মুখোমুখিলাইফস্টাইললিড

যৌথ পরিবারের স্বর্ণালী দিন ফিরিয়ে আসুক

নুসরাত জাহান: সন ১৯৭১।বংলাদেশের আনাচে কানাচে তখন বাজছে যুদ্ধের দামামা। রাজশাহীর গ্রামগুলোতেও তখন গড়ে উঠেছে মুক্তিবাহিনী। রাজশাহী-চাঁপাই মহাসড়কের পাশে মুরারীপুর গ্রাম। ছোটগ্রাম। সেইখান দিয়ে সাঁ সাঁ করে পাকিস্তানি মিলিটারির সাঁজোয়া গাড়িগুলো সৈন্যসহ প্রবেশ করে শহরের ভেতর।

মুরারীপুরে অবস্থান নেওয়া মুক্তিযোদ্ধাদের দলের সিদ্ধান্ত হয় রাস্তার ধারের শ্যাওড়া গাছে টাঙাতে হবে সাদা কাপড়।তাতে প্রতিফলিত হবে মিলিটারির গাড়ির হেডলাইটের আলো। তাই দেখে সংকেত পাবেন তারা। কিন্তু কে যাবে প্রাণ হাতে নিয়ে গাছে কাপড় টাঙাতে? প্রতি মুহূর্তে যেখানে ছুটে আসছে সাক্ষাৎ মৃত্যু! সিদ্ধান্ত হলো দলের সব থেকে ছোট ছেলেটি যাবে এ কাজে। অষ্টম শ্রেণিতে পড়া ছেলেটি সেদিন তার অসম সাহসিকতার যে দৃষ্টান্ত দেখিয়েছিলো তা দৃষ্টান্ত হয়ে আছে এখনো।

রাজশাহী সরকারি ল্যাবরেটরি স্কুলের ২য় ব্যাচের ছাত্র ছিলেন সেই দুঃসাহসী বালক শামসুল আলম। চট্টগ্রাম গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো.শামসুল আলমের মুখেই শুনছিলাম তাঁর জীবন ও ছেলেবেলার গল্প।

রাজশাহী হড়গ্রাম বাজারের পাশে পুকুরিয়া গ্রামের সরকার বাড়িতে তাঁর জন্ম। দাদা মহীউদ্দীন সরকারের হাতে ১৯২১ সালে তৈরি হওয়া বাড়িটি ছিলো বিশাল। শামসুল আলমরা আঠারো ভাইবোন। প্রকৃত যৌথ পরিবার বলতে যা বোঝায় সেই বিশাল যৌথ পরিবারে তাঁর বেড়ে ওঠা। পুকুরিয়ার সেই বিশাল বাড়িটিতে এখন অবশ্য থাকেন না তাঁরা। তার বদলে রাজশাহীর কাদিরগঞ্জে এখন তাঁদের ঠিকানা। এখানেও তিনি একাকী নন থাকেন যৌথ পরিবারের সাথেই।

ল্যাবরেটরি স্কুল তারপর ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ হয়ে তারপর রাজশাহী প্রকৌশলী কলেজে (বর্তমান রুয়েট) ভর্তি হন তিনি। স্কুল জীবনে খেলাধুলা, নাটক সহ বিভিন্ন সামাজিক কর্মকা-ের সাথে যুক্ত ছিলেন। পারিবারিকভাবে রাজনীতি সচেতন পরিবেশে তাঁর বেড়ে ওঠা। অনেকেই তাঁরা অংশ নেন মুক্তিযুদ্ধে। এভাবেই তিনি সমাজ ও রাজনীতির প্রাথমিক পাঠ নেন শৈশবেই। মানুষের কাছে যাওয়ার শিক্ষা তিনি পেয়েছিলেন তাঁর জীবন থেকেই। বললেন শাসুল আলম।

১৯৮৭ সালে রুয়েট থেকে পাস করে প্রথম কর্মজীবন শুরু করেন রংপুরের রাজীবপুর উপজেলায়। এখানেই প্রথম দারিদ্র্যের তীব্রতা কাছ থেকে দেখার সুযোগ হয় তাঁর। মানুষের কষ্ট তাকে নাড়া দেয়। এরপর দিনাজপুর, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় সরকারের গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর’র হয়ে জনসেবা করে আসছেন তিনি।

