ফরিদ উদ্দিনের ‘নিশিপুত্র’ আগামীকাল মাছরাঙ্গা’তে
ক্লিক প্রতিবেদক :: নিশিপুত্র টেলিছবিতে ছয়টি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে একজন অভিনেতাকে । আর এই অসম্ভব কাজটি একজন অভিনেতাকে দিয়ে করিয়েছেন ছোট পর্দার নবাগত জনপ্রীয় নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদ।
সমাজে বসবাসকারী বিভিন্ন চরিত্রকে তিনি ফুটিয়ে তুলেছেন ছোট পর্দার আরেক শক্তিমান অভিনেতা আজাদ আবুল কালামের মধ্য দিয়ে ।
আগামী ৬ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৫০ মিনিটে “নিশিপুত্র” দেখানো হবে মাছরাঙ্গা’র পর্দায়।
একজন অভিনেতাকে দিয়ে ৬টি চরিত্রে অভিনয় করানো প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা ফরিদ বলেন, সমাজের মানুষ গুলোকে দেখতে এক মনে হলেও তারা ভিন্ন ভিন্ন চরিত্রের অধিকারী এবং তাদের সবারই রঙ-ঢং ভিন্ন ।
নির্মাতা ফরিদ বলেন, নিশিপুত্র টেলিছবিতে আজাদ আবুল কালামকে কখনো দেখা যাবে গ্রামের আড়ৎদার, কখনো বা চেয়ারম্যান, মাতুব্বর, নেতা, আবার কখনো নারী পাচারকারী।
তিনি বলেন, নিশিপুত্র টেলিছবি’র গল্পের আরেক মূল চরিত্রে চোরের ভূমিকায় অভিনয় করেছেন প্রভিভাবান শিল্পী শতাব্দি ওয়াদুদ। ফরিদ উদ্দিন বলেন, এই চরিত্রটি মূলত গ্রামের অসহায় মানুষের ।
তিনি বলেন, ষড়যন্ত্রের শিকার হয়ে চোরের অপবাদ নিয়ে চলতে চলতে এক পর্যায়ে একজন মানুষ কি করে নিজেই চোর হয়ে ওঠেন সেই গল্পই বলা হয়েছে নিশিপুত্র নাটকে। ফরিদ উদ্দিন বলেন, গল্পের বাঁকে বাঁকে দেখানো হয়েছে মানবিক সামাজিক বিপর্যয় ।
মোহাম্মদ ইকবাল হোসেন’র গল্প অবলম্বনে নিশিপুত্র নাটকের চিত্রনাট্য করেছেন দয়াল সাহা ও ফরিদ উদ্দিন মোহাম্মদ এবং নির্দেশনা দিয়েছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ।
নির্মাতা আরও জানান, “গল্প বলার ঢঙ ও নির্মানে কিছুটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছি। আশা করছি কাজটা দর্শকদের ভালো লাগবে।”
মাছরাঙ্গা টেলিভিশন সূত্রে জানা গেছে, নিশিপুত্র টেলিছবিটি পুণঃ প্রচার হবে বৃহস্পতিবার রাত ১:০০ টা ও শুক্রবার সকাল ১০:৩০ মিনিটে ।