বাড়ির পাশে আরশি নগরভ্রমণ

বাকি থাকলে দেখাটা যেতে পারেন কুয়াকাটা

ডা: এ কে এম হারুন উর রশিদ :: বাংলাদেশের মনভরানো অসম্ভব সৌন্দর্যের একটি জায়গা ‘কুয়াকাটা’। সম্প্রতি তিনটা ফেরিঘাটে নতুন সেতু নির্মাণ শেষ হওয়ায় যাতায়াত ভোগান্তি কমে গেছে অনেকখানি। যাতায়াতের সময় কমেছে দেড় ঘণ্টা। পদ্মা সেতু নির্মাণ শেষ হলে এ সময় কমবে আরও। তখন বাকি থাকবে শুধু পটুয়াখালীর কাছে লেবুখালী ফেরি।

যাতায়াতের জন্য এই রুটে কোন এসি বাস নেই, তবে নন-এসি ‘আরামদায়ক’ বাস আছে, যেমন সৌদিয়া, শাকুরা, ঈগল, কুয়াকাটা এক্সপ্রেস, বিআরটিসি ইত্যাদি।
ঢাকার যাত্রবাড়ী থেকে বিকেল পাঁচটা ও ১০টায় (ভাড়া ৫০০ থেকে ৬০০ টাকা) চট্টগ্রামের গরীবুল্লাহ শাহ মাজার বাসস্টপেজ থেকে বিকেল তিনটা ও চারটায় কুয়াকাটার বাস ছাড়ে। যার ভাড়া ৮৫০ থেকে ৯৫০টাকা। পথে কোনো ধরনের অহেতুক বিড়ম্বনার সৃষ্টি না হলে সকাল নয়টা-দশটার মধ্যে কুয়াকাটা পৌঁছে যায় যাত্রীবাহী বাসগুলো।

অনেক কষ্ট আর দীর্ঘ ভ্রমণ করে কুয়াকাটা পৌঁছালেও সেখানে থাকার জন্য জায়গা নিয়ে খুব একটা ভাবতে হবে না আপনাকে। কেননা, কুয়াকাটায় রয়েছে ভালোমানের বেশ কয়েকটি হোটেল-মোটেল, গেস্ট হাউস, রেস্ট হাইস, লজ ইত্যাদি। এরমধ্যে পর্যটন মোটেল, আনসার রেস্টহাউস, মোহনা প্রভৃতি উল্লেখযোগ্য। সর্বশেষ সংযোজন পাঁচতারকা বাসস্থান ‘কুয়াকাটা গ্রান্ডহোটেল’। পর্যটন মোটেলে বিভিন্ন দামের থাকার রুম পাওয়া যায়, সার্ভিসও ভাল।

নব বিবাহিতরা বিয়ের পরপরই রওয়ানা হতে পারেন কুয়াকাটার উদ্দেশ্যে। প্রকৃতির অপার সৌন্দর্যে আকণ্ঠ নিমজ্জিত হতে পারেন সেখানে। বিয়ের অর্ধ-এক-দেড়-দুই যুগপূর্তি, চাকরিকালীন ছুটি কিংবা চাকরি থেকে অবসর নিয়েই ‘কপোত-কপোতী’র মতো চলে যেতে পারেন অপরূপা কুয়াকাটায়! হোটেল- মোটেলে রুম নিতে হবে দলের সদস্য সংখ্যার উপর নির্ভর করে। হোটেলগুলোতে কাপল, ডাবল, সিংগেল, পার্টি বিভিন্ন ধরনের রুমের ব্যবস্থা আছে। শীতকালে গরমপানির ব্যবস্থা আছে এমন রুম নিতে ভুলবেন না ।

খাবারের জন্য আশপাশে পরিস্কার-পরিচ্ছন্ন অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে সেখানে। যেমন ঢাকা হোটেল, কুয়াকাটা রেস্টুরেন্ট ইত্যাদি।

সকালবেলায় কুয়াকাটা সাগরপাড়ে নামার আগে ‘টং’ দোকানের গরুর খাঁটি দুধের সর দেওয়া চা খেয়ে বুকটা জুড়িয়ে নিতে পারেন। সৈকতে ঘুরতে বারবার ডাব খেয়ে তৃষ্ণা মিটাতে পারেন নিশ্চিন্তে। বিকেলে বিভিন্ন ধরনের ভাজা মাছ উল্টপাল্টে খেতে পারেন। যার স্বাদ-ই আলাদা।

সকাল-দুপুরে বিচ চেয়ারগুলোতে ফ্রি বসা যায়। বাসে কুয়াকাটা পৌঁছে হোটেলের ব্যবস্থা করে সৈকতে নামতে গড়িয়ে যাবে দুপুর, তাই বিচে যাওয়ার আগেই খাওয়া-দাওয়া করে নামা ভাল।

কুয়াকাটা সাগর-সৈকতে নামতেই মোটর সাইকেল আরোহী কিছু যুবক আপনার চারপাশে জড়ো হতে থাকবে, প্রথম দেখায় একটু ভ্যাবাচ্যাকা ভাওয়ার সম্ভাবনা তৈরি হব হয়তো! এদের মধ্য থেকে কথাবার্তায় ভালো, আচার-আচরণে ভালো এমন একজনকে ‘গাইড’ হিসেবে বেছে নিয়ে ঘুরতে পারেন পুরো কুয়াকাটা।

