মুখোমুখিলাইফস্টাইললিড

রোগীর সুস্থতা ও স্বস্তির হাসিতেই আমার স্বর্থকতা-ডা. হারুন

নুসরাত জাহান: কক্সবাজার সদর উপজেলার নাপিতখালী প্রাইমারি স্কুলের এক ছাত্রের গল্প বলবো আজ। ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী গ্রামে তাঁর বেড়ে ওঠা। সেখান থেকে সপ্তম শ্রেণিতে তিনি ভর্তি হন ফৌজদারহাট ক্যাডেট কলেজে। সেই থেকে তাঁর মেধার প্রমাণ পেতে থাকেন সবাই।

যে সময়ের কথা বলছি তখন এত সহজ ছিলো না পড়াশোনা, বিশেষত আশির দশকে নাপিতখালীর মতো একটা গ্রাম থেকে ক্যাডেট কলেজে ভর্তি হওয়া এক যুদ্ধ ছিলো বৈ কি। তারপর তিনি চেয়েছিলেন সেনাবাহিনীতে যোগ দিতে। সে সুযোগও অর্জন করে নিয়েছিলেন নিজের যোগ্যতায়। কিন্তু পরিবারের ইচ্ছায় ভর্তি হলেন মেডিকেল কলেজে। চলে এলেন নিজের গ্রাম, বেড়ে ওঠার সমুদ্রতট ছেড়ে সুদূর সিলেট।
ডাক্তারি পড়াশোনার জন্য শুরু হলো একরকম কঠোর সংগ্রাম। একে তো পরিবার পরিজন ছেড়ে এত দূরে থাকা তার ওপর নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ডাক্তারি পড়া! সব মিলিয়ে মেনে নিতে আর মানিয়ে নিতে অসম্ভব ঝক্কি পোহাতে হয়েছিলো সাবলীলভাবেই। সে কথা বললেন হারুন-অর-রশীদ। হ্যাঁ পাঠক, চট্টগ্রামের এ সময়ের অন্যতম অর্থোপেডিক সার্জন ডা.এ.কে.এম হারুন-অর-রশীদ কে নিয়ে আমাদের এই আয়োজন।

পাঁচ বোনের একমাত্র ভাই হয়েও কঠোর নিয়মশৃঙ্খলার মধ্যে কেটেছে তাঁর শৈশব। বাবা আখতার হামিদ ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্য। মায়ের নাম লায়লা বেগম। প্রাথমিকভাবে ডা.হারুন-অর-রশীদ জেনারেল সার্জারি নিয়ে শুরু করলেও ২০০৯ সাল থেকে মূলত অর্থোপেডিক বিভাগে যোগ দেন। তিনি ক্লিক ম্যাগাজিনের প্রতিবেদকের কাছে নিজেই বললেন জীবনের উত্থান পতনের গল্প।

মাত্র আটটি মেডিকেল কলেজ তখন ছিলো ডাক্তারি পড়ার জন্য। ভর্তি যুদ্ধ যেমন কঠিন ছিলো, তার চেয়েও কঠিন ছিলো এমবিবিএস এর পড়াশোনা। আমাদের দেশের শিক্ষার্থীদেও যে অমানুষিক পরিশ্রম করে ডাক্তারি পড়তে হয় নিজের জীবনের সেই অভিজ্ঞতাই তুলে ধরলেন সহজভাবে।

রাতদিন এক করে পড়া, পরীক্ষা, ল্যাব, ওটি, নাইট ডিউটি, ওয়ার্ড-কত কী! তারপরও কী শেষ হয় কর্মযজ্ঞ? না, এমবিবিএস হলেই হয় না, তারপর আসে এফসিপিএস! এ যেনো খনি থেকে খাঁটি সোনা তুলে আনার শ্বাসরুদ্ধকর এক যুদ্ধ। শুনতে শুনতে কেমন অবাক লাগলো, জিজ্ঞেস করলাম এত কষ্টের পরও যখন মানুষ ডাক্তারকে কসাই বলে তখন কেমন লাগে আপনার?

