গৃহসজ্জারকমারিলাইফস্টাইললিডশিল্পাঙ্গন

আলোর বাতিঘর !

নূসরাত জাহান :: ধরুন আপনি একবার একটি জাহাজে উঠলেন। দরজা নক করলেন কেবিনের, দরজা খুলে দিলো পাবলো নেরুদা! অবাক হবেন? না হতভম্ব? কিন্তু এরপর কাঁচের দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখলের হালকা হলুদ আলোয় জাহাজের ডেকে দাঁড়িয়ে মুচকি হাসছেন দান্তে আলঘিয়েরি; পাশের এক গোলটেবিলে স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ আড্ডায় মেতেছেন একালের সুনীল, সমরেশ, আহমদ ছফা, মুনীর চৌধুরীদের সাথে ! আরেক পাশে গোলাকার এক জানালার সামনে গরম কফি হাতে ওরহান পামুক, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, নজরুল, সুকান্ত, মহাশ্বেতা, মধুসূদন !

কী ভাবছেন? লেখকের বুঝি মাথা খারাপ হয়ে গেছে? কিন্তু সত্যি যদি এমন হয়। সত্যি যদি এমন একটা কামড়া থাকে যেখানে দুনিয়ার তাবৎ লেখক, কববি, শিল্পী, চিত্রকর, পরিচালক, গল্পকার, নাট্যকার আপনার জন্য তাঁদের অমর কীর্তি নিয়ে অপেক্ষা করছেন? প্রাচীন চর্যাপদ থেকে উঠে এসেছেন পদকর্তাগণ-তখন?

সৃষ্টিতেই যদি ¯্রষ্টা অস্তিমান হয় তবে বন্দরনগরী চট্টগ্রামের বাতিঘর হচ্ছে সেই আলোর দিশা যেখানে পৃথিবীর যাবতীয় অগ্নিস্ফুলিঙ্গ ধ্রুপদী স্বরলিপির মতো সাজানো। হ্যাঁ,পাঠক বলছিলাম আপনাদের প্রাণের ঠিকানা বাতিঘরের কথা।

শিল্পী শাহিনুর রহমানের নিপুণ হাতে গড়া এর অঙ্গসজ্জা। দেখতে বিলাসবহুল একটি জাহাজের কেবিন। মেঝেতে কাঠের পাটাতন, ছাদ থেকে ঝুলছে নোঙর ফেলার মোটা মোটা দড়ি। কাঁচের জানালার ফ্রেমগুলোও ঠিক সমুদ্রগামী জাহাজের জানালার মতো। চোখে পড়বে পণ্যবাহী কনটেইনারও।

জাহাজের আদলে এর অভ্যন্তরীণ সজ্জা। তবে শুধু অভিনব আদলটিই এর একমাত্র বৈশিষ্ট্য নয়। এই সময়ে বাংলাদেশের অন্যতম আলোচিত বইয়ের দোকান এটি;কি পরিসরের দিক থেকে, কি বইয়ের বিষয়-বৈচিত্র্য ও সংগ্রহের দিক থেকে।

এই শীতাতপনিয়ন্ত্রিত সুপরিসর গ্রন্থবিপণিতে ঘুরেফিরে, দেখেশুনে বই কেনার ব্যবস্থা যেমন আছে, তেমনি আছে কফি কর্নারে বসে চা বা কফিতে চুমুক দিতে দিতে বই পড়া কিংবা ম্যাগাজিনের পাতায় চোখ বুলানোর ব্যবস্থাও। এছাড়া উপমহাদেশের যাবতীয় ছোটকাগজের এক বিশাল সিংগ্রহশালা এই বাতিঘর।

২০০৫ সালের ১৭ জুন নগরীর চেরাগী মোড়ে ১০০ বর্গফুটের এক ছোট্ট দোকান থেকে বাতিঘরের যাত্রা শুরু। মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করেছিলেন কবি নির্মলেন্দু গুণ। সাত বছরের মাথায় প্রায় দু’হাজার বর্গফুটের সুবিশাল পরিসরে উঠে এলো গ্রন্থবিপণিটি। বাতিঘরে এখন রয়েছে শতাধিক বিষয়, ৮০০০ লেখক ও ২৫০০ প্রকাশনা সংস্থার প্রায় ৯০ হাজার বই। অল্প কিছুদিনের মধ্যে এর সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

কী নেই এখানে। প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, উপন্যাস, অন্য ভাষার সাহিত্য, জীবনী ও আত্মজীবনী, ধর্মীয় বই, আত্মউন্নয়নমূলক বই, আইন, রান্নার বই, স্বাস্থ্য ও চিকিৎসা, মনোবিজ্ঞান, দর্শন, গণিত ও বিজ্ঞান, কল্পবিজ্ঞান, ভূতের বই, প্রকৃতি, চারুকলা, স্থাপত্যশিল্প, নাট্যতত্ত্ব, চলচ্চিত্র, ইতিহাস, রাজনীতি, সাংবাদিকতা ছাড়াও রয়েছে ইংরেজি বইয়ের বিশাল এক সম্ভার।

পাঠক ও ক্রেতার জন্য বাতিঘর সর্বদা প্রস্তুত তার সেবার দরজা নিয়ে। এখানে অনলাইনেও বই অর্ডার করতে পারেন আপনি। অন্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে, কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মূল্য পরিশোধ, গিফট ভাউচার, এছাড়া গ্রাহকদের চাহিদা অনুযায়ী দেশ-বিদেশ থেকে বই সংগ্রহ এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই পাঠানো হয়।

চট্টগ্রামের এক তরুণ কা-ারি দিপঙ্কর দাশ এর স্বপ্ন এভাবেই আজ হয়ে উঠেছে বন্দরনগরী চট্টগ্রামের হাজারো জ্ঞানপিপাসু মনন বিকাশের অনন্য এক বাতিঘর। এ যেন এক রুচিশীল, মননশীল জাতি গঠনের পক্ষে আলোর দিশারী হয়ে পথ প্রদর্শক !

ছবিয়াল : আরাফাত রূপক