সার্বক্ষণিক গাইড হিসেবে তাঁর সাথে সুন্দর কিছু সময় উপভোগ্য হবে আপনার। প্রতিটা মোটরসাইকেল ও আরোহী টুরিস্ট পুলিশের তালিকাভুক্ত। ওরা কুয়াকাটা মেইন বিচ থেকে পূর্ব-পশ্চিম দুইদিকে ভ্রমণের জন্য আপনাকে ছবিসহ বিশদ বর্ণনা দিবে।

দুপুরে পশ্চিম দিকে ঘুরে আসতে পারেন। ভাল ক্যামেরা যুক্ত মোবাইল, রোদচশমা, বালিতে হাটার উপযোগী স্যান্ডেল নিতে ভুলবেন না যেনো। স্যাঁতস্যাঁতে বালির উপর ঝিনুক মাখানো পথে মোটর সাইকেলে প্রথমেই পৌঁছে যাবেন শুটকি পল্লী।

সামনে এগোলেই দেখবেন সুন্দর বেড়িবাঁধ, বসে ফটো তোলার ভাল জয়গা। এরপর পাবেন লেবুবন। তবে, সবার মতো আপনিও লেবু খুঁজতে গিয়ে ধাঁধাঁয় পড়তে পারেন। দেশলাই বানানোর গেওয়াকাঠের স্থানীয় নাম লেবুগাছ। লেবুবনের পাশ দিয়ে যাওয়ার সময় টংদোকানে তাজা রূপচাঁদা-ইলিশ-কোরাল কিংবা জ্যান্ত চিংড়ি-কাঁকড়া স্কুইড দিয়ে দুপুরের খাবারের অর্ডার দিয়ে রওনা দিতে পারেন ঝাউবন কিংবা সুন্দরবনের পূর্ব অংশ দেখার জন্য। আন্দারমানিক নদীর মোহনায় দাঁড়িয়ে দুইটাই উপভোগ করতে পারেন। সেই সাথে দেখতে পারেন জেলেদের মাছধরা।

ফেরার পথে দুপুরের খাবারের সাথে বড় ডাব ও মিষ্টি কলা খেতে পারেন তারপর রওয়ানা দিতে পারেন পূর্বদিকে। বিকেলে গ্রামীণ পথে কুয়াকাটার পূর্ব অংশে ঘুরে আসতে পারেন। এখানে বিশাল বৌদ্ধ-মন্দির ও পার্শ্ববর্তী কুয়া দেখতে পারেন। সম্ভবত ওই কুয়া কাটতে গিয়েই কুয়াকাটার নামকরণ। পাশে আঠারো পরিবারের রাখাইন পল্লী দেখতে ভুলবেন না যেন। ঐ পল্লী থেকে হাতে বোনা শাল-চাদর সস্তায় কিনতে পারেন ।

এরপর কাউয়ারচর সমুদ্র-সৈকত হয়ে পশ্চিমে মোটরযানে পৌঁঁছতে পারেন গঙ্গাবতী নদীর মোহনায়। একই নৌকায় মানুষ ও মোটরসাইকেলে করে অভিনভ কায়দায় মোহনা পার হয়ে পশ্চিম পাড়ে পৌঁছবেন, যেখান থেকে ভোরবেলায় দেখা যায় সাগরের উপর সূর্যোদয়। সেই দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবেন কুয়াকাটার মূল সাগরপাড়ে। অবগাহন করতে পারেন তখন সাগরে। তবে ভাটার টানটা বিপদজনক বিধায় জোয়ার-ভাটা খেয়াল রেখেই সাগরে নামা উচিত।

কুয়াকাটায় সূর্যোদয় দেখতে হলে আগের রাতে মোটরবাইক কাম গাইডের সাথে বুকিং দিয়ে রাখুন (২০০-৩০০ টাকা)। এই গাইডই আপনকে পরদিনের সূর্যোদয়ের সময় জানিয়ে দিবে এবং ভোরে সময়ের আধাঘণ্টা আগে আপনাকে-আপনাদেরকে নিয়ে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে গঙ্গাবতী নদীর মোহনায় পৌঁছে যাবে।

তবে, সময়মতো রওয়ানা না দিলে কুয়াকাটা তথা বিশ্বের সুন্দরতম একটি মূহূর্ত- ‘সাগরের উপর সূর্যোদয়’ দেখা থেকে বঞ্চিত হতে পারেন আপনি। সূর্যোদয় সরাসরি না দেখতে পেলে ভাললাগার অনুভূতি মনে হয় কেউ-কাউকে বুঝাতে পারবে না! ঠিক ওই সময়ে প্রিয় মানুষটি যদি আপনার পাশে থাকে সেক্ষেত্রে সূর্যোদয়ের ক্ষণটিকে মনে হবে জীবনের শেষ্ঠতম মধুর সময় !

আর আমার বিশ্বাস, ওই ভালোলাগা আপনাকে বারবার টেনে নিয়ে যাবে কুয়াকাটার সমুদ্র জোছনা দেখতে। যদিও ঢাকা থেকে পাঁচটি ফেরি পার হয়ে যেতে হয় বিধায় একে ‘কষ্টসাধ্য ভ্রমণ’ চিন্তা করে অনেকেই কুয়াকাটার অপরূপ সৌন্দর্য উপভোগ থেকে নিজেদের বঞ্চিত করেন। আমি বলবোÑ ফুল তুলতে গিয়ে একটু কাঁটার আঘাত সইলে সে আর তেমন কী ক্ষতি?