অবাক করা উত্তর দিলেন ডা.হারুন-অর-রশীদ। বললেন, আমাদের দেশের ব্যবস্থাপনাগত সমস্যার কথা। সাধারণ ছোট্ট সমস্যা নিয়েও মানুষ বড় বড় ডিগ্রিধারী ডাক্তারের পিছে ছোটে। রোগের গুরুত্ব অনুসারে রেফারেন্স প্রদ্ধতির কোনো ব্যবস্থা নেই। অন্য রোগীর কাছে শুনে ডাক্তার পছন্দ করে মানুষ। ফলে একটা ডাক্তারের একটু নাম হলে তার চেম্বারে ভিড় লেগে যায়। এত মানুষকে একজন চিকিৎসক না ঠিকমতো সেবা দিতে পারে, না মানুষের কাছে পৌঁছানো সে সেবার মান ঠিক রাখতে পারে। যে কারণে চিকিৎসক নিয়ে মানুষের মস্তিস্কে নেতিবাচক একটা গল্প তৈরি হয়। এ ভাবেই হয়তো রাগ ক্ষোভের উর্ধ্বে ডা.হারুন এর মতো দূরদর্শী মানুষেরা সমস্যার মূল কারণটা খুঁজে পান।

১৯৯৭ সালে এমবিবিএস শেষ করে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন সিলেট থেকেই। এর আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হন বর্তমান সময়ের স্বনামধন্য শিশু বিশেষজ্ঞ ডা.আয়েশা বেগম এর সাথে। এর পর ২০০২ সালে ঢাকায় এমএস, এমডি শুরু করেন। ২০০৩ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডার এ আবারও নিজের মেধার স্বাক্ষর রাখেন ডা.হারুন।

এর আগে চট্টগ্রাম এনায়েত মেডিকেলসহ আরও অনেক বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মধ্যেও যে যথেষ্ট জনপ্রিয় ছিলেন তা বোঝা গেলো তাঁর কথা বলার ধরনেই। চিকিৎসাবিজ্ঞানের হরেক রকম দাঁতভাঙা শব্দ বেশ ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছিলেন আমাদের। বর্তমানে সরকারি বদলির সুবাদে কক্সবাজার মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ চিকিৎসক হিসেবে দায়িত্বরত আছেন এই অর্থোপেডিক বিশেষজ্ঞ।

ট্রমা, ক্যাজুয়ালটি, অর্থোপেডিক সার্জারি, আর্থোস্কুপি, আর্থোপ্লাস্টিসহ আরও নানা বিষয়ে তাঁর পরামর্শ রোগীদের জন্য এক পরম সান্ত¡না। নিজের জ্ঞান ও দক্ষতা দিয়ে এভাবেই মানুষের হতাশার অন্ধকারে আশার আলো জ্বালিয়ে চলেছেন ডা.হারুন-অর-রশীদ। সপ্তাহান্তে রোগী দেখছেন চট্টগ্রাম নগরীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে।

কর্মজীবনের অসংখ্য অভিজ্ঞতা তাঁর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার থাকাকালে গভীর রাতে এক আহত ছেলে নিয়ে মায়ের আর্ত আহাজারি শুনে রাত দেড়টায় অপারেশন শুরু করেন তিনি। সে অপারেশন শেষ হয় ভোর ফজরে। অতি আনন্দে সরকারি হাসপাতালেও রোগীর আত্মীয়রা ডাক্তারের কাছে বিল দিতে চেয়েছিলেন অপারেশনের। অনেকদিন রাত দশটায় চেম্বার বন্ধ করে যখন ঘরে ফেরার জন্য বের হন তখনও কোনো কোনো রোগীর সেবায় আবার ফিরে যেতে হয় অপারেশন থিয়েটারে। সারারাত চলে সে অপারেশন। রোগীর জীবন বাঁচাতে অনেক সময় ডাক্তার হিসেবে নিতে হয় ঝুঁকিও।

