যত খবরলিডসারাদেশ

আদর্শের লড়াইয়ে কোনো ছাড় নেই-এলিট

জালালউদ্দিন সাগর :: আদর্শের লড়াইয়ে কোনো ছাড় নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদ নিয়াজ মোর্শেদ এলিট। তিনি বলেন, প্রতিটি মানুষ ভিন্ন ভিন্ন লক্ষ ও আদর্শ নিয়ে বেড়ে ওঠে। বঙ্গবন্ধুর চেতনাকে বুকে লালন করে আমার রাজনৈতিক পথচলা। আমি জাতির পিতার আদর্শকে ধারণ করে বড় হয়েছি। সে ক্ষেত্রে আমার ভাই কিংবা বাবা কোন দলের আদর্শ ধারণ করে আমার তাতে কিছু যায় আসে না। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জাতির পিতার আদর্শকে বাঁচিয়ে রাখতে প্রয়োজনে জীবন বাজি রাখবো। সে যুদ্ধে বিপরীত প্রান্তে যদি আমার বাবাও থাকে তাতে কিছু যায় আসে না আমার। তিনি বলেন, আদর্শের লড়াইয়ে কোনো ছাড় নেই।

আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দীতা করতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ আসন থেকে মনোনয়ন ফরম জমাদেন মিরসরাইয়ের প্রিয়মুখ তরুণ রাজনীতিবিদ নিয়াজ মোর্শেদ এলিট। অপরদিকে জাতীয়তাবাদি দল বিএনপি থেকে প্রার্থী হিসেবে একই আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহসভাপতি শিল্পপতি মনিরুল ইসলাম ইউসুফ। একই আসন বিপরীতমুখি দুটি প্রধান দলের পক্ষ থেকে পিতাপুত্রের মনোনয়ন ফরম সংগ্রহ করায় আলোচনা উঠে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে।

গত ১৩ নভেম্বর, মঙ্গলবার বিএনপির নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মুক্তিযোদ্ধা দলের ১০ নেতা, যাদের একজন মনিরুল ইসলাম ইউসুফ। অন্যদিকে গত ৯ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন এলিট।

নিয়াজ মোর্শেদ এলিট বলেন, রাজনৈতিক আদর্শগত পার্থক্যের কারণে দীর্ঘ দিন থেকে বাবার সাথে আমার দূরত্ব। আমি বাবার আদর্শের বাইরে গিয়ে রাজনীতি করছি। নির্বাচনী মাঠে আমার বিপরীতে যদি আমার বাবাও থাকে তাকেও ছাড় দেয়ার প্রশ্নই আসে না। তিনি আরও বলেন, যুদ্ধের ময়দানে সম্পর্কের কোনো দাম নেই। আমি আমার আদর্শের জন্য লড়াই করছি। সে আদর্শের বিপরীতে যেই থাকুক তার বিরোদ্ধেই আমি মাঠে নামবো।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ইউসুফ এক সময় জাতীয় পার্টির রাজনৈতিক আদর্শের একজন নেতা ছিলেন। দুই বছর আগে বিএনপিতে যোগ দেন।

অপরদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ^াসী নিয়াজ মোর্শেদ এলিট স্কুল জীবন থেকেই আওয়ামী রাজনীতির মাঠ পর্যায়ের কর্মী। এছাড়া বিভিন্ন সামজিক ও ব্যবসায়ীক সংগঠনের সাথে যুক্ত এলিট তরুণ উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত করতে নিরলস কাজ করছেন চট্টগামে।