নাবিক থেকে একুশে পদক পাওয়া বংশীবাদক
জালালউদ্দিন সাগর : হ্যামিলনের বাঁশির মতো যার বাঁশির সুর মন্ত্রমুগ্ধের মতো মানুষকে টানে তিনি ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বংশীবাদক। সংগীতে বিশেষ অবদানের জন্য তিনি ২০১৭ সালে একুশে পদক পান। একসময় সমুদ্রগামী জাহাজের নাবিক ছিলেন। জীবনে বহু সাগর পাড়ি দিয়েছেন তিনি । সাগরের বুকে নিঃসঙ্গ প্রহরগুলো কাটাতেন বাঁশি বাজানোর রেওয়াজ করে। বাঁশির সুরে সখ্যতা সমুদ্রের বিশাল ঢেউ আর পাখির সাথে। সে সময় স্বর্গীয় পান্নালাল ঘোষের বাজানো রেকর্ড এবং অন্যান্য বিখ্যাত শাস্ত্রীয় সংগীত শিল্পীদের রেকর্ডগুলো ছিল তাঁর নিত্যসঙ্গী। এরপর প্রায় পঞ্চাশ বছর শাস্ত্রীয় সংগীত সাধনায় নিবেদিত এই শিল্পীর হাতেখড়ি চট্টগ্রামের ঐতিহ্যবাহী আর্য সংগীত সমিতির শিক্ষক প্রিয়দা রঞ্জন সেনগুপ্তের কাছে। তার পর শিল্পী ওস্তাদ বেলায়েত আলী খানের শিষ্যত্ব গ্রহণ করেন এবং স্বাধীনতা পরবর্তীকালে বিশ্ববিখ্যাত সরোদবাদক ওস্তাদ বাহাদুর খানের শিষ্যত্ব নেন। পরবর্তীতে স্বর্গীয় প-িত পান্নালাল ঘোষের ঘনিষ্ঠ শিষ্য প-িতদেবেন্দ্র মুদ্রেশ্বর ও প-িত ভি,জি কার্নাডের কাছে তালিম নেন।
নিভৃতচারী এই বংশীবাদক ১৯৪৫ সালে পিতার তৎকালীন কর্মস্থল রাজবাড়িতে জন্মগ্রহণ করেন। জন্মস্থান রাজবাড়ি হলেও বিশ্বনন্দিত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিধন্য ব্রাহ্মণবাড়িয়ায় শিল্পীর গ্রামের বাড়ি। তবে শৈশবকাল থেকেই তিনি স্থায়ীভাবে বসবাস করছেন চট্টগ্রামে। চট্টগ্রাম মুসলিম হাই স্কুল থেকে মেট্রিক ও চট্টগ্রাম কলেজ থেকে আই,এস,সি পাস করে মেরিন একাডেমির প্রথম ব্যাচে যোগদানের মাধ্যমে সামুদ্রিক জীবনে প্রবেশ তাঁর। ওস্তাদ আজিজুল ইসলামের পিতা প্রয়াত রফিকুল ইসলাম এবং মাতা আজিজা খাতুন। শিল্পীর সহধর্মিণী ডা. আনজুমান আরা ইসলাম চট্টগ্রামের একজন সুপরিচিত শিশু বিশেষজ্ঞ। তাদের দুই কন্যা আমিনা ইসলাম ও দুর্দানা ইসলাম বর্তমানে কানাডায় বসবাসরত।
বহু সাংস্কৃতিক সংগঠন ও রোটারি ক্লাব শিল্পীর প্রচুর অনুষ্ঠানের আয়োজন করে। এ ছাড়া বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালাসহ বিভিন্ন মঞ্চ মুগ্ধ হয় তাঁর সুরে। বাংলাদেশ বেতার-ঢাকা এবং বাংলাদেশ টেলিভিশন, ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্র তাদের নিজস্ব মিলনায়তনে দর্শকের উপস্থিতিতে শিল্পীর বিশেষ অনুষ্ঠান ধারণ করে এবং পরবর্তীতে প্রচার করে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি একাধিকবার ওস্তাদ আজিজুল ইসলামের একক বংশীবাদন অনুষ্ঠানের আয়োজন করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে শিল্পকলা একাডেমির উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলনে তিনি অংশগ্রহণ করেন। জেলা শিল্পকলা একাডেমি-চট্টগ্রামের উদ্যোগেও শিল্পীর একক বংশীবাদন অনুষ্ঠান আয়োজন করা হয়। বিশ্ববিখ্যাত বেহালাবাদক পদ্মভূষণ প-িত ভি,জি যোগের সাথে এই শিল্পী যুগলবন্দি বাজান কলকাতার কলামন্দিরে এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। তবলায় সঙ্গত করেছিলেন উপমহাদেশের বিখ্যাত তবলাবাদক ওস্তাদ সাবির খান। জাতীয় প্রেসক্লাব তাদের নিজস্ব মিলনায়তনে একাধিকবার শিল্পীর বংশীবাদনের আয়োজন করে।

