মাসে ক্লিকের এই উদ্যোগ অব্যাহত রাখা হবে জানিয়ে তিনি আরও বলেন, চট্টগ্রামকে একটি অধুনিক নগরীতে পরিণত করতে প্রতিনিয়ত যাঁরা যুদ্ধ করছেন তাদের সম্মানিত করে মূলত আমরা নিজেরাই সম্মানিত হতে চাই।
সম্মাননার পর ফ্যাশন কোরিওগ্রাফার আলমগীর হোসেন আলো ও নৃত্য পরিচালক শরীফের পরিচালনায় বিজয় উৎসবে ফ্যাশন র্যাম্প পরিবেশন করেন বিন্দু এ্যাড এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ও সৃজনশীল নৃত্যাঙ্গনের শিল্পীরা। গান পরিবেশন করেন উদীয়মান সংগীতশিল্পী অনন্যা।