Uncategorizedমুখোমুখিলাইফস্টাইললিডসফলতার গল্পসম্পর্কের বৃত্তান্ত

সেই ভালোবাসা এখনও টাটকা ওম্ দিয়ে যায় আমার জীবনের শীতে : ডিসি মেজবাহ উদ্দিন

জালালউদ্দিন সাগর :: যত্দূর চোখ যায় আধপাকা পথের দুই ধারে সারি-সারি হাজারো মানুষ। কারও হাতে লাউ অথবা সজনে ডাটা, কারও হাতে পুঁই শাকের আঁটি, কা

রও হাতে ডাবের হালি আবার কারওবা হাতে জোড়া হাঁস। মধ্য দুপুরে কেউ আবার ছাতার বাট ধরে ঠায় দাঁড়িয়ে আছেন ছলছল চোখে। তারই মাঝখান দিয়ে ‘বট্বট্ নকিং’ এর আওয়াজ তুলে এগিয়ে যাচ্ছে একটি জিপ।

রাস্তার দুই পাশে মানুষগুলোকে দেখে চার বছরের রোদশী’র প্রশ্ন- ‘বাবা ওরা কাঁদছে কেনো?’ মেয়ের প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে অকস্মাৎ কেঁদে ফেললেন নিজেও। ড্রাইভারকে ইশারায় বললেন, গাড়ি পিছনে নিতে। যেখান থেকে পথ শুরু হয়েছিলো- সেখানে ।

গাড়ি থেকে নেমে পথের দুই ধারে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর সাথে হাত মিলালেন তিনি। কাউকে কাউকে জড়িয়ে ধরলেন বুকে- এ যেন শতজন্মের আলিঙ্গন- ভালোবাসার নিবিড় পরশ। লাউ- সজনে ডাটা, পুঁই শাকের আঁটি, ডাবের হালি চেয়ে নিলেন নিজ থেকেই। জোড়া হাঁস নিয়ে দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে হেসে বললেন, ‘হাঁস নিবো না- কখনো যদি গলাচিপায় আসি খেয়ে যাবো আপনার সাথে একবেলা- কথা দিলাম।

আজ থেকে এক দশক আগে ২০০৬ সালের কথা। পটুয়াখালির গলাচিপা এলাকার অজপাড়া গাঁয়ের এক কৃষককে এভাবেই কথা দিয়েছিলেন তিনি। তিনি তখন ছিলেন সেখানকার সকল ধর্ম-বর্ণের মানুষের নিকট জনপ্রিয় এক ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা)।

ব্যস্ততা আর কর্মময় আটপৌরে বাস্তবতার কারণে যাওয়া হয়নি সেই বৃদ্ধ কৃষকের বাড়ি। খাওয়া হয়নি তাঁর বাড়ির হাঁসের মাংস। তবুও আজ যখন তিনি কখনো স্মৃতির ঝাঁপি খুলেন তখন মনে পড়ে যায় ফেলে আসা সেই দিনগুলোর কথা। সেই হাঁস হাতে দাঁড়িয়ে থাকা বৃদ্ধসহ সেই গ্রামবাসীর স্মৃতির তর্পণে চলে যান ফুসরত মিললেই। যেনো সেই ভালোবাসা এখনও টাটকা ওম্ দিয়ে যায় জীবনের শীতে। যেনো সেই ভালোবাসা এখনো অমলিন হয়ে আছে তাঁর হৃদয়ের মণিকোঠায়।

প্রিয় পাঠক, এতক্ষণ যে মানুষটির কথা বলছিলাম তিনি আর কেউ নন, এই চট্টলার বর্তমান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। ২০১৪ সালের ১০ এপ্রিল চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে যোগ দেন তিনি। এর আগে তিনি ছিলেন খুলনার জেলা প্রশাসক।

সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি নিজের চাকরি জীবনের গল্প শুরু করতেই বলে ওঠেন- ‘গলাচিপা থেকে পটুয়াখালি শহরের দূরত্ব মাত্র ১০ মিনিটের। কিন্তু সেদিন এই ১০ মিনিটের পথ পাড়ি দিতেই আমার সময় লেগেছিলো প্রায় আড়াই ঘণ্টা। তিনি বলেন, গলাচিপার মানুষ যে আমাকে এতোটা ভালোবাসতো- তা আমি কখনো কল্পনাই করতে পারিনি। আমি শুধু আমার দায়িত্ব পালন করে গিয়েছিলাম ঠিকমতো- এই যা।

তিনি আরও বলেন, প্রায় সাড়ে তিন বছর আমি গলাচিপার ইউএনও ছিলাম। কারও কাছ থেকে কখনও এক কাপ চা খাইনি। কিন্তু চলে আসার সময় সেখানকার মানুষগুলোর দেওয়া সেইসব সজনে ডাটা, পুঁই শাকের আঁটি আমি ফিরিয়ে দিতে পারিনি। জানিনা, সেটা ভুল কিনা ঠিক করেছিলাম। সেই হিসেবে করতেও চাই না। শুধু জানি সেইসব সহজ-সরল মানুষের ভালোবাসার কাছে আমি বড় বেশি অসহায় হয়ে পড়েছিলাম।

কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘গলাচিপা চরাঞ্চল এলাকা। ওখানকার মানুষগুলোর বেশিরভাগই তখন দারিদ্যাসীমার নিচে বাস করতো। আমি যাওয়ার পর প্রায় ১৪ হাজার গৃহহীন পরিবারকে সরকারি খাস জমি বন্দোবস্ত দিয়ে মাথাগুঁজার ঠাঁই করে দিয়েছিলাম। মন্ত্রণালয়ের সাথে অনেক দেন-দরবার করে সেই কাজটি করতে পেরেছিলাম বলেই হয়তো তাঁরা আমাকে এতোটা আপন মনে করেছিলেন।

গলাচিপার মানুষের কথা শুনতে শুনতেই অনেকটা সময় পেরিয়ে গেলো চট্টগ্রাম আদালত পাড়ার জেলা প্রশাসক কার্যালয়ে। প্রিয় মানুষ, প্রিয় প্রশাসক মেজবাহ উদ্দিনের কক্ষে। শেষ বিকেলের রেশ আসতেই অনেকটা স্বভাবচরিত হাসিতে বললেন, ‘চা দিতে বলি?’

আবার ফিরে গেলেন তিনি শৈশবে। বললেন, ‘ভোলা জেলার দৌলতখান উপজেলার হাজিপুর গ্রামে আমার জন্ম। ১৯৬৪ সালে। বাবা মরহুম মৌলভী বজলুর রহমান ছিলেন শিক্ষক আর মা মোছাম্মৎ ছাবেরা খাতুন গৃহিণী। হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার হাতে-খড়ি। এরপর ভোলার মির্জাকুল হাইস্কুল থেকে ১৯৭৯ সালে এসএসসি ও ১৯৮১ সালে ভোলা সরকাররি কলেজ থেকে এইচএসসি। উভয় পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হই।’

‘১৯৮৯ সালে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স পাশ করি। ১৯৯১ সালে ১১তম বিসিএস ক্যাডার হিসেবে কিশোরগঞ্জ কালেক্টরেট-এ যোগ দিই সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট পদে। ছোট বেলা থেকেই আমার স্বপ্ন ছিলোÑ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা হবো। একসময় হলামও তাই।’ -যোগ করলেন তিনি।

তিন ভাই আর দুই বোনের মধ্যে মেঝো তিনি। বড় ভাই হেলাল উদ্দীন সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা, ছোট ভাই আশরাফ উদ্দীন মঞ্জুর স্কুলের শিক্ষক। আর দুই বোন ফাতেমা বেগম ও রহিমা বেগম গৃহিনী।

‘এতো চাকরি থাকতে, সরকারি আমলা কেন?’-জানতে চাইলে তিনি বলেন, ছোটবেলায় একবার গ্রামে হাঁটের কাঁচা রাস্তা ধরে যাচ্ছিলাম, এমন সময় বয়সী এক লোক দৌড়ে এসে বললেন, ‘রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো… এসও (সার্কেল অফিসার যা বর্তমান ইউএনও পদমর্যাদার সমান) স্যার আসতেছেন।’
এরপর চোখে-মুখে এক ধরনের প্রশান্তিময় অভিব্যক্তি এনে বললেন, “ওই এসও স্যারকে পথ দিতে রাস্তা ছেড়ে ক্ষেতে নেমেছিলাম আমি। ওই সময় থেকেই মনে-মনে সংকল্প করি- ‘একদিন আমিও এসও হবো।’ হয়েও গেলাম।”

