ভ্রমণলিড

মনও বুঝি উড়ছিল

হাসান আকবর :: মাটি থেকে বত্রিশ হাজার ফুট উপর দিয়ে উড়ে চলছিলাম। শুধু শরীর নয়, মনও বুঝি উড়ছিল। স্বচ্ছ নীল আকাশ। শরতের আকাশ জুড়ে চলছিল মেঘের নানা খেলা। মেঘে মেঘে সখ্যতা তৈরি করছিল নানা ছবি, আলপনা। পেঁজা পেঁজা মেঘের অনেক উপর দিয়ে উঁড়ে উঁড়ে যাচ্ছিল আমাদের এয়ারবাস। উড়োজাহাজের ডানায় চিক চিক করছিল পানি। যেন দূর্বাঘাষের উপর সকালে দেখা কুয়াশা। উড়োজাহাজের জানালায় চোখ দিয়ে মন ভালো হয়ে যাচ্ছিল। আহ্, পৃথিবীটা কতই না সুন্দর! কতই না অপরূপ!
শ্রীলংকান এয়ারের ইকোনমি ক্লাসে আসামীর মতো জড়োসড়ো হয়ে বসে থাকলেও মেজাজ ছিল বেশ ফুরফুরে। বিদেশে কোথাও বেড়াতে যাওয়ার সময় আমার শরীর মন সবই এমন ফুরফুর করে। ভালো মনটিকে আরো চাঙ্গা করার জন্য সিনেমা দেখছিলাম। হিন্দি সিনেমা। শ্রীলংকান এয়ারেও বলিউডের ছায়াছবির বিশাল সম্ভার। পুরো পৃথিবী দাবড়ে বেড়াচ্ছে বলিউড।

আহা! আমাদের ঢালিউডের খবর কী? কলকাতায় আটটি সিনেমার টিকেট কিনতে মাথার ঘাম পায়ে পড়েছিল আমাদের আট সাংবাদিক বন্ধুর। অথচ আমাদের সিনেমা হলগুলো একটির পর একটি বন্ধ হচ্ছে। আমাদের সিনেমা জগতটা মাঝে মধ্যে একটু যেন নড়ে চড়ে। আশায় আমাদের মন ভালো হয়ে উঠে। আবার সব যেন ঠিক আমাদের মতো হয়ে যায়! কেন যে আমাদের কোন কিছু হয় না? ক্ষণেক্ষণে জানালায় চোখ যাচ্ছিল আমার। সিনেমা যতটুকু না টানছিল তার থেকে ঢের বেশি টানছিল বাইরের মেঘ। কিন্তু কতোক্ষণ আর বাইরে তাকিয়ে থাকা যায়। তাই সিনেমা দেখা! বেশ মারদাঙ্গা একটি ছবি। প্রেমের ছবি।

আমি সিনেমার নায়িকা দেখার পাশাপাশি শ্রীলংকান এয়ারলাইন্সের কেবিন ক্রুদেরও দেখছিলাম। বেশ ব্যস্ত সময় পার করছেন তারা। ক্ষণেক্ষণে আমাদের চোখের সামনে দিয়ে এদিক ওদিক করছেন। ছুটে ছুটে যাচ্ছেন। শ্রীলংকা মরুভূমি না হলেও আবহাওয়া অনেকটা গরম। উপকূলীয় অঞ্চলের সব গুণাগুন দেশটির রয়েছে। আবহাওয়া গরমের কারনে শ্রীলংকার মানুষদের গায়ের রঙ শ্যামলা-এটাই ছিল আমার বদ্ধমূল ধারণা। কিন্তু শ্রীলংকান এয়ারলাইন্সের কেবিন ক্রুদের দেখে আমার ধারণা ভূল বলে মনে হতে লাগলো। তাদের পুরুষগুলো যতোটা কালো, মেয়েরা যেন তত বেশি উজ্জ্বল। উড়োজাহাজের ভিতরে পাঁচ ছয়জন কেবিন ক্রু অনেকটা কলকল করছিল। এদের প্রত্যেককেই বেশ সুন্দরী মনে হলো। দারুণ স্মার্ট সব মেয়ে। চমৎকার সুন্দরী। একটি ¯িœগ্ধতা যেন তাদের ঘিরে রয়েছে। মুখে মোলায়েম হাসি। হাসিতে দাঁতগুলো সব চকচক করছিল। কেবিন ক্রুদের পোষাক হচ্ছে শাড়ি ব্ল¬াউস। কিন্তু এদের শাড়ি পরার ধরণই আলাদা। তাদের চলন-বলন-হাসি সবই অতুলনীয়। মন যেন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল।

কিন্তু একেবারে আচমকা ছন্দপতন। আমার দুই সারি সামনে বসেছেন লায়ন রোকেয়া জামান। মায়ের বয়সী ভদ্রমহিলা। লায়নিজম করেন। মানুষের সেবা করেন। একাএকা শ্রীলংকা যাচ্ছেন। আমার ম্যাডাম, লায়ন মিসেস কামরুন মালেক ব্যক্তিগতভাবে উনাকে খুবই পছন্দ করেন। পথে উনাকে একটু দেখে রাখার জন্য ম্যাডাম আমাকে বলে দিয়েছেন। বলেছেন, একা মানুষ। একটু খেয়াল রাখবেন। শুধু ম্যাডামের নির্দেশেই নয়, বয়স্কা একজন ভদ্রমহিলাকে প্রয়োজনীয় সহায়তা করা আমার নৈতিকতার মধ্যেই পড়ে। তাই কিছুটা চোখে চোখে রাখছিলাম। কিন্তু একেবারে আচমকা তার হাতের উপর আস্ত চায়ের কাপটি উল্টে দিলেন কেবিন ক্রু। ধুমায়িত গরম চা। রোকেয়া জামান কেমন যেন করে উঠলেন। কেবিন ক্রুর অবস্থ আরো শোচনীয়। তিনি যেন হাহাকার করে উঠলেন। টিস্যু পেপার দিয়ে হাত মুছিয়ে দিলেন। কাপড় মুছিয়ে দিলেন। বারবার হাত মুছে দিচ্ছিলেন। পরে দ্রুত গিয়ে একটি মলম এনেও লায়ন মিসেস রোকেয়া জামানের হাতে লাগিয়ে দিলেন।