তবে, ইট পাথরের জঞ্জালে ঢাকা কাঠখোট্টা নগরায়ণের বিরুদ্ধে সর্বদা স্পষ্ট অবস্থান ছিলো তাঁর।ব্যক্তিগত জীবনে ও প্রকৃতি, নদী, গাছপালা পছন্দ করেন শামসুল আলম। চাকরির সুবাদে যেখানেই গেছেন অবসর খুঁজে নিয়েছেন বাগান করার। অফিসের আশেপাশের সাজানো বৃক্ষরাজিতেই পরিচয় তাঁর।
সরকারের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের সাথে বনায়নকে সংযুক্ত করার চেষ্টা করেছেন তিনি। রাজশাহীর পরিচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশ আর অবারিত মাঠঘাটের স্মৃতি তাকে আজও হাতছানি দেয়।

মুক্তিযুদ্ধের সেই শ্যাওড়া গাছটি সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য কাটা পড়ছিলো বলে আফসোস করলেন। এইসব স্মৃতি বিজড়িত গাছ এবং দালানকোঠা সংরক্ষণের জন্য মানুষ ও সরকারকে সচেতন করার কাজ করছেন শামসুল আলম।

বাসস্থান মানুষের মৌলিক চাহিদা। রংপুরের দারিদ্র্যতা,সিলেটের জৌলুস, চট্টগ্রামের ব্যস্ত যান্ত্রিক নগরী সব জায়গায় এই মৌলিক চাহিদা নিয়ে কাজ করতে গিয়ে বিচিত্র মানুষের সংস্পর্শ এসেছেন তিনি। আমলাতান্ত্রিক গাম্ভীর্যের বিপরীতে দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষের জন্য অবারিত করেছেন নিজেকে। সদা হাসিমুখের এই মানুষটি তাই সাধারণ মানুষের ভালোবাসা কুড়িয়েছেন সহজেই। অবশ্য আন্তরিকতার এ বীজ তিনি পেয়েছিলেন পদ্মার পাড়ে বেড়ে ওঠা শৈশব থেকেই।

১৯৪৭ এ মূলত অভিবাসী পুনর্বাসন প্রকল্পের হাত ধরে সরকারের গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের সূচনা। বর্তমানে এর মূল লক্ষ্য পরিকল্পিত নগর এবং নগরায়নে বৃক্ষের প্রাধান্য বৃদ্ধি করা। বিচ্ছিন্ন পরিবারগুলোকে আবারও একত্রিকরণের মাধ্যমে যৌথ পরিবারের স্বর্ণালী দিনগুলোকে ফিরিয়ে আনা।

মিরসরাই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রকল্প নিয়ে বর্তমানে কাজ করছেন শামসুল আলম। বাকলিয়ায় কর্ণফুলীর পাড়ের বস্তিকে বহুতল ভবনে পরিণত করে বস্তিবাসী ও পাহাড়ের পাদদেশে আশ্রয় নেয়া মানুষগুলোর বাসস্থান সমস্যার সমাধানের কাজ চলছে ইতোমধ্যেই।
বাংলাদেশের মানুষের শক্তি বারবার অভিভূত করে শামসুল আলমকে। তিনি বলেন মানুষ সাহায্য চায় না,তারা ভালোভাবে বাঁচার, সুন্দর জীবনের সুযোগ চায়। বাংলার মানুষের মাঝে যুদ্ধ করে বেঁচে থাকার প্রেরণা দেয় আমাদের প্রকৃতি। এই প্রকৃতির প্রতি অন্যায় করা উচিত না।

১৯৯২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শামসুল আলম ও ফারহানা তালুকদার। এক সন্তানের জনক শামসুল আলম অবসর সময়ে বই পড়তে এবং পরিবারকে সময় দিতে পছন্দ করেন। দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করলেও রাজশাহীর মুক্ত পরিবেশ তাঁকে সর্বদা হাতছানি দেয়। তাই ছুটি পেলেই ছুটে যান সেখানে।

ছবিয়াল: আরাফাত রূপক