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন ঢাকা ও আশফাক নাজমা ফাউন্ডেশন যৌথ উদ্যোগে হোটেল সোনারগাঁ’য় এক অনুষ্ঠানে সংগীতে বিশেষ অবদানের জন্য শিল্পীকে স্বর্ণপদক ও ক্রেস্ট প্রদান করা হয়। ওস্তাদ আজিজুল ইসলাম বাংলাদেশের শ্রেষ্ঠ যন্ত্রসংগীত শিল্পী হিসেবে তিনবার সিটি সেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড লাভ করেন। সংগীতে বিশেষ অবদানের জন্য শিল্পীকে ডেইলি স্টার আয়োজিত ‘অদম্য চট্টগ্রাম-২০১২’ সম্মাননা প্রদান করা হয়। ২০১৬ সালের জানুয়ারিতে ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর স্কুল প্রাঙ্গণে দুই বাংলার সাহিত্যিক ও শিল্পীদের অংশগ্রহণে তিনদিনব্যাপী উৎসবে তাঁকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। চট্টগ্রামের পহেলা বৈশাখ উদ্যাপন পরিষদ শিল্পীকে সম্মাননাস্মারক প্রদান করে। শিল্পকলা একাডেমি-চট্টগ্রাম যন্ত্রসংগীতে বিশেষ অবদানের জন্য ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৪ প্রদান করে। ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির মাধ্যমে একাধিকবার চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠানের সূচনা হয়। বাংলাদেশ বেতার-চট্টগ্রামের সুবর্ণ জয়ন্তীতে তাঁকে সম্মাননাস্মারক পদক প্রদান করা হয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগীত বিদ্যাপীঠ ‘ছায়ানট ভবন’ শিল্পীর বঁংশীবাদনের মাধ্যমে উদ্বোধন করা হয়।
দেশ টিভিতে দেশের বরেণ্য ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান ‘বেলা অবেলা সারাবেলা’ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন আসাদুজ্জামান নূরের উপস্থাপনায় শিল্পীর সাক্ষাৎকার প্রচারিত হয়। এ ছাড়াও বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন চ্যানেলে শিল্পীর সাক্ষাৎকার প্রচার হয়েছে। ভারতের তারা মিউজিকের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ‘আজ সকালের আমন্ত্রণে’ অনুষ্ঠানে শিল্পী অংশগ্রহণ করেন। তারা নিউজে এ শিল্পীর বিশেষ সাক্ষাৎকার প্রচারিত হয়।
বিশ্ববিখ্যাত শাস্ত্রীয় সংগীত সম্মেলন ‘ডোভারলেন মিউজিক কনফারেন্স’-এর সুবর্ণ জয়ন্তীতে ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলামের পরিবেশনা দেশের জন্য বিরল সম্মান বয়ে আনে। এ অনুষ্ঠানের সিডি কলকাতার রামকৃষ্ণ মিশনের স্বামী বিবেকানন্দ হলে কিংবদন্তি সেতারবাদক ওস্তাদ বেলায়েত খাঁনের পরিবেশনার পূর্ব মুহূর্তে হল ভর্তি দর্শকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। সিডির প্রকাশক ভারতের হিন্দুস্থান মিউজিক প্রোডাক্টস্। ঢাকার জাতীয় জাদুঘরে দেশের একমাত্র সংগীত বিষয়ক পত্রিকা ‘মাসিক সরগম’ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে শিল্পীকে ওস্তাদ খেতাবে ভূষিত করা হয়।
