মুখোমুখিলাইফস্টাইললিড

বাবার মতো নির্লোভ রাজনীতিবিদ মাহতাব উদ্দিন চৌধুরী

জালালউদ্দিন সাগর: ১৯৭০ সালের কথা। অনেক বেশি চ্যালেঞ্জ নিয়ে ফজলুল কাদের চৌধুরীর এলাকায় একটি নির্বাচনী সভায় যোগ দিতে যাচ্ছিলেন সিটি কলেজের তৎকাীিন ভিপি হারুনুর রশীদ,মাহতাব উদ্দিন চৌধুরীসহ আরও অনেকে। নির্বাচনী ক্যাম্পে গিয়ে বঙ্গবন্ধুর পক্ষে জনমত তৈরি করা ছিলো মূলত তাদের উদ্দেশ্য। কিন্তু সে নির্বাচনী সভায় যোগ দিতে পারেন নি তাঁরা। যাওয়ার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ভিপি হারুনুর রশীদ। মারাত্মকভাবে আহত হন মাহতাব উদ্দিন চৌধুরী। পা ভাঙে তাঁর। চোখ ও কানে মারাত্মক আঘাত পান। সেই চোখে কম দেখেন আর কানে কম শোনেন একাত্তরের সৈনিক মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী।

উপমহাদেশখ্যাত শ্রমিক নেতা, মুক্তিযুদ্ধকালীন পূর্বাঞ্চলের চেয়ারম্যান, শহর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী, জননেতা, ছয় দফা আন্দোলনের অন্যতম প্রবক্তা, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম জহুর আহমদ চৌধুরীর সন্তান।

বাবার হাত ধরেই স্কুলজীবন থেকে আওয়ামী রাজনীতির অন্যতম সংগঠক তিনি। ছিলেন, চট্টগ্রাম পৌর ও শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সর্বশেষ নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পান নির্লোভ, ত্যাগী এই রাজনীতিবিদ। বাগমনিরাম ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কমিশনারও তিনি।

৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর চট্টগ্রামের আওয়ামী রাজনীতি যখন স্থবির তখন তিনি নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব নিয়ে চট্টগ্রামে আওয়ামী লীগেকে সংগঠিত করেছেন।

বাবা জহুর আহমদ চৌধুরীর ১৯ সন্তানের মধ্যে তিনি একজন। মা জাহানারা বেগম ছিলেন পুরোপুরি গৃহিণী। বড়ভাই সাইফুদ্দীন খালেদ চৌধুরী শহীদ হন মুক্তিযুদ্ধে। ১৯৭১ সালের ১৩ এপ্রিল রাউজানের ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকায় (বর্তমান চুয়েট) পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে সাইফুদ্দীন খালেদসহ মোট পাঁচজন শহীদ হন।

তিন সন্তানের জনক মাহতাব উদ্দীন চৌধুরী। বড় ছেলের নাম ইসতিয়াক আহমেদ চৌধুরী, মেয়ে সুমায়রা চৌধুরী ও জুনায়রা চৌধুরী। স্ত্রী সফিনা মাহতাব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছিলেন। সরকারি মুসলিম হাইস্কুল থেকে শিক্ষাজীবন শুরু হলেও তিনি মিউনিসিপাল হাইস্কুল ও সালেহ জহুর হাইস্কুলে লেখাপড়া করেন। মাধ্যমিক পাস করেন ৬৯ সালে এবং সিটি কলেজ থেকে ১৯৭২ সালে উচ্চ মাধ্যমিক এবং ৭৪ সালে ডিগ্রি পাস করেন।

মাহতাব উদ্দিন বলেন, রাজনীতি করে জনগণের ভালোবাসা পেয়েছি। বঙ্গবন্ধুকে স্মরণ করে প্রবীণ এই রাজনীতিবিদ আরও বলেন, বাবার মৃত্যুর পর জাতির জনক আমাকে হেলিকপ্টারে করে ঢাকা নিয়ে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তাঁর আদর্শে যদি মরতে পারি তবেই আমার জীবন সার্র্থক। বলেন, মাহতাব উদ্দিন। মাহতাব বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধে যাই। বড় ভাই সাইফুদ্দিন খালেদের মতো আমিও যদি শহীদ হতাম আমার জন্ম সার্থক হতো। দেশের জন্য, বঙ্গবন্ধুর জন্য এমন মরণ ক’জনের ভাগ্যে জুটে !

নগরীর পল্টন রোডে জহুর আহমেদ টাওয়ার পুরো পরিবার নিয়ে বসবাস করেন মাহতাব উদ্দিন চৌধুরী। সে টাওয়ারের নিচে গাড়ি পার্কিং লটে বসে দলীয় কর্মীদের সাথে কথা বলেন তিনি। দেন রাজনৈতিক দিকনির্দেশনা। দীর্ঘ রাজনৈতিক বলয়, ক্ষমতাসীন সরকারের দলীয় গুরুত্বপূর্ণ পদে থাকার পরও নেই কোনো অহংবোধ, আদিখ্যেতা। গভীর মমতায় কর্মীদের মাথায় হাত বুলিয়ে বঙ্গবন্ধুর চেতনা আর আদর্র্শের পথ দেখান।