কর্পোরেট বায়োগ্রাফিলিডসফলতার গল্প

নেপথ্যের নায়ক রবীন ইসপাহানী

নুসরাত জাহান :: মানুষ মানুষের জন্য। কথাটি হয়তো অনেক পুরনো। কিন্তু আজও এর  নিত্যনতুন রূপে কিছু মানুষ নিভৃতে আলোকিত করে চলেছেন আমাদের পৃথিবীকে। মানুষের একটি অত্যন্ত মৌলিক এবং প্রয়োজনীয় চাহিদা হলো চিকিৎসা। মানবশরীরের জটিলতর রোগব্যাধির আনাচে-কানাচে যার অবাধ চলাফেরা। এরকম ঝ্ুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ একটি বিষয়ের দায়িত্ব কাঁধে নিয়ে মানবসেবায় এগিয়ে আসেন যাঁরা তাঁদের আমরা চিকিৎসক হিসেবেই চিনি বেশি। শুধু আমরা চিনি না তাঁদেরÑ যাঁরা এই মহান চিকিৎসকের হাতে ওষুধ তুলে দেন- তাঁদের। তাঁরা যে আনন্দিত নায়কÑ নেপথ্য নায়ক। তাঁরাই যে নিভৃতে জুগিয়ে চলেছেন মানুষের জীবন বাঁচানোর রসদ।

এবার প্রসঙ্গে ফিরি। চট্টগ্রামে ‘ফার্মিক ল্যাবরেটরিজ লি.’ এর নাম জানে যতজন ততজন হয়ত জানেন না রবিন ইস্পাহানীর নাম। চট্টগ্রাম পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাস করে ২০০৮ সালে বাংলাদেশ মেডিকেল কলেজ, ঢাকা থেকে এমবিবিএস ডিগ্রি লাভের পর তিনি চিকিৎসা পেশায় না গিয়ে ওষুধশিল্পে মনোনিবেশ করেন। ছাত্রাবস্থা থেকেই তাঁর ধ্যান-জ্ঞান ছিলো মানুষের স্বাস্থ্যকর জীবন। চিকিৎসক হয়ে সুনাম অর্জনের চাইতে এই নিভৃতচারী পরোপকারী মানুষটি তাই বেছে নিয়েছিলেন জীবন রক্ষাকারী ‘ওষুধশিল্প’ প্রসারের কাজ। যে ওষুধ একই সাথে মানুষের রোগ নিরাময় করবে এবং দেশের জন্য নিয়ে আসে মূল্যবান বৈদেশিক মুদ্রা।

তিনি স্বপ্ন দেখতে শুরু করেনÑ কীভাবে স্বল্পমূল্যে ওষুধ উৎপাদনের মাধ্যমে বাংলাদেশকে ওষুধে স্বয়ংসম্পূর্ণ করা যায়? এরই ধারাবাহিকতায় পিতার মৃত্যুর পর পারিবারিক প্রতিষ্ঠান ফার্মিক ল্যাবরেটরিজ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তিনি। এমনকি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেও ওষুধশিল্পকে গার্মেন্টস শিল্পের তুলনায় সমান জনপ্রিয় করে তুলতে বিভিন্ন সময়ে ফার্মাসিউটিক্যাল, ইউনানি, হারবাল, আয়ুর্বেদিক ইত্যাদি বিবিধ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্থাপন করেন রবিন ইস্পাহানী।

আলহাজ ডা. আহমেদ রবিন ইস্পাহানী ১৯৮৩ সালের ৫ জুন চট্টগ্রামের খুলশী এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম আলহাজ জসীম উদ্দিন ইস্পাহানী সেই সময়কার করাচি বাংলা কলেজের বাঙালি ছাত্র সংসদের জিএস ছিলেন। তাঁর মা এ্যডভোকেট আলহাজ রেজিয়া বেগম ছিলেন একজন বিশিষ্ট শিক্ষানুরাগী। ২০১৩ সালে ডা. রবিন ইস্পাহানী উম্মে ফারহা নাফফি খানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাঁদের একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে।

ফার্মিক ল্যাবরেটরিজ লি.-এর কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য আইএসও ৯০০১:২০১৫ সনদপ্রাপ্ত এবং বাংলাদেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এছাড়াও ডা. রবিন ইস্পাহানী ব্রাদারহুড কেমিক্যাল, ব্রাদারহুড ট্রেডিং, ব্রাদারহুড এস্টেটসহ আরও বেশকিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে প্রায় ১০হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন।

কর্মচারীদের স্বাস্থ্য ও সুরক্ষা সম্বন্ধেও তিনি সচেতন। বর্তমানে আলহাজ ডা. রবিন ইস্পাহানী চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সদস্য, ল্যাটিন আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স-এর প্রতিষ্ঠাতা পরিচালক, ডাচ বাংলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক এবং চিটাগাং লায়নস ক্লাব-এর সভাপতি।  চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের তিনি আজীবন দাতা সদস্য এবং ‘আজকের জনমত’ পত্রিকার প্রকাশক এবং সম্পাদক।

সমাজসেবা এবং মানুষের সেবায় সর্বদা অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন আলহাজ ডা. রবিন ইস্পাহানী এবং তাঁর প্রতিষ্ঠান। গরিব জনসাধারণের চিকিৎসা, বিনামূল্যে ওষুধ সরবরাহ, দুর্গতদের জন্য খাবার ও কম্বল বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, আই ক্যাম্প ও বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইনসহ নানাবিধ সামাজিক কাজে নিয়োজিত রয়েছেন তিনি। এসবের জন্য সম্মাননাও পেয়েছেন বহুবার। সমাজসেবামূলক এসব কর্মকান্ড পরিচালিত হয় তাঁর প্রতিষ্ঠিত জে ইউ আর ফাউন্ডেশনের মাধ্যমে।

আলহাজ ডা. আহমেদ রবিন ইস্পাহানী তাঁর আদর্শ জীবন এবং নিভৃত সমাজসেবার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চান বহুদূর। তাঁর শখ বইপড়া। প্রিয় লেখক স্টিফেন হকিং এবং হুমায়ূন আহমেদ। প্রিয় বই মার্টিন এমিস, ক্যাচ টুয়েন্টি টু,প্রিয় কবিতা জসীমউদ্দীনের কবর এবং প্রিয় ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ (সাঃ)।