উপমহাদেশের আরেক বিখ্যাত শাস্ত্রীয় সংগীত সম্মেলন উত্তরপাড়া সংগীত চক্র আয়োজিত অনুষ্ঠানে একাধিকবার ওস্তাদ আজিজুল ইসলাম তাঁর বাঁশি পরিবেশনের মাধ্যমে দর্শকদের বিমোহিত করেন। উত্তরপাড়া সঙ্গীত চক্র শিল্পীকে সম্মাননাস্মারক পদক প্রদান করে তাদের ৫৩ তম সঙ্গীত সম্মেলনে। সিঙ্গাপুর-ইন্ডিয়ান ফাইন আর্টস অ্যাসোসিয়েশন (ঝওঋঅঝ) আয়োজিত সিঙ্গাপুরে ‘ইন্টারন্যাশনাল মিউজিক কনফারেন্স ফর ইন্ডিয়ান ক্ল্যাসিকাল মিউজিক অ্যান্ড ড্যান্স’-এর অনুষ্ঠানে ওস্তাদ আজিজুল ইসলামের বংশীবাদন বাংলাদেশের শাস্ত্রীয় সংগীতের শক্তিমত্তাকে আন্তর্জাতিক পরিসরে পরিচয় করিয়ে দেয়।
উল্লেখ করা যেতে পারে, ওই সংগীত সম্মেলনে কেবলমাত্র কিংবদন্তি শিল্পীরাই অংশগ্রহণের সুযোগ পান। এখন পর্যন্ত তিনিই একমাত্র বাংলাদেশি শিল্পী- যিনি উল্লিখিত সম্মেলনে বংশীবাদনের বিরল সুযোগ পান এবং দেশের জন্য বিরল সম্মান বয়ে আনেন।
২০১৬ সালে ২৭ মে ১১৭তম নজরুল জন্মজয়ন্তীতে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাঁশি পরিবেশন করেন ওস্তাদ আজিজুল ইসলাম। শিল্পীর বাদনে মুগ্ধ হয়ে তারই ধারাবাহিকতায় ১৪ জুন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বাঁশিবাদনের জন্য তাৎক্ষণিক আমন্ত্রণ জানানো হয়। দুই বাংলার দুই নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল জন্মজয়ন্তীতে শিল্পীর বাঁশিবাদন শিল্পীর সংগীত জীবনে বিশেষ গুরুত্ব বহন করে।
দেশের বহু গুণীজন শিল্পীর গুণমুগ্ধ। প্রয়াত ভাষাসৈনিক কবি মাহাবুব উল আলম চৌধুরী বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে শিল্পীর বাঁশি শুনে ‘বাঁশির কান্না’ নামক কবিতা রচনা করেন। দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগীতজ্ঞ ও সাংবাদিক প্রয়াত ওয়াহিদুল হক এবং বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও প্রাক্তন সচিব প্রয়াত সাঈদ আহমদ শিল্পীর ভীষণ গুণমুগ্ধ ছিলেন। এই তিন গুণীর সম্মানে শিল্পী তিনটি সিডি উৎসর্গ করেন।
বাংলাদেশে লেজার ভিশন বিভিন্ন সময়ে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিল্পীর ৪টি অডিও সিডি, একটি ভিসিডি এবং একটি ডিভিডি প্রকাশ করেছে। বিভিন্ন সময়ে দেশে ও বিদেশে শিল্পীর সাথে তবলায় সঙ্গত করেন উপমহাদেশের শীর্ষস্থানীয় তবলাবাদক ওস্তাদ সাব্বির খান, প-িত সমর সাহা, প-িত শুভেন চট্টোপাধ্যায়, প-িত অংশুভা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সংগীতের প্রথাগত শিক্ষার চেয়ে আত্মানুসন্ধানের ভঙ্গিতে সত্য ও সুন্দরের খোঁজে ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম ক্রমে ক্রমে হয়ে ওঠেন এক আত্মপ্রত্যয়ী সুরস্রষ্টা। তার শিল্পী জীবন উৎসর্গীকৃত হয়েছে শিল্পের উৎকর্ষ লাভের আকাক্সক্ষায়।