আপাতত শ্রীলংকা যাচ্ছি আমরা। বিশাল একটি দল। লায়ন্স ক্লাবস চিটাগাং ইন্টারন্যাশনালের আওতাধীন বিভিন্ন ক্লাবের সদস্য হিসেবে ইসামি ফোরামে যাচ্ছি। শ্রীলংকার কলম্বোতে এবারকার ইসামি ফোরাম অনুষ্ঠিত হচ্ছে।  আমার প্রিয় এডিটর স্যার, দৈনিক আজাদী সম্পাদক, সাবেক লায়ন জেলা গভর্ণর এম এ মালেক, ম্যাডাম লায়ন মিসেস কামরুন মালেক, লায়ন গভর্ণর শাহ আলম বাবুল, লেডি গভর্ণর, ফাস্ট ভাইস গভর্ণর লায়ন মনজুর আলম মনজু, মিসেস মনজুর আলম, দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক লায়ন  সানজিদা মালেক, উনার স্বামী লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন এম এ ওয়াহাব, মিসেস ওয়াহাব, সেক্রেটারি লায়ন একেএমএ মুকিত, মিসেস মুকিত,লায়ন মোরশেদুল হক চৌধুরী, জামাল খান ওয়ার্ড কাউন্সিলর লায়ন শৈবাল দাশ সুমনসহ বিশাল একটি দল আমরা ঢাকা থেকে শ্রীলংকার উদ্দেশ্যে যাত্রা করেছি। এডিটর স্যার এবং ম্যাডামসহ বেশ কয়েকজন বিজনেস ক্লাসে যাচ্ছেন। আমরা ইকোনমি ক্লাসে। আর ইকোনমি ক্লাসেই একের পর এক চটকদার ঘটনা ঘটতে থাকে। লায়ন রোকেয়া জামান বেশ সেবা পাচ্ছিলেন। শ্রীলংকান এয়ারের কেবিন ক্রু বেশ যতœ আত্তি করলেন। আমি সিট পকেটে থাকা শ্রীলংকান এয়ারের ম্যাগাজিনটিতে চোখ বুলাতে লাগলাম। ভ্রমণকালে এই কাজটি আমি অবশ্যই করি। ফ্লাইট অপারেটরের ইতিহাস জানার সাথে ভ্রমণের হয়তো তেমন কোন সম্পর্ক নেই, তবু নিজের প্রিয় দেশের সাথে তুলনা করতে ভালো লাগে।

অবশ্য আমার দুর্ভাগ্য যে, আজ পর্যন্ত এমন কোন ফ্লাইট অপারেটর পাইনি যাদেরকে আমার প্রিয় বাংলাদেশ বিমানের চেয়ে দুর্বল মনে হয়েছে। তবে এর অর্থ এই নয় যে, পৃথিবীর সব ফ্লাইট অপারেটরই বাংলাদেশ বিমানের চেয়ে সমৃদ্ধ। হয়তো বহু অপারেটরই বাংলাদেশ বিমানের চেয়ে দুর্বল। তবে আমি যে দু’চারটি দেশ ভ্রমণ করেছি সেগুলোতে ওইসব অপারেটরের কোন হদিস পাইনি।   

শ্রীলংকান এয়ারের ম্যাগাজিনটি হাতে নিয়ে মনে করেছিলাম এদের অবস্থা আমাদের চেয়ে খারাপ হবে। শত শত শ্রীলংকান মানুষ আমাদের দেশে চাকরি করছেন। লেখাপড়া করছেন। তাদের দেশে অভাব আছে বলেইতো তারা এখানে চাকরি করছেন। তাদের শিক্ষা প্রতিষ্ঠান সমৃদ্ধ নেই বলেইতো তারা আমাদের দেশে আসেন। এখানে স্ত্রী পুত্র পরিবার নিয়ে বসবাস করেন বহু শ্রীলংকান। আমার বাসার ধারেকাছেও কয়েকজন শ্রীলংকান নাগরিক বসবাস করেন।

উড়োজাহাজ উড়ছিল। কলম্বোর দিকে ঘন্টায় আটশ’ মাইলেরও বেশি বেগে ছুটছিল আমাদের বাহন। শ্রীলংকান এয়ারের কেবিন ক্রুদের আনাগোনাও চলছিল সমানতালে। তারা তাদের খাবারের ম্যানু আমাদের সিটে সিটে দিয়ে গেল। সচরাচর দুই ধরনের ম্যানু থাকে। এই ম্যানু থেকে যে কোন এক ধরণের খাবার পছন্দ করতে হয়। কেবিন ক্রুরা ট্রলি নিয়ে আসলে পছন্দের ম্যানুটি বললেই ওই খাবার ভর্তি প্যাকেট দেয়া হয়। খাবারের ম্যানুতে চোখ বুলালাম। সবই বুঝলাম। কিন্তু কোনটিতে কী পরিমান নারকেল থাকতে পারে তাই শুধু বুঝতে পারলাম না।