নতুন প্রজন্মকে স্বাধীনতার সম্মান রক্ষা করতে হবে-এম এ মালেক
ক্লিক প্রতিবেদক :: স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, একাত্তরের ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ আর দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা। এ স্বাধীনতা আমাদের কেউ দান করে নি। আমরা অর্জন করেছি। এ স্বাধীনতার সম্মান রক্ষা করতে এগিয়ে আসতে হবে নতুন প্রজন্মকে। নতুন প্রজন্মের সুবিধা বঞ্চিত শিশুদের আলোকিত মানুষ রূপে গড়ে তোলার মতো কঠিন অথচ আবশ্যিক একটি দায়িত্ব পালন করে চলেছে আলোর ঠিকানা। সাথে তারা পেয়েছে আরেকটি শিশুতোষ সংগঠন শেখ রাসেল স্মৃতি সংসদকে। এ ধরনের উদ্যোগ যতো বেশি হবে, সমাজ ততোটাই আলোকিত হবে, সুবিধা বঞ্চিত বলে কেউ যখন আর থাকবে না, তখনই স্বাধীনতার মূলপ্রাপ্তিটা অর্জিত হবে। গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর পুরাতন রেল স্টেশন এলাকায় সুবিধা বঞ্চিত শিশুদের সংগঠন আলোর ঠিকানা ও শিশুতোষ সংগঠন শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত লাল সবুজের উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
উৎসবের উদ্বোধন করেন একাত্তরের জননী, সাহিত্যিক, মুক্তিযোদ্ধা রমা চৌধুরী। শ্রমিক নেতা এস এম জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং লাল সবুজের উৎসবের সমন্বয়ক ঋত্বিক নয়নের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন তরুণ উদ্যোক্তা প্রকৌশলী ইফতেখার হোসেন, র্যাংকস প্রোপারটিজের পরিচালক তানভির সোবহান জালাল, কেন্দ্রীয় রেল শ্রমিক লীগ নেতা সিরাজুল ইসলাম ও রেলওয়ে, চট্টগ্রাম (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, রেল শ্রমিক লীগ , চট্টগ্রাম স্টেশন শাখার সাধারণ সম্পাদক কামাল পারভেজ বাদল, শেখ রাসেল স্মৃতি সংসদের সহ সভাপতি ও রেলওয়ের আইন পরিদর্শক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো: জুয়েল হোসেন প্রমুখ।
উদ্বোধন করতে গিয়ে একাত্তরে শহীদ প্রিয় সন্তানের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন মুক্তিযোদ্ধা রমা চৌধুরী। তিনি বলেন, একাত্তরের সংগ্রাম এখনো শেষ হয় নি। স্বাধীনতার মর্যাদা অক্ষুন্ন রাখতে হলে নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। নচেৎ তা মুহূর্তেই কেড়ে নেবে পরাজিত শক্তিরা।
বিশেষ অতিথির বক্তব্যে শ্রমিক নেতা সিরাজুল ইসলাম বলেন, জাতির জনকের কন্যা জননেত্রী মেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। ষড়যন্ত্র হচ্ছে, তা মোকাবেলা করেই আমাদের এগিয়ে চলতে হবে।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা রমা চৌধুরীর হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি এম এ মালেক। এছাড়া মুক্তিযোদ্ধা মরহুম নূরুল ইসলামের স্বজনের হাতেও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বাউল শিল্পী মানস পাল চৌধুরী ও তার দল, রিয়া দাশ পরিচালিত নৃত্য নিকেতন, ব্যান্ড অগ্নি, ব্যান্ড অধ্যায় ও কন্ঠ শিল্পী শাপলা, শেখ রাজিব, আরিফ, বর্ষা ও জুয়েল।