বিউটিলিড

ঈদে হাত রাঙাতে মেহেদি

নিজস্ব প্রতিবেদক :: প্রতিটা উৎসবে রাঙা হয় আমাদের জীবন। অন্য সময়গুলো যেভাবেই কাটুক না কেন, উৎসবের দিন হওয়া চায় রাঙা। উৎসবের দিনে অনেকেই অনেক ভাবে সাজিয়ে তুলতে চায়। তাছাড়া ঈদ মানেই আনন্দ। আনন্দের এই ক্ষণে মেহেদিতে হাত রাঙাতে কে না চাইবে ? ঈদের সাজে কেমন মেহেদি আপনার হাতকে রাঙিয়ে তুলতে উপযুক্ত সেটা জানাতেই আমাদের এই আয়োজন। একটা সময় ছিল যখন গাছ থেকে যেকোনো উৎসবে আগের রাতে মেহেদি সংগ্রহ করে বেটে তারপর হাতে লাগানো। তখন হাতে মেহেদির ডিজাইনটা হতো অনেকটা গতানুগতিক। তবে এখন দিন পাল্টেছে। গাছের মেহেদির পরিবর্তে এসেছে টিউব মেহেদি। তাতে যোগ হয়েছে রঙের ভিন্নতা।  লাল মেহেদি, কালো মেহেদি, তার সঙ্গে নতুন মাত্রা যোগ হয়েছে বাজারে পাওয়া হরেক রঙের রঙিন গ্লিটার।

মেহেদির নকশা নিয়ে এখন সবাই ভাবে। অনেকে আবার সাজের সাথে ম্যাচ করে মেহেদি দিয়ে হাত সাজানো হয়। নকশা হিসেবে ফুল, লতাপাতার সঙ্গে কলকি বেশ জনপ্রিয়। আল্পনাটা কখনো বা শোভা পাচ্ছে হাতের তালুর মধ্যে, কখনো বা ভাগ হয়ে আধাআধি তালুর নিচে। মেহেদির রঙ হিসেবে কালো মেহেদির ভেতর লাল মেহেদি দিয়ে তার ওপর পোশাকের সঙ্গে রং মিলিয়ে লাগিয়ে নিতে পারেন গ্লিটার মেহেদির বুটি। এতে আপনি খুব সহজেই নিজের হাত দুটি সাজের সাথে মানিয়ে নিতে পারবেন।

আবার আপনি চাইলে বাটা মেহেদিও হাতে লাগাতে পারেন। এর জন্য আপনাকে মেহেদি খুব মিহি করে বেটে নিতে হবে। তারপর ছেঁকে নিতে হবে ছাঁকনিতে। বাজারে খালি টিউব পাওয়া যায়। তা কিনে এনে তাতে ভরে নিতে পারেন সহজেই। অথবা বাটার পেপার ত্রিকোনা করে তাতে মেহেদি ভরে কোনাকুনি করে মুড়িয়ে টেপ দিয়ে আটকে  সুচ দিয়ে ছোট একটা ছিদ্র করে নিতে হবে। এরপর আপনি মনের মতো ডিজাইনে হাতে লাগাতে পারেন। খেয়াল রাখবেন মেহেদিরাঙা হাতের সঙ্গে লাল ও গোলাপি রঙের নেইলপলিশটা খুব ভালো লাগে দেখতে। নখে ফ্রেঞ্চ ম্যানিকিওর করালেও ভালো লাগবে।

মেহেদি দিয়ে হাত রাঙাতে হলে মেহেদি লাগানোর সময় একটু ঢিলেঢালা পোশাক পরতে হবে। তবে একটু গাঢ় রঙের পোশাক পরলে কাপড়ে মেহেদির দাগ হবে না। এরপর  হাত সাবান দিয়ে ধুয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে। কোনো ক্রিম বা ময়েশ্চারাইজার লাগানো যাবে না। পছন্দমতো মেহেদি লাগানোর পর কমপক্ষে এক ঘণ্টা হাতে মেহেদি রাখতে হবে। তারপর শুকিয়ে গেলে মেহেদিটা হালকা করে ঝরিয়ে নিতে হবে। তুলায় লেবুর রস বা চিনির শিরা লাগাতে পারেন। তবে মেহেদি থাকাকালীন পানি লাগানো যাবে না। দেখবেন আপনার হাত চমৎকার লাল হয়ে গেছে।

যারা হাত দুটি আরো চমৎকার করে কিংবা আরো একটু ফ্যাশনেবল করে তুলতে চান তারা ঈদের আগে বিউটি পার্লারে চলে যেতে পারেন। ঈদ উপলক্ষে বিউটি পার্লারগুলো সাজের ওপর ছাড় দিয়ে থাকে। সেক্ষেত্রে মেহেদি সাজের উপরও ছাড় পেতে পারেন ।