আপনার স্বপ্ন বাস্তবায়নে নিত্য সারথি যাঁরা ..
জালালউদ্দিন সাগর : ইভেন্ট ম্যানেজমেন্ট। ইভেন্ট এর বাংলা অর্থ অনুষ্ঠান বা ঘটনা আর ম্যানেজমেন্ট শব্দের অর্থ ব্যবস্থাপনা। শাব্দিক অর্থে ইভেন্ট ম্যানেজমেন্ট বলতে যে কোনো ঘটনার যাবতীয় ব্যবস্থাপনাকে বোঝায়,বাস্তবিক ধারণাও তাই। কোনো ঘটনা, অনুষ্ঠান বা কোনো আয়োজন সম্পন্ন করতে সার্বিক কার্যক্রম পরিচালনা করাই হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। হোক তা কোনো একজন মৃতের দাফন কিংবা শ্রাদ্ধ। সহজভাবে বলতে গেলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনের প্রতিটি ঘটনা ,উৎসব কিংবা আয়োজনই এক-একটি ইভেন্ট। আপনার প্রয়োজনে যে কোনো ঘটনা বা আয়োজনকে সঠিক পরিকল্পনার সফলভাবে বাস্তবায়ন করাই হলো ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিতষ্ঠানের কাজ।
ধরুন আপনার পরিবারে একটি বিয়ের অনুষ্ঠান হবে, এর জন্য কমিউনিটি সেন্টারের সঙ্গে কন্ট্রাক্ট করা, গাড়ি ভাড়া করা, ডেকোরেশন, আপ্যায়ন, কার্ড ছাপানো প্রভৃতি কাজ আপনাকে করতে হবে; কিন্তু এসব কাজের পেছনে খুব বেশি সময় বের করা আপনার পক্ষে সম্ভব নয়। তাই আপনার এই কাজগুলোর দায়িত্ব দিতে পারেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কাছে। তাদেরকে আপনার চাহিদার কথা বলুন, বাজেট, সময়, মান সব ব্যাখ্যা করুন। এবার ওই প্রতিষ্ঠানই সব কাজ সম্পন্ন করে দেবে। এটাই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ।
যেকোনো অনুষ্ঠান আয়োজনে বাড়তি ঝামেলা থেকে আপনাকে মুক্তি দেবে ইভেন্ট ম্যানেজমেন্ট। আমাদের দেশে ব্যক্তিগত কাজে বা অনুষ্ঠানে এখনো ইভেন্ট ম্যানেজমেন্টের চাহিদা খুব বেশি প্রসারিত হয়নি। তবে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে এর ব্যাপক চাহিদা রয়েছে। মেলা, ফ্যাশন শো, কনফারেন্স আয়োজন, মিটিংয়ের আয়োজন, জন্মদিন, বিয়ে, পার্টি, ভ্রমণ ইত্যাদি যেকোনো কাজ ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সম্পন্ন করতে পারে।
ইভেন্ট প্রতিষ্ঠানগুলো মূলত আপনার বাজেটের ওপর নির্ভর করে সব আয়োজন করবে। কম খরচের আয়োজন এবং বেশি খরচের আয়োজন ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। তবে নির্দিষ্ট বাজেটে আপনি নিজে যেভাবে আয়োজন ম্যানেজ করতে পারবেন ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান ওই একই বাজেটে তার চেয়ে শতগুণ ভালো করে আয়োজনটি করে দিতে পারবে আপনার জন্য।