নেয়ামতউল্লাহ নামে তেমন এক রোগীর গল্প শোনালেন তিনি। একসাথে দুই উরুর ফিমার অপারেশন করার ঝুঁকি নিয়েছিলেন অভিজ্ঞ এই চিকিৎসক। সেখানেই শেষ নয়, মাসের পর মাস চলেছে তার ফলোআপ। সেই রোগীর সাথে তখন একরকম আত্মীয়তা গড়ে ওঠে তাঁর। কেউ মামা, কেউ ভাই এরকম সম্বোধনে জড়িয়ে যান তিনি। জানতে পারেন তাঁদের জীবনের অদ্ভুত সব গল্প।

ভিজিট নেয়ার বদলে এরকম অনেক রোগীকে নিজেই গাড়িভাড়া দিয়ে বিদায় করেন। এত কাছ থেকে মানুষ দেখার অভিজ্ঞতা বোধহয় আর কোনো পেশায় সম্ভব না। সেইসব রোগীর সুস্থতা আর স্বস্তির হাসিতেই সার্থক হয় ডা.হারুন-অর-রশীদের অজস্র রাত জাগার ক্লান্তি। চোখের সামনে একটা অসুস্থ শরীরকে প্রাণবন্ত সুস্থ হতে দেখার এই অমূল্য অনুভূতি চিকিৎসক ছাড়া আর কারও কাছে এত নিখুঁতভাবে পাওয়া যায় না। তিনি জানান, এক পানচাষির প্রায় পচে যাওয়া আঙুল সারিয়ে তোলার পর সে প্রচুর পান নিয়ে চলে আসে আমার চেম্বারে। ওই রোগীর ধারণা আমার বাবা পান খান।

এমন সরল মানুষের সহজ ভালোবাসাটুকুই অপেক্ষারত স্ত্রী,কন্যার অভিমান ভুলিয়ে রাখে। জানান ডা. হারুন। আরও বলেন, গভীর রাতে বাসায় ফিরেও যখন ফোন বেজে ওঠে কখনও ঘুমন্ত সন্তানের কপালে হাতটুকু না রেখেই আবার ফিরে আসতে হয় রোগীর কাছেই। তাই সন্তান যখন অভিমানে গল্প বলে ‘গভীর রাতে এসে আবার গভীর রাতে চলে যাওয়া লোকটার নাম বাবা’ তখন হয়তো অন্য কোনো বাবার সন্তানের সুস্থতার প্রশান্তি তাঁকে সেই কষ্টটুকু ভুলে থাকতে সাহায্য করে।

এভাবেই তিন সন্তানের জনক ডা. এ.কে.এম. হারুন-অর-রশীদ তাঁর চিকিৎসক জীবনের গল্প শোনালেন ক্লিকের কাছে। শোনালেন কিছু আক্ষেপও। তিনি বলেন, অনেক আধুনিক অস্ত্রোপচার যেমন আর্থোস্কুপি, হাঁটু প্রতিস্থাপন ইত্যাদি এখন দেশে-এমনকি চট্টগ্রামেই হচ্ছে। সিস্টেমের কিছু সমস্যার কারণে তবুও মিটছে না চিকিৎসকের প্রতি রোগীর বিরূপ মনোভাব বা বিদেশমুখিতা।

উচ্চতর শিক্ষা নিয়েও অনেক ডাক্তার রয়ে যাচ্ছেন এমন সব অঞ্চলে যেখানে তাঁর প্রকৃতপক্ষে কোনো কাজ নেই। নিজের দক্ষতা তাঁরা পৌঁছে দিতে পারছেন না সাধারণের কাছে। হয়তো ভবিষ্যৎ চিকিৎসকদের এই আক্ষেপের উত্তর দেবে, এমনটাই মনে করেন ডা. হারুন-অর-রশীদ।

শেষ করি ডা.হারুন-অর-রশীদের নিজের কথা দিয়ে ‘মান-সম্মান, টাকা, প্রতিষ্ঠা অনেক পেশা থেকেই পাওয়া যায়। কিন্তু এত কাছ থেকে মানুষকে জানার সুযোগ, এত কাছ থেকে তার সন্তুষ্টি দেখার সুযোগ শুধুমাত্র চিকিৎসা পেশাতেই রয়েছে। এই প্রাপ্তি টুকুই আমাদেরকে ধৈর্য্য ধরতে সাহায্য করে।