মেজবাহ উদ্দিন বলেন, ‘গলাচিপা, দৌলতখান, খুলনা- যেখানেই গেছি- চেষ্টা করেছি সেখানকার মানুষদের আপন করে নিতে। আন্তরিকতার সাথে চেয়েছি আমার কাছে আসা মানুষের কথা শুনতে।’ তিনি বলেন, ‘মানুষকে শোনাই আমার কাজ। একজন মানুষ অনেক কষ্ট করে আমার কাছে আসে তাঁদের সমস্যার কথা জানাতে। আমিই যদি তাঁদের সময় না দেই, তাঁদের সমস্যার কথা না শুনি- তাহলে তাঁরা কার কাছে যাবে ?

একফাঁকে চট্টগ্রামকে নিয়ে তাঁর ভাবনা-চিন্তার কথাও জানালেন তিনি। বললেন, ‘পরিপূর্ণভাবে বন্দর নগরী হিসেবে গড়ে তুলতে গেলে চট্টগ্রামকে নিয়ে ব্যাপক পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজন রয়েছে। শহীদদের স্মৃতি সংরক্ষণে এই চট্টগ্রামে আরও কাজ করা দরকার। দরকার যন্ত্রণাদগ্ধ নাগরিক মানুষের বিনোদনের জন্য আধুনিক একটি বৃহদাকার মিলনায়তন।’

জানালেন, জেলা প্রশাসক হিসেবে চট্টগ্রামে যোগ দেওয়ার পর জেলার প্রতিটি থানা, উপজেলাসহ ওয়ার্ডে-ওয়ার্ডে বেড়িয়েছেন তিনি। গ্রামেও যান সময় পেলে। সাধারণ মানুষের কষ্টকে বোঝার চেষ্টা করেন। তাঁদের জন্য কিছু করার চেষ্টা করেন।

তিনি বলেন, ‘জানি সব সমস্যার সমাধান হয়তো আমি করতে পারবো না। তারপরও মানুষ যখন আমার কাছে তাঁদের সমস্যা নিয়ে আসে তখন আমি সেগুলো নোটবইয়ে টুকে রাখি। এরপর সময় নিয়ে সেগুলো সমাধানের চেষ্টা করি।

তিনি বলেন, গত দুই বছরে শতশত কোটি টাকার উন্নয়ন হয়েছে চট্টগ্রামে। সরকারের পরিকল্পনার বাইরে নিজে উদ্যোগী হয়ে সার্কিট হউজের সৌন্দর্য বর্ধনের কাজ করেছি, ডিসি হিল ও ডিসি কার্যালয়ের সংস্কার করেছি।

জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের ব্যক্তিগত আগ্রহে সংস্কৃতি চর্চার জন্য এই নগরীতে একটি আধুনিক মিলনায়তন গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নের পথে। একই সাথে নগরীর শিল্পকলা একাডেমিকে সাজানো হচ্ছে নতুনভাবে।

জেলা শহরের প্রতিটি রাস্তা-ঘাট আগের চেয়ে অনেক ভালো হয়েছে দাবি করে তিনি বলেন, এখন ঝড়-জলোচ্ছ্বাসের আগেই জেলা প্রশাসন পৌঁছে যায় কাক্সিক্ষত মানুষের দরোজায়। মানুষের জীবনে ভালোবাসার চেয়ে বড় কোনো উপহার নেই- এই সত্যই আমাকে সবসময় মানুষের কাছাকাছি নিয়ে যায়। তবু মনে হয়- আমার আরও অনেক করার বাকি আছে এখনও।

ছবিয়াল : আকমল হোসেন রাওয়ি ও দূর্জয় বড়–য়া

সূত্র : চট্টগ্রাম প্রতিদিন