সম্পাদকীয়
এক.
অভিজাত ব্রিটিশ পরিবারের মেয়ে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন ১৮২০ সালের ১২ মে। বাবা উইলিয়াম এডওয়ার্ড নাইটিঙ্গেল ও মা ম্যারি নি। ইতালিতে জন্মগ্রহন করলেও ফ্লোরেন্স নাইটিঙ্গেল’র আদি ভিটা ইংল্যান্ডে।
ছোটবেলা থেকেই কেউ অসুস্থ হলে তাকে সেবা করতে ছুটে যেতেন ফ্লোরেন্স। সে সময় সেবিকার পেশাকে ছোট করে দেখা হতো বলে এই পেশাতে কেউ আসতে চাইতো না। অথচ ১৭ বছর বয়সেই ফ্লোরেন্স নাইটিঙ্গেল বুঝে গিয়েছিলেন সেবিকা হওয়ার জন্যই সৃষ্টিকর্তা তাঁকে পৃথিবীতে পাঠিয়েছেন।
পরিবার, সমাজ আর রক্ষণশীলতার সাথে যুদ্ধ করে উচ্চ শিক্ষিত মেয়ে হয়েও ১৮৫১ সালে নার্সের প্রশিক্ষণ নিতে ইংল্যান্ড ছেড়ে জার্মানি পাড়ি জমান। ১৮৫৫ সালে তিনি নার্স প্রশিক্ষণের জন্য তহবিল সংগ্রহের কাজ শুরু করেন। গড়ে তুলেন নাইটিঙ্গেল ফ্যান্ড। নিরলস প্রচেষ্টায় ১৮৫৯ সালে তিনি প্রায় ৪৫ হাজার পাউন্ড ফান্ড সংগ্রহ করেন। ইংল্যান্ডের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে বিশেষ ভূমিকার জন্য এই নারী আজ বিশ্বব্যাপি সমাদৃত। শ্রদ্ধেয়।
ফ্লোরেন্স নাইটেঙ্গেলের সাথে কোথাও যেন মিল আছে সাফিয়া গাজি রহমানের। অভিজাত, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তিনি। একই সাথে উচ্চ শিক্ষিতও। কাজ করছেন ইংরেজি শিক্ষাকে সহজিকরণেও। নিজে ক্যান্সার আক্রান্ত রোগী হয়েও দীর্ঘদিন ধরে সেবা করছেন ক্যান্সার আক্রান্ত শিশুদের।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লিউকোমিয়া ওয়ার্ডের ক্যান্সার আক্রান্ত প্রায় পাঁচ শতাধিক শিশুকে সেবা দিতে কাজ করেছে তার গড়া সেবামূলক প্রতিষ্ঠান ‘সানসাইন চ্যারেটি’। যার মধ্যে ২৫৪ জন শিশু সুস্থ হয়ে ফিরে গেছেন মায়ের কোলে। শুধু লিউকোমিয়া ওয়ার্ড নয়-সাফিয়া গাজির মানবতার স্পর্শ পড়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউনেটাল, প্রসূতি ওয়ার্ডেও। নবজাতক বাচ্চাদের উন্নত চিকিৎসার জন্য সাফিয়া গাজি দিয়েছেন আইসিও বেডও।
তাই, চট্টগ্রামের ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল’কে শ্রদ্ধা জানিয়ে ক্লিক ম্যাগাজিনের এবারের প্রচ্ছদ ফিচার করা হয়েছে তাঁকে নিয়েই। একই সাথে মহিয়সী এই নারীকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর দাবি জানাচ্ছে ক্লিক।
দুই.
আমাদের ভাবনায় চট্টলার বীর তাঁরাই যারা একাত্তর পরবর্তি সময়ে এই চট্টগ্রাম তথা আমাদের চট্টলাকে এগিয়ে নিয়ে যেতে নিরলস পরিশ্রম করছেন; লড়াই করছেন প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার সাথে; যাঁরা তাঁদের কর্মের আলোকধারায় সাধারণ মানুষ থেকে নিজগুণে হয়ে উঠছেন অসাধারণ ও অনন্য।
২০১৫ সালের ১৫ জুন থেকে চট্টগ্রামে পূর্ণাঙ্গ লাইফস্টাইল অ্যান্ড বিজনেস ম্যাগাজিন হিসেবে নিয়মিত প্রকাশিত হচ্ছে ক্লিক। ওই বছর থেকেই প্রতি ডিসেম্বর মাসে ‘চট্টলার বীর’ সম্মাননা প্রদানের মাধ্যমে ক্লিক পরিবার সেইসব সংগ্রামী, লড়াকু সৈনিককে শ্রদ্ধাভরে স্মরণ করে আসছে কৃতজ্ঞচিত্তে।
একই সাথে যে সব তরুণ আমাদের চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যেতে নানাভাবে অবদান রাখছেন তাঁদেরকে তারুণ্যের কাণ্ডারি হিসেবে আখ্যায়িত করে তাঁদেরও সম্মাননা জানাচ্ছে ক্লিক পরিবার।
দুই প্রজন্মের লড়াকুদের এক মঞ্চে এনে সম্মাননা জানানোর উদ্যোগ অনেক কষ্টসাধ্য হলেও ২০১৫ সাল থেকে প্রতিবছর ধারাবাহিকভাবে সফলতার সাথে এই আয়োজন সম্পন্ন করছে ক্লিক।
আমি আশাকরি,সবার সহযোগিতা ও অকুণ্ঠ সমর্থন থাকলে ক্লিক পরিবার এই উদ্যোগের ধারাবাহিতা রক্ষা করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। সবাইকে মহান বিজয়ের শুভেচ্ছা।
জালালউদ্দিন সাগর, সম্পাদক,ক্লিক