প্রদর্শনীলিডসাহিত্য

ঈদে শিশুদের চাই পছন্দের পোশাক

নিজস্ব প্রতিবেদক :: ঈদ মানে আনন্দ। এক অন্যরকম আবেশ। ঈদকে ঘিরে শিশুদের আনন্দ অনেক বেশি। ঈদকে ঘিরে তাদের কতরকমের যে পরিকল্পনা তৈরি হয়! কোনটা কিনতে হবে সেসব ভাবনা তাদের মাথায় ঘুরতে থাকে রমজান মাস শুরু হবার সাথে সাথেই। কারণ এ সময় তাদের চাই মনের মতো পোশাক।

শিশুদের পোশাক ইতোমধ্যে বাজারে হাজির হয়ে গেছে। সময় এবং শিশুদের চাহিদা মিলিয়ে ফ্যাশন হাউসগুলো নিয়ে এসেছে বাহারি রঙের পোশাক। শিশুদের পছন্দের দিকে নজর রেখে এসব হাউসগুলোর তৈরি পোশাকে হাতের কাজ, কারচুঁপি, অ্যাপ্লিক, রিবনের কাজের পোশাক আনতে আগ্রহ দেখাচ্ছে। প্রজাপতির ডানা, কাপড়ের ফুল, টুনটুনি পাখি- মোটিফ হিসেবে সবই দেখা যাচ্ছে।

ছোট ছেলেদের পোশাকেও ভালো লাগার ছাপ লক্ষ করা যাচ্ছে। ছেলেদের শার্ট বা ফতুয়ায় প্রাধান্য পাচ্ছে হাফহাতা এবং হাতাছাড়া কাট। লং এবং কোয়াটার দুই টাইপের পছন্দ তাদের। সাদা পাঞ্জাবির পাশাপাশি রঙিন পাঞ্জাবি বেশ পছন্দ ছেলেশিশুদের।

শিশুদের আরামের দিকে খেয়াল রেখে সুতির পোশাকও আনছে ফ্যাশন হাউসগুলো। এসব কালেকশনে থাকছে ভয়েল, বেক্সি ভয়েল, কটন জর্জেট, অ্যান্ডি। পাশাপাশি নজর রাখছে কালার প্যালেটেও। কন্ট্রাস্ট কালারও খুব চলবে বলে আশা করছে তারা।

ঈদের সময় বর্ষার কথা ভেবেই হাউসগুলো প্রাধান্য দিচ্ছে সুতির পোশাককে। ফ্যাশন ডিজাইনার জাহিদ বলেন, আমরা সবসময় শিশুদের পছন্দের বিষয়টি মাথায় রেখে পোশাক আনার চেষ্টা করি। এবার যেহেতু বর্ষার সময় ঈদ হবে, তাই শিশুদের ক্ষেত্রে আরামের জন্য আমরা মনোযোগ দিচ্ছি সুতিতে।

শিশুদের পোশাক পাওয়া যাবে দেশের বিভিন্ন মার্কেটগুলোতে। তবে ব্যান্ডের কথা ভাবলে বলতে হয়- কে-ক্র্যাফট, দেশি দশ, আড়ং, জয়িতা, সাদা কালো, শৈল্পিক, রওশনস, স্বদেশপল্লী, শৈশব সহ দেশের প্রধান প্রধান ব্র্যান্ডগুলোতে পাওয়া যাবে শিশুদের এসব ঈদের পোশাক।

এছাড়া মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা, সানমার, লাকি প্লাজা, আক্তারুজ্জামন সেন্টার,  রেয়াজউদ্দিন বাজার শিশুদের পোশাকের জন্য অত্যন্ত জনপ্রিয় ।

                                                                                                                                                             ছবিয়াল : দূর্জয় বড়–য়া