চট্টগ্রামে ইভেন্ট পরিচালনার গোড়াপত্তন হয় ১৯৭৪ সালের দিকে। চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ’র হাত ধরে। চট্টগ্রাম চারুকলা কলেজের শিক্ষার্থী থাকা অবস্থায় বিভিন্ন আনুষ্ঠানিকতায় নান্দনিকতার ছোঁয়া আনা শুরু করেন বিভিন্ন উৎসবে। আহমেদ নেওয়াজ বলেন, ১৯৭৪ সালে বেতবুনিয়ায় উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করতে শেখ মুজিবুর রহমান আসেন চট্টগ্রামে। তখন তিনি রাইজানে শিক্ষা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান উদ্বোধন করেন- সে অনুষ্ঠানের ইভেন্ট প্লানার ছিলাম আমি। ১৯৭৬ সালে প্রথম শুরু হওয়া রপ্তানি মেলা ইভেন্ট পরিচালনা করেন তিনি। এ ছাড়া চট্টগ্রামের বাণিজ্য মেলা,চট্টগ্রামের প্রথম পহেলা বৈশাখের আয়োজনও তাঁর হাত ধরেই। জানালেন আহমেদ নেওয়াজ। প্রথম দিকে তিনি ব্যক্তিগতভাবে ইভেন্ট পরিচালনা করলেও পরবর্তীতে তিনি গড়ে তোলেন চট্টগ্রামে প্রথম ইভেন্ট অর্গানাইজেশন ‘হোপট্রেড’।
চট্টগ্রামে আহমেদ নেওয়াজ’র হাতে শুরু হওয়া ইভেন্ট ব্যবসা পরবর্তীতে হাত পা ছড়িয়েছে অনেক দূর। আহমেদ নেওয়াজ বলেন, একসময় মানুষ ইভেন্ট কি সেটাই বোঝতো না আর এখন ইভেন্ট প্রতিষ্ঠান ছাড়া কারো চলে না। তিনি বলেন, আধোআলোর একটি কনসেপ্টকে প্রতিষ্ঠিত করতে অনেক কষ্ট করতে হয়েছে। গোলাম হোসেন ডেকোরেটার্স সে সময়ে চট্টগ্রামে ইভেন্ট কনসেপশন নিয়ে কাজ করতো বলেও জানান তিনি।
হোপট্রেড বা আহমেদ নেওয়াজ এ পর্যন্ত কোন কোন ইভেন্ট সফলভাবে শেষ করেছে জানতে চাইলে তিনি বলেন, ৭০ দশক থেকে শুরু করে ২০০০ সাল পরবর্তী সময় পর্যন্ত চট্টগ্রামে এককভাবে কাজ করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য, বিএসআরএম, পিএইচপি, জিপিএইচ, এসআলম গ্রুপসহ বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানে কর্পোরেট ইভেন্টগুলো একসময় আমি করতাম। প্রথম থেকেই রিহাব ফেয়ারের ইভেন্টগুলোও করেছেন তিনি। তিনি আরও জানান, বর্তমান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ’র বিয়ের ইভেন্টও করেছেন তিনি।
একসময় এককভাবে হোপট্রেড ইভেন্ট ব্যবসার চালকের আসনে থাকলেও ২০০৪ সালে স্বাদি ইভেন্টের যাত্রা শুরু হয় চট্টগ্রামে। এরপর ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় চিটাগাং ইভেন্ট। পরবর্তীতে সিক্স ইভেন্ট, পিটুপি ইভেন্ট অ্যান্ড কমিউনিকেশন, রেড কার্পেট, লামোর, ক্রিয়েটিভ ইভেন্ট, বিন্দু অ্যাড অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ও মিরর ইভেন্টসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
চট্টগ্রাম নগরীর সফল ডেকোরেশেন ব্যবসায়ী মো.সাহাবউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে চিটাগাং ইভেন্ট এর যাত্রা শুরু হয় ২০০৬ সালে। চেয়ারম্যান হিসেবেও দায়িত্বপালন করেন তিনি। ওই সময়ে চিটাগাং ইভেন্ট’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেন তরুণ উদ্যোক্তা ও সৃজনশীল ব্যক্তি আশরাফুল ইসলাম আলভী। নাজমুল বিন রুবায়েত, নির্ঝর চক্রবর্তীসহ এক ঝাঁক তরুণ। নগরীতে ইভেন্ট ব্যবসাকে দ্বিতীয় পর্যায়ে পরিচিত ও প্রতিষ্ঠিত করেন তাঁরা।
আশরাফুল ইসলাম আলভী, নাজমুল বিন আবেদিন রুবায়েত, নির্ঝর চক্রবর্তিসহ বেশ কয়েকজন কর্মকর্তা ২০১০ সালে চিটাগাং ইভেন্ট’র দায়িত্ব ছেড়ে দিলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন সাহাব উদ্দিন’র মেয়ে আয়েশা বেগম। এবং সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মঞ্জুরুল ইসলাম রায়হান।
সফল ডেকোরেটার্স ব্যবসায়ী সাহাবউদ্দিনের ব্যক্তি ইমেজ ও পরিচিতিকে কাজে লাগিয়ে আবারও ঘুরে দাঁড়ায় এই প্রতিষ্ঠানটি। চট্টগ্রাম জেলা পুলিশ, সিএমপি, সিটি কর্পোরেশন, বন্দর, কাস্টম, শিপিং কর্পোরেশনসহ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগমনের অনুষ্ঠানসহ কর্পোরেট প্রতিষ্ঠানের বাৎসরিক ইভেন্টগুলোর দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে শুরু করেন এই প্রতিষ্ঠানের চৌকস কর্মকর্তারা। চট্টগ্রামে ফার্নিচার মেলা আয়োজনে একক সুনামে অধিকারী এই প্রতিষ্ঠানটি।
চট্টগ্রামে স্বনামে পরিচিত কয়েকজন ইভেন্ট স্পেশিয়ালিস্টকে সঙ্গে করে ২০১৩ সালে যাত্রা শুরু সিক্স ইভেন্টস এর। কাজের গুণগতমান, প্রফেশনালিজম ও আন্তরিকতার কারণে খুব অল্প সময়ের মধ্যে নজর কাড়ে সবার। বিশেষ করে বাংলাদেশ পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরের বাৎসরিক ইভেন্টগুলো পেতে শুরু করে সিক্স ইভেন্টস।
রেস্টুরেন্ট ব্যবসার আধুনিকতার কারিগর, সফল রেস্টুরেন্ট ব্যবসায়ী,তরুণ উদ্যোক্তা মনজরুল হক মনজু সিইও হিসেবে দায়িত্ব নেন সিক্স ইভেন্ট’র। মূলত মনজুরুল হকের ব্যক্তি পরিচিতি বিচক্ষণতায় ধীরে ধীরে চট্টগ্রামের সফল ইভেন্ট ব্যবসা পায় সিক্স ইভেন্ট।
সিক্স ইভেন্টের কর্মকর্তা ফরহাদ জানান, বাংলাদেশ পুলিশ, কোস্টগার্ড, আর্মি, নেভিসহ চট্টগ্রামে অনুষ্ঠিতি প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানের বেশ কয়েকটি ইভেন্ট করেছে সিক্স ইভেন্ট। এ ছাড়া রেডিসন ব্লু, পিএইচপি, আবুল খায়ের গ্রুপ, স্মার্ট জিন্স গ্রুপ, এস আলম, ব্রিটিশ আমেরিকান টোবাকো, অ্যাপোলো হাসপাতালের বিভিন্ন ইভেন্ট নিয়মিত করে থাকে সিক্স ইভেন্টস।
পিটুপি ইভেন্টস ও কমিউনিকেশন’র যাত্রা শুরু হয় ২১ জানুয়ারি ২০১৫। ইভেন্ট ব্যবসায় বেশ কিছুদিন দূরে থাকা আশরাফুল ইসলাম আলভী, নাজমুল বিন আবেদিন রুবায়েত ও নির্ঝর চক্রবর্তীসহ চিটাগাং ইভেন্টস ছেড়ে আসা সফল ইভেন্টস প্ল্যানারদের নিয়ে পিটুপি শুরু করেন আশরাফুল ইসলাম আলভী। সৃজনশীলতা এবং পূর্বের সুনামকে কাজে লাগিয়ে খুব অল্প দিনে পিটুপি ইভেন্টস হয়ে ওঠে ভোক্তাদের আস্থার একটি স্থান।
দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ইভেন্টের কাজগুলো কড়া নাড়তে শুরু করে পিটুপির দুয়ারে। পিটুপি’র এক্সিকিউটিভ ডাইরেক্টর নির্ঝর চক্রবর্তী জানান, বন্দর, সিডিএ, ট্যাক্স কমিশন, চট্টগ্রাম চেম্বার, ফুলকলি, পিএইচপি, রোটারি ক্লাব, বিএসআরএম, বাংলাদেশ পুলিশসহ বেশ কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানির কাজ নিয়মিত করে থাকে পিটুপি।
পিটুপির এক্সিকিউটিভ ডাইরেক্টর রুবায়েত জানান, ইভেন্ট ম্যানেজমেন্ট এমন একটি ব্যবসা যে ব্যবসার মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ী মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে উঠে। মূলত সে সম্পর্কের সূত্র ধরেই খুব অল্প দিনে পিটুপি এগিয়েছে অনেক দূর। জানান রুবায়েত।
‘রেড কার্পেট’ এর জন্ম চট্টগ্রাম শহরের স্বপ্নবাজ তরুণ আবু বকর শাহেদ (শান) এর হাত ধরে ২০১৩ সালে। দীর্ঘ দিনের স্বপ্নের সারথি ও সহধর্মিণী লামিয়া তাবাসসুম নিশাতকে সাথে নিয়ে নগরীর চেরাগি পাহাড়ের শাহ আনিস মার্কেটের ৩য় তলায় একটি অফিস ভাড়া করে শুরু হয় যাত্রা। ধীরে ধীরে তাদের পরিধি ও কার্যক্রম বাড়তে থাকে। ২০১৪ সালে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ টুর্নামেন্ট আয়োজনের ‘বুক মাই শো’ নামক প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে দায়িত্ব পালন করে। এরপর হতে আর তাদের ফিরে তাকাতে হয়নি। গায়ে হলুদ বিয়ে, জন্মদিনসহ বাইকফেস্ট, পিএইচপি মোটরফেস্ট ইত্যাদির মতো আয়োজনও সুচারুরূপে করে এসেছে রেড কার্পেট।
রেড কার্পেট ছোটখাটো প্রতিষ্ঠান হলেও এর স্বপ্ন আকাশছোঁয়া। প্রথম বছরেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আবু বকর শাহেদ (শান) রেড রক ফিয়েস্তা নামক একটি সিগনেচার ইভেন্ট আয়োজন করেন। প্রথম বছরেই আশাতীত সাড়া পেয়ে পর পর ২০১৪, ২০১৭ ও ২০১৮ সালেও এই ইভেন্টের ধারাবাহিকতা বজায় থাকে।
এ ছাড়াও চলতি বছরের শুরুর দিকে এককভাবে ‘চট্টগ্রাম ফুড ফিয়েস্তা ২০১৯’ ও ফেব্রুয়ারিতে যৌথভাবে ‘চিটাগাং কমিক কন’ আয়োজন করে। রেড কার্পেট তার গ্রাহকদের সর্বোচ্চ পর্যায়ের সেবা দেয়া ও তাদের সন্তুষ্টি অর্জনে শতভাগ নিষ্ঠার সাথে কাজ করে থাকে। প্রতিষ্ঠানটির সেবাসমূহের মধ্যে ওয়েডিং প্ল্যানার, কনসার্টস ও মিউজিক্যাল ইভেন্ট, কর্পোরেট ইভেন্ট, এক্টিভেশন, এডভার্টাইজিং মিডিয়া, ফ্যাশন শো, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি উল্লেখযোগ্য।
২০০৮ সালে বিএমএ চট্টগ্রাম অঞ্চলের বার্ষিক সায়েন্টিফিক সেমিনার ও সাস্কৃতিক অনুষ্ঠানের ইভেন্ট সম্পাদনার মধ্য দিয়ে যাত্রা করে বিন্দু অ্যাড অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। নগরীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে তিনদিনব্যাপী আয়োজন সফলভাবে সম্পন্ন করে নবাগত এই ইভেন্ট প্রতিষ্ঠানটি। ২০১৫ সালে থেকে ক্লিক ম্যাগাজিন’র ইদ ফ্যাশন ও ক্লিক চট্টলার বীর সম্মাননা অনুষ্ঠান নিয়োমিতভাবে পরিচালনা করে আসছে এই প্রতিষ্